/ হোম / টাঙ্গাইল সদর
টাঙ্গাইলে মহিলা আওয়ামীলীগের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে মহিলা আওয়ামীলীগের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত

একতার কণ্ঠ:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ঝাঁড়ু মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিত, সাবেক সহ-সভাপতি শাহনাজ খান নার্গিস ও শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার প্রমূখ নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২২ ১০:৪৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে জেএমবি সদস্যের পাঁচ বছরের কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে জেএমবি সদস্যের পাঁচ বছরের কারাদণ্ড

একতার কণ্ঠঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (৩০ মে) বিকেলে জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ আদেশ দেন। রায়ে দণ্ডিত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডিত সুমন আকন্দ (৪০) বরিশাল জেলার কোতোয়ালি থানার কাওয়ার চর গ্রামের মকবুল আকন্দের ছেলে।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৯ সালের ৩১ আগস্ট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) টাঙ্গাইল শহরতলীর নগরজলফৈ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সুমন আকন্দ ওই চেকপোস্টের কাছে আসার পর তাকে তল্লাশির জন্য র‌্যাব সদস্যরা সংকেত দেন। এসময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। তার ব্যাগ থেকে চারটি জিহাদি বই, একটি স্টিলের ছুরি, চাকু, লোহার বাটালসহ কিছু দেশীয় অস্ত্র ও মেকানিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সদস্য বলে স্বীকার করেন। তিনি ঢাকার রামপুরা এলাকায় অবস্থান করে জঙ্গিবাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। নাশকতার উদ্দেশ্যে টাঙ্গাইল এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

ওইদিনই র‌্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইলের তৎকালীন কোম্পানির উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সুমন আকন্দকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত সুমন আকন্দকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২২ ০৩:৩৪:এএম ৪ বছর আগে
সরকার পতনের চূড়ান্ত বাঁশি বেজে গেছে: আহমেদ আযম - Ekotar Kantho

সরকার পতনের চূড়ান্ত বাঁশি বেজে গেছে: আহমেদ আযম

একতার কণ্ঠ: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আহমেদ আযম খান বলেছেন, ‘স্বৈরাশাসক এরশাদের পতনের জন্য ৯ বছর লেগেছিলো। এ সরকার তার চেয়েও অনেক বেশি কর্তৃত্ববাদি অনেক বেশি স্বৈরাশাসক। আমরা এই সরকারের বিরুদ্ধে প্রায় ১৪ বছর ধরে আন্দোলন করছি। বেশি সময় লাগার কারণ হচ্ছে এ সরকার সমস্ত প্রশাসনকে কৌশলে পকেটে পুড়েছে। আজকে বিচার ও শাসন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অনুকূলে। চূরান্ত আন্দোলনের বেজে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের পতন হবে।

সোমবার (৩০ মে) দুপুরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও রান্না করা খাদ্য বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সভায় অন‌্যদের মধ‌্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটো, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

আহমেদ আযম খান বলেন, ‘যে কথা বলি সে কথাও মিডিয়ায় আসতে পারে না। আপনারও ভয় পান। ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১২টি আইন করে মিডিয়ার গলা টিপে ধরে রাখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের সরকারের রাজত্ব বেড়ে গেছে। তাদের নেতৃত্বে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এ সরকারের চিত্রই হচ্ছে লুটপাট এবং প্রতিহিংসার রাজনীতি। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি এ দেশকে ভালোবাসার রাজনীতি করে। এ দেশের মানুষের জন্য রাজনীতি করে।’

পদ্মা সেতুর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুকে কেন্দ্র করে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। সরকার বলে এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা। কিন্তু সেতু নির্মাণে বাজেট ছিলো ১০ হাজার কোটি টাকা। কিন্তু মূল বাজেট কেউ জানে না। ৩০ হাজার, ৪০ হাজার নাকি এক লাখ কোটি টাকা। সেই চিত্র ভয়াবহ, সেই চিত্র লুটপাটের।’

এর আগে সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা।

 

সর্বশেষ আপডেটঃ ৩০. মে ২০২২ ০৯:৪৬:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দ্বিতীয়দিনের অভিযানে ৫ ক্লিনিক সিলগালা - Ekotar Kantho

টাঙ্গাইলে দ্বিতীয়দিনের অভিযানে ৫ ক্লিনিক সিলগালা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে দ্বিতীয়দিনের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও ১৫দিনের সময় দিয়ে একটি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শনিবার (২৮ মে) প্রথমদিনের অভিযানে ডিজিল্যাব ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানাসহ রোববার (২৯ মে) পর্যন্ত সময় দেয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ায় আজ সেটি সিলগালা করা হয়েছে।

রোববার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলায় ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের ন্যায় টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অনিবন্ধিত ক্লিনিক বন্ধে অভিযান শুরু করে প্রশাসন। অভিযানের দ্বিতীয়দিনে সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে বৈধ কোন কাগজপত্র না থাকায় তাৎক্ষনিত বন্ধ ঘোষণা করে চারটি ক্লিনিক সিলগালা করা হয়। এছাড়া একটি হাসপাতাল মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলগালাকৃত ক্লিনিকগুলো হলো, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার রোকেয়া ক্লিনিক, করটিয়া ডিজিটাল ক্লিনিক ও মিতালী ক্লিনিক ও টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর চক্ষু হাসপাতাল। এছাড়া ১৫দিনের সময় দিয়ে খিদমা স্পেশালাইজড হাসপাতালকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন জানান, যথাযথ আইন অনুসরণ না করে পরিচালিত হওয়ায় শহরের আশেকপুর চক্ষু হাসপাতাল, করটিয়ার মিতালি ক্লিনিক, ডিজিটাল ক্লিনিক, নিউ রোকেয়া ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়া শহরের খিদমা হাসপাতালকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। বৈধ, অনুমোদনহীন ও যথাযথ আইন অনুসরণ না করে পরিচালিত সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এছাড়া শনিবার পরিচালিত অভিযানে ডিজিল্যাবে সিজারিয়ান রোগী থাকায় ৩০হাজার জরিমানা করে রোবার দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। আজ সেটিও সিলগালা করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।

সর্বশেষ আপডেটঃ ২৯. মে ২০২২ ১১:১০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান; ৪টি ক্লিনিক সিলগালা - Ekotar Kantho

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান; ৪টি ক্লিনিক সিলগালা

একতার কণ্ঠ: টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিক বন্ধ করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মে) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুআরা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টা পর্যন্ত অভিযানে কোন বৈধ কাগপত্র না থাকায় চারটি ক্লিনিক সিলগালা ও দুইটি ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে।

সিলগালাকৃত ক্লিনিকগুলো হচ্ছে, স্বদেশ স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিজি ল্যাব, পদ্মা ক্লিনিক, আমানত ক্লিনিক অ্যান্ড হসপিটাল।

এছাড়া দি সিটি ক্লিনিকে ২০ হাজার টাকা এবং কমফোর্ড হাসাপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুআরা খাতুন জানান, কোন বৈধ কাগপত্র না থাকায় এখন পর্যন্ত ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। অভিযান এখনো চলছে। অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. মে ২০২২ ০৮:১৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যুবদলের মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবদলের মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

একতার কণ্ঠ: সুলতান সালাউদ্দিন টুকুকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি করায় ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

এ উপলক্ষে শুক্রবার (২৭ মে) বিকেলে শহরে পথসভা ও আনন্দ মিছিল শেষে দলীয় নেতাকর্মী আর পথচারিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ।

এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, শ্রমিক দল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের আহ্বয়ক দূর্জয় হোড় শুভসহ জেলা মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠণের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে (২৭ মে )সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. মে ২০২২ ০২:৫৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে জাতীয় পার্টিতে ৪০ জনের যোগদান - Ekotar Kantho

টাঙ্গাইলে জাতীয় পার্টিতে ৪০ জনের যোগদান

একতার কণ্ঠ: টাঙ্গাইলে ৪০ জন জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শুক্রবার (২৭ মে) সকালে শহরের মেইন রোডে দলীয় জেলা কার্যালয়ে ওই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার আহ্বায়ক আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন ও জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার প্রমূখ।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফকির শাহ আলম, অ্যাডভোকেট শামসুল আলম লাল, আবুল হোসেন, আবু তায়েব ও আ. কাদের তুলা, জাতীয় পার্টির নেতা মীর ওয়ারেজ আলী লিউ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আ. রাজ্জাক প্রমুখ।
এ সময় জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে যোগদানরত নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন বক্তারা।

সর্বশেষ আপডেটঃ ২৭. মে ২০২২ ১০:২৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ৩ হাজার ৬০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ৩ হাজার ৬০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

একতার কণ্ঠ: টাঙ্গাইলে ৩ হাজার ৬০১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৭মে)ভোরে সদর উপজেলার পিচুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি উপজেলার পিচুরিয়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আলম মিয়া (৪৫)।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

শুক্রবার (২৭ মে)দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। আটককৃত মাদক কারবারি আলম মিয়ার বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. মে ২০২২ ১০:৫০:পিএম ৪ বছর আগে
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

একতার কণ্ঠ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুলতান সালাউদ্দীন টুকুকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোনায়েম মুন্নাকে।

অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-মামুন হাসান, সহ-সভাপতি-নুরুল ইসলাম নয়ন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক-গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক-ইসাহাক সরকার ও দফতর সম্পাদক-কামরুজ্জামান দুলাল (সহ-সভাপতির পদ মর্যাদায়।

সর্বশেষ আপডেটঃ ২৭. মে ২০২২ ০৯:২৬:পিএম ৪ বছর আগে
সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই - Ekotar Kantho

সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

একতার কণ্ঠ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন-সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই।

শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমে অসুস্থ হওয়ার পর তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এছাড়া, তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু শোক জানিয়েছেন।

প্রকাশ,গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।

তিনি ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে দু’বার আওয়ামী লীগের প্রার্থী খোন্দকার আবদুল বাতেনকে পরাজিত করেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. মে ২০২২ ০১:৩১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

একতার কণ্ঠ: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে ঢাকায় ছাত্র দলের নেতা কর্মীদের হামলার তীব্র নিন্দা জানান। ভবিষ্যতে এইসব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তারা।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৬. মে ২০২২ ০৭:৫৬:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা, প্রেমিকের কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা, প্রেমিকের কারাদণ্ড

‏একতার কণ্ঠ: টাঙ্গাইলে প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় মাধব চন্দ্র পাল (৩৩) নামে এক যুবকের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান এই রায় দেন। মাধব চন্দ্র পাল টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার সুশীল চন্দ্র পালের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌসুলি (পিপি) এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, নবম শেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাধব পালের। একপর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। এতে ক্ষোভে ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই স্কুলছাত্রী।

চিকিৎসার পর সুস্থ হলে স্থানীয় সালিশ বৈঠকের পর মাধবের সঙ্গে তার বিয়ের দিন ধার্য হয়। বিয়ের তারিখ ঠিক হওয়ার পরে ওই ছাত্রীকে ফোনে মাধব জানান, তিনি চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছেন। বিয়ের পর তাকে শান্তিতে থাকতে দেবেন না। ওই ছাত্রীকে আত্মহত্যা করতে বলেন তিনি।

মাধবের কাছ থেকে ফোন পাওয়ার পর ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেন। এ ঘটনার পর ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মাধব, তার বাবা সুশীল পাল, মা আলো রানী পালসহ নয় জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. মে ২০২২ ১১:২১:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।