/ হোম / টাঙ্গাইল সদর
বিজয় দিবসে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা - Ekotar Kantho

বিজয় দিবসে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

আরমান কবীরঃ মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ১ মিনিটে টাঙ্গাইল জেলা সদরে জনসেবা চত্বরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের আদর্শ ধারণ করেই গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত ও আরমান কবীর সৈকত, সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ও সুলতান কবীর, কার্যকরী সদস্য নাহার চাকলাদার ও মো. কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনায় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২৫ ০৮:২৪:পিএম ৬ মাস আগে
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ  - Ekotar Kantho

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

আরমান কবীরঃ রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর)দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ বের হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বিক্ষোভ মিছিলটি নেতৃত্বে দেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সুলতান সালাউদ্দিন টুকু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন,বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

এ সময় টুকু বলেন, যারা এদেশে মানুষকে নির্বিচারে হত্যা করেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, সন্ত্রাস ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় তারাই শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এ ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র বিএনপির কাছে নিরাপদ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে নেতৃত্বে দিয়ে ফ্যাসিবাদের বিদায় করেছেন। আজ সমগ্র বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে স্বৈরাচার ও দোসরদের বিরুদ্ধে। আমরা শত শহীদের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র যে কোনো মূল্যে রক্ষা করবো ইনশাল্লাহ।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২৫ ১০:৪৬:পিএম ৭ মাস আগে
টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন  - Ekotar Kantho

টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন 

আরমান কবীরঃ “মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে টাঙ্গাইলে ৭৭তম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১০ডিসেম্বর) সকালে মানবাধিকার সংগঠন “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ” টাঙ্গাইল জেলা শাখা আলোচনা সভা ও মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি বের করে।

এ দিন সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে মানবাধিকারকর্মীরা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

সংগঠনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ টাঙ্গাইলের উপদেষ্টা মনোয়ার হোসেন, বুলবুল আহমেদ, সংগঠনের সদস্য সচিব মামুনুর রহমান মামুন, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জুয়েল।

মানববন্ধন শেষে একটি বিশাল র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। এই র‌্যালিতে বিপুল সংখ্যক মানবাধিকার কর্মী অংশগ্রহণ করে।

এ ছাড়া টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল, তার স্মরণে প্রতি বছর এই দিনে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।

এই বছরের প্রতিপাদ্য বিষয় “মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য”।

সর্বশেষ আপডেটঃ ১১. ডিসেম্বর ২০২৫ ০৩:১৫:এএম ৭ মাস আগে
টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় - Ekotar Kantho

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

আরমান কবীরঃ টাঙ্গাইলে ক্রিয়াশীল তিনটি সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায়, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার দায়িত্ব পালনে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপুরক। আমরা সবাই মিলে টাঙ্গাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো। সামনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের মাধ্যমে জনগনই সিদ্ধান্ত নিবে আগামি দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে, আমিও তারই অংশ হিসেবে টাঙ্গাইলে যোগদান করেছি। আমাদের মূল লক্ষ এখন- আগামি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বিগত নির্বাচন যেভাবে হয়েছে তা যেন না হয়- এবার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এটা নিশ্চিত করার জন্য আমাদের পুলিশ বাহিনীর পক্ষে যা যা করণীয় তা করা হবে। একই সঙ্গে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে পালন করবো। এক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চাই।

পরিচিতি সভার শুরুতে তিনটি সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার পরিচিত হন।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২৫ ০৯:০৭:পিএম ৭ মাস আগে
টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ডিসেম্বর) বিকেলে কাকুয়া ইউনিয়নের কাকুয়া হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ।

দোয়া মাহফিল স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২৫ ০৩:১০:এএম ৭ মাস আগে
টাঙ্গাইল সদরে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌনমিছিল  - Ekotar Kantho

টাঙ্গাইল সদরে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌনমিছিল 

আরমান কবীরঃ টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের কর্মী-সমর্থকরা

সোমবার(৮ ডিসেম্বর )দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

এর আগে,শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড মিছিল এসে পৌর উদ্যানে সমবেত হয়। পরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও বিক্ষোভ সমাবেশের পূর্বে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি’র দখলে রয়েছে। এবার বহিরাগত প্রার্থী দেওয়ায় আসনটি হাত ছাড়া হবার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি’র হাই কমান্ডকে অনুরোধ করবো এখানে সদরের ছেলেকে মনোনয়ন দেওয়ার জন্য। এছাড়া তিনি আরও বলেন, বিএনপির হাই কমান্ড যে সিন্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপি’র সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন,শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২৫ ০৮:১৮:পিএম ৭ মাস আগে
টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শামছুল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শামছুল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরমান কবীরঃ বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫‌ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শামসুল হক স্মৃতি পরিষদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পহেলী প্রমুখ।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং মরহুম শামছুল হকের রুহের মাগফিরাত প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২৫ ০৯:৩৪:পিএম ৭ মাস আগে
“প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন” টাঙ্গাইলের আত্মপ্রকাশ - Ekotar Kantho

“প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন” টাঙ্গাইলের আত্মপ্রকাশ

আরমান কবীরঃ টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকদের সমন্বয়ে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন” টাঙ্গাইলের আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার(১ ডিসেম্বর) দিনব্যাপী শহরের বটতলায় আলোচনার ভিত্তিতে ‘প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ টাঙ্গাইল নামে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে দৈনিক যায়যায়দিন পত্রিকা টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলকে সভাপতি, দৈনিক কালবেলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জলকে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা প্রতিনিধি ইমরুল হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত(দৈনিক আলোকিত বাংলাদেশ), আরমান কবীর সৈকত(দৈনিক নয়া শতাব্দী) ও মোস্তফা কামাল নান্নু(দ্যা ডেইলি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার(দৈনিক ভোরের পাতা) ও শফিকুজ্জামান মোস্তফা(দৈনিক বাংলাবাজার পত্রিকা), সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান(দৈনিক স্বাধীন সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা তোফাজ্জল, দৈনিক মজলুমের কন্ঠ, দপ্তর সম্পাদক ,জাহাঙ্গীর আলম(দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন(দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ(দৈনিক আলোকিত প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মনির(দৈনিক ঢাকা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন(দৈনিক আজবেলা), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম(দৈনিক কালের স্রোত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ কাওছার(দৈনিক প্রতিদিনের কাগজ)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন- মো.কামরুজ্জামান(দৈনিক বর্তমান কথা), মহিউদ্দিন সুমন(সংবাদ সংস্থা বাসস), সুমন কুমার রায়(দৈনিক সময়ের আলো), মো. আলমগীর হোসেন(দৈনিক আমার সময়) মুক্তার হোসেন ( দৈনিক সংবাদ সংযোগ)

সর্বশেষ আপডেটঃ ০২. ডিসেম্বর ২০২৫ ০২:৪১:এএম ৭ মাস আগে
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আরমান কবীরঃ টাঙ্গাইলে নিজের বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামি হলো- টাঙ্গাইলের সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিমপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ওয়াহেদুজ্জামান।

টাঙ্গাইলে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত বছর ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে বাবা আব্দুস সামাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় তার ছেলে ওয়াহেদুজ্জামান। পরে নিহতের ভাই আবদুর রশিদ সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিচার শেষে রোববার আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। মৃত্যুদণ্ড ছাড়াও আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আসামি গ্রেফতার হওয়ার পর থেকেই জেলহাজতে আটক রয়েছে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া।রাষ্ট্রপক্ষ জানায়, এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।

এই রায়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচার প্রার্থীদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়।

সর্বশেষ আপডেটঃ ০১. ডিসেম্বর ২০২৫ ০২:৪৪:এএম ৭ মাস আগে
টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাহান হাসানঃ টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর মিনি স্টেডিয়ামে ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদ ও বাসাখানপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে যমুনা এক্সপ্রেস ফুটবল ক্লাব এবং আইয়ান বার্থা ফুটবল ক্লাব মুখোমুখি হয়।

খেলায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে আইয়ান বার্থা ফুটবল ক্লাব ৩–০ গোলের ব্যবধানে যমুনা এক্সপ্রেস ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লাভু মিয়া লাভুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি—এই সদর উপজেলা মিনি স্টেডিয়ামের নাম যেন শহীদ ফারুক স্টেডিয়াম করা হয়। আগামীদিনে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে স্টেডিয়ামটির নাম শহীদ ফারুক স্টেডিয়াম করা হবে। এখানে যেকোনো খেলার আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা করব। বিশেষ করে মা–বোনেরা যেন স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন, এজন্য অতিরিক্ত আরও একটি গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, একসময় টাঙ্গাইলকে ক্রীড়া নগরী বলা হতো। এখানকার ৮ থেকে ৯ জন ফুটবলার নিয়মিত ঢাকার মাঠে খেলতেন। আগামীদিনে আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও কিশোর গ্যাং–মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। এ লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী,
জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর থানা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২৫ ০৪:২২:এএম ৭ মাস আগে
টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার টাঙ্গাইল জেলা কারাগারে মৃত্যু হয়েছে।

বুধবার(২৬নভেম্বর)রাতে টাঙ্গাইল জেলা কারাগারে তার বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলার মুহাম্মদ জাহেদুল আলম।

নিহত সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। সে উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিল।

গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, টাঙ্গাইল কারাগারে হাজতির মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে।

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২৫ ০৯:২৪:পিএম ৭ মাস আগে
টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার শামসুল আলম সরকার - Ekotar Kantho

টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার শামসুল আলম সরকার

আরমান কবীরঃ টাঙ্গাইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৪ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

নতুন এসপি মুহম্মদ শামসুল আলম সরকার ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৩১ আগস্ট মুন্সিগঞ্জ জেলার এসপি হিসেবে যোগদান করেন এবং দায়িত্ব পালনকালেই দক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য প্রশংসিত হন।

অন্যদিকে, টাঙ্গাইলের বিদায়ী এসপি মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলায় নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২৫ ০১:১১:এএম ৭ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।