একতার কণ্ঠঃ মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। আর মাত্র ৪ দিন পেরুলেই শুরু হবে রমজান। এখনই রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি। তাহলে রমজান শুরুর আগের মুমিন মুসলমানের সেই প্রস্তুতি ও করণীয়গুলো কী?
মুমিন মুসলমানকে মনে রাখতে হবে, রমজান ভোগ, পণ্য মজুত বা বাড়তি মুনাফায় ব্যবসা-বাণিজ্যের মাস নয়, বরং রমজান হলো কোরআন নাজিলের মাস, সংযমের মাস এবং ত্যাগের মাস। এ মাস ইবাদত-বন্দেগির মাস। আল্লাহর রহমত বরকত মাগফেরাত নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস। তাই এ মাসের আগমনের আগে মুমিন মুসলমানের বিশেষ কিছু করণীয় রয়েছে। সেজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি।
হজরত মুয়াল্লা ইবনে ফজল রাহমাতু্ল্লাহি আলাইহি নামে এক বিখ্যাত তাবেয়ি বলেন, ‘সালাফে সালেহিনগণ রমজানের ৬ মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন-
‘হে আল্লাহ! আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর রমজান শেষে তারা বাকি ৬ মাস দোয়া করতেন- হে আল্লাহ! রমজানে যা আমল করেছি; তা আপনি কবুল করে নিন।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে; তবে সে আমল বা কাজ আল্লাহ তাআলা পছন্দীয় হিসেবে গ্রহণ করেন।’ (তাবারানি)
১. তাওবাহ-ইসতেগফার করা
রমজানের আগের সব গোনাহ থেকে তাওবাহ ইসতেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে, রমজান চলে এসেছে, আর আমার সব গোনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে। বাস্তবে বিষয়টি এমন নয় বরং আগে থেকে তাওবাহ-ইসতেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গোনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন। এ জন্য বান্দা বেশি বেশি পড়বে-
> اَللَّهُمَّ اغْفِرْلِىْ : আল্লাহুম্মাগফিরলি,
হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।
২. রমজানের সব উপকারিতা স্মরণ করা
বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন-সুন্নায় যেসব ফজিলত মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া। সেসব উপকার পেতে কোরআন-সুন্নাহর দিকনির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। মাস রমজান আসছে, মানসিকভাবে বারবার এ কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এ দোয়াটি বেশি বেশি করা-
> اَللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ : আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান।
হে আল্লাহ! আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।’
৩. রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া
রমজান মাসে পরিপূর্ণ সাওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গোনাহ করেছি এ রমজানে সেসব গোনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে। সবচেয়ে বেশি সাওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এ প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি।
আফসোসের বিষয়! অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সাওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়।
প্রতিজ্ঞা এমনভাবে করা যে, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সবে গোনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেবো। আমার প্রতি আল্লাহকে রাজি-খুশি করিয়েই ছাড়বো ইনশাআল্লাহ।
৪. রমজান শুরু আগেই আগের কাজা রোজা আদায় করা
রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা-বোনদের ভাঙতি রোজা থাকতে পারে। তাই রমজানের আগে শাবান মাসের এ সময়ে কাজ রোজা আদায় করে নেওয়া। এতে দুইটি ভালো আমল বাস্তবায়িত হবে-
প্রথমটি : রমজানের ফরজ আমলের প্রতি আগ্রহ বাড়বে
বিগত জীবনের কাজা রোজা আদায় হবে। রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে।
দ্বিতীয়টি : সুন্নাতের অনুসরণ হবে।
রমজানের আগের মাস শাবানে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে। কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নাতের অনুসরণও হয়ে যাবে।
৫. যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা
আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। তবে এ সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না। কেননা এ ক্ষমা পেতে হলে দুইটি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। তাহলো-
> শিরক থেকে মুক্ত থাকা।
আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা। কেউ ইচ্ছা কিংবা অনিচ্ছায়, ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তাওবাহ-ইসতেগফারের মাধ্যমে ফিরে আসা।
> হিংসা থেকে মুক্ত থাকা।
কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা। কারণ হিংসা মানুসের সব নেক আমলকে সেভাবে জালিয়ে দেয়; যেভাবে আগুন কাঠকে জালিয়ে দেয়। তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখা।
৬. রমজানের ফরজ রোজার নিয়ম-কানুন জেনে নেয়া
রমজান মাস আসার আগে রোজা পালনের মাসআলা-মাসায়েল তথা নিয়ম-কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরূহ হওয়া থাকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা।
৭. বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা
রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা। যেমন-
> কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি?
> কেন তারাবিহ পড়া হয়নি?
> কেন দান-সহযোগিতা করা হয়নি?
> কেন ইতেকাফ করা হয়নি?
> কেন রোজাদারকে ইফতার করানো হয়নি?
> কেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি?
> কেন কোরআন-সুন্নার আলোচনায় বসা হয়নি?
> কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি?
> কেন রমজানের পাড়া-প্রতিবেশি বা আত্মীয়দের হক আদায় করা হয়নি?
এ বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া। এ বছর রমজান আসার আগে আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা।
৮. চলতি শাবান মাসজুড়ে রমজানের মহড়া চালু রাখা
রমজান মাসের বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। বেশি বেশি কোরআন অধ্যয়ন করা। নফল নামাজ পড়া। তাওবাহ-ইসতেগফার করা। ত্যাগের মানসিকতা তৈরি করা। দান-সাদকাহ শুরু করা। যাতে এ মহড়ার বাস্তবায়ন পুরো রমজানজুড়ে সুন্দরভাবে চালানো যায়।
৯. রমজান মাসজুড়ে ২৪ ঘণ্টার রুটিন করা
রমজান মাসজুড়ে যে যেই কাজেই থাকুক না কেন, পুরো সময়টি কোন কোন কাজে কীভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগাম রুটিন থাকলে রমজানে চরম ব্যস্ততার মাঝেও নেক আমলসহ অন্যান্য কাজগুলোও ইবাদতের মধ্যেই কেটে যাবে। এককথায় সব কাজের তালিকা করে নেওয়া।
১০. শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা
শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নাত। মুছে যাওয়ার পথে থাকা এ সুন্নাতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা।
বর্তমান সময়ে চাঁদ দেখা (হেলাল) কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে। আবার অনেকে মোবাইল বা রেডিও টিভির সংবাদের অপেক্ষা করেন। এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার সুন্নাতটি থেকে বঞ্চিত হয় মুমিন মুসলমান। তা থেকে বেরিয়ে এসে চাঁদ অনুসন্ধান করার সুন্নাতটি জীবিত করার সর্বাত্মক পূর্ব প্রস্তুতি রাখা।
> রমজানের চাঁদ দখে নবিজীর দোয়া
যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবে তারা বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পড়া সেই দোয়াটিও পড়বে। যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে। হাদিসে এসেছে-
হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)
> রমজানের চাঁদ দেখলে কিংবা দেখার খবর শুনলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতিভরা প্রার্থনা হবে এমন-
اللَّهُمَّ سَلِّمْنِي لرمضان، وسلم رمضان لي، وتسلمه مني مُتَقَبَّلاً
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান, ওয়া সাল্লিম রামাদানা লি, ওয়া তাসলিমাহু মিন্নি মুতাক্বাব্বিলা।’ (তাবারানি)
অর্থ : হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। জন্য রমজানকে শান্তিময় করে দিন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।
১১. রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া
রমজানের আগে আল্লাহর কাছে এ প্রার্থনা করা। হে আল্লাহ! আমি যতই চেষ্টা করি, তোমার তাওফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না। আবার রমজান পেলেও রবকত লাভে সক্ষম হবো না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছে চাই।
হে আল্লাহ! রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, তাদের কাতারে আমাকেও শামিল করো; হে রাব্বুল আলামিন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের আগে উল্লেখিত ১১টি প্রস্তুতি যথাযথভাবে আগাম নিজেদের জীবনে বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।
সংবাদ সূত্র-Jagonews24.com
একতার কণ্ঠঃ শুক্রবার (১৮ মার্চ) পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’ মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। আরবি শব্দ লাইলা অর্থ রাত। অপরদিকে ফার্সি শব্দ শব অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের এ রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অবহিত করা হয়। শবে বরাত এবং এই রাতে ইবাদত বন্দেগী করা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। তাই রাসূল (সা.) ও সাহাবী ও তাবেঈনের যুগ থেকে অদ্যাবধি এ রাতে বিশেষভাবে নফল ইবাদত ধারাবাহিকতার সাথে চলে আসছে। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করেন।
এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে আজ বাদ মাগরিব ও বাদ এশা এবং রাত দুইটায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কোভিড-১৯ প্রতিরোধে সব ধর্মপ্রাণ মুসল্লিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপন নিয়ে ক্ষোভ জানিয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(৩ ফেব্রয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মানিক শীল ফেসবুক গ্রুপ ‘এমবিএসটিউ ফ্যামিলি’-তে তার ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার( ৬ ফেব্রয়ারি) পর্যন্ত প্রায় শতাধিক সনাতন ধর্ম্বালম্বী অন্যান্য শিক্ষার্থী তাতে কমেন্টের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
মানিক শীল তার পোস্টে জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পরেও সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় বা মন্দির নেই। কেন্দ্রীয় মন্দির না থাকার কারণে প্রতিবছরই কোন একটি জায়গা বাছাই করে পুজা করা হয়। খুব কষ্ট লেগেছে আজ এত কষ্ট করেও যখন বৃষ্টি এসে সব আয়োজন ধূলিসাৎ করে দিয়ে গেছে, বিপাকে পড়তে হয়েছে আয়োজকদের। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আমাদের একটি মন্দির থাকলে এই অবস্থার সম্মুখীন হওয়া লাগতো না।গত কয়েক বছর মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে সনাতনী শিক্ষার্থী ও শিক্ষকরা সাবেক ভিসি স্যারের কাছে গেলেও কেন জানি কোন কারণে অজুহাত দিয়ে তা বন্ধ করে রেখেছে। ধর্ম চর্চার জন্য, পুজার জন্য মাভাবিপ্রবিতে একটি মন্দির অত্যাবশ্যকীয় হয়ে দাড়িয়েছে এবং আমরা একটি মন্দির চাই।’
এ বিষয়ে মানিক শীল বলেন, প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় মন্দির থাকে। আমরা বারবার বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে মন্দির প্রতিষ্ঠার দাবি জানিয়েছি। আমি সনাতন ধর্মাবলম্বী সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অনতিবিলম্বে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার জোর দাবি জানাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছি, অনেক কিছুই আমার অজানা। সকলের সাথে আলোচনা স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
একতার কণ্ঠঃ ইসলামে স্বীকৃত পন্থা হলো বিবাহ করার মাধ্যমে একটি নতুন পরিবারের সৃষ্টি করা। বিবাহ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ একটি পরিবার তৈরি করেন।
বিবাহ নারী-পুরুষের মধ্যে যেমন পরিবার সৃষ্টিতে অবদান রাখে; তেমনি দাম্পত্য জীবনে পরস্পরের মধ্যে প্রেম-ভালোবাসা অনুরাগ সৃষ্টি করে এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন ও শান্তি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। পারিবারিক জীবনে স্বামী-স্ত্রী একে অপরের সম্পূরক।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ‘তারা (স্ত্রীরা) তোমাদের পোশাক এবং তোমরা) তাদের পোশাক’। (বাকারা:১৮৭)
মূলত পরিবার সামাজিক জীবন ব্যবস্থার প্রথম অবকাঠামো। কয়েকজন মানুষকে নিয়ে গঠিত হয় পরিবার। আমরা পরিবার বলতে সাধারণত মা-বাবা, ভাই-বোনসহ বিভিন্ন আত্মীয়-স্বজনকে নিয়ে গঠিত একটি কাঠামোকে বুঝি।
যে কাঠামোর মাঝে একজন অধিপতি বা কর্তা থাকেন এবং থাকেন বিভিন্ন পর্যায়ভুক্ত সহযোগীরা। হজরত আদম (আ.) এবং বিবি হাওয়া (আ.)-এর মাধ্যমেই পৃথিবীতে পরিবার তথা পারিবারিক জীবনের সূচনা ঘটেছে। তারা দু’জন স্বামী-স্ত্রী হিসেবে পরিবারের সূচনা করেন।
সুস্থ ও সুখী সামাজিক জীবনের জন্য বিবাহ একটি প্রয়োজনীয় পারিবারিক ও সামাজিক বন্ধন। পবিত্র কুরআনে বিবাহ ও পারিবারিক জীবনকে পারস্পরিক সহমর্মিতা, অন্তরের অনাবিল সুখ ও শান্তির উৎস হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
পরিবারে স্বামী-স্ত্রীর পরস্পরের অধিকার ও দায়িত্ব রয়েছে। পরিবারের জন্য তারা পরস্পর সম্পূরক।
এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাক।’ (বাকারা:১৮৭)
বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনের সূচনা হয়। ইসলামী শরিয়তে এই সম্পর্ক কায়েম করতে হলে যেমন সুনির্ধারিত কিছু বিধান রয়েছে তেমনি প্রয়োজনে এই সম্পর্ক ছিন্ন করতে হলেও সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে।
কুরআন-হাদিসে সেগুলো অনুসরণ করারও জোর তাগিদ দেওয়া হয়েছে। যদি সেই বিধানগুলো মান্য না করা হয় তাহলে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করা হবে, যা একটি মারাত্মক গুনাহ।
সাথে সাথে এই অমান্য করার কারণে জীবনের পদে পদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং অসংখ্য বালা-মুসিবতে নিপতিত হতে হবে, যার বাস্তব নমুনা আমাদের সমাজ জীবনে প্রতিদিন সৃষ্টি হচ্ছে এবং পেপার-পত্রিকায় সেগুলো শিরোনাম হচ্ছে।
বিশেষত শরিয়ত পরিপন্থী পদ্ধতিতে তালাক প্রদান করে দাম্পত্য জীবনের অবসান ঘটালে যে পেরেশানি ও জটিলতা সৃষ্টি হয় তা বর্ণনাতীত।
তাই পারিবারিক বন্ধন অটুট রাখতে সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে। সাধারণ ভুল-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং আন্তরিক মনোভাবাপন্ন হতে হবে। আল্লাহ্ সবাইকে তাওফিক দান করুন।
একতার কণ্ঠঃ “ধর্ম যার-যার, উৎসব সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবে দুইশত দুস্থ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে শাড়ী বিতরণ করেছেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার।শনিবার (৯অক্টোবর) সন্ধায় শহরের ছোট কালিবাড়ী পুজা মণ্ডপে ওই শাড়ী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম( ভিপি জোহের)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ, যুগ্ম-সম্পাদক বিমল কুমারদে,দাইন্যা পুজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ সুত্রধর,সম্পাদক লক্ষন চন্দ্র, পোড়াবাড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা ,গালা পুজা উদযাপন পরিষদের সভাপতি খুশি মোহন দাস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ দাস।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মন্দির সংস্কার ও উন্নয়নের অনুদান এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার( ২৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী বড় কালিবাড়ির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু।
অনুষ্ঠানে ৪৮টি মন্দির কর্তৃপক্ষ ও ৩৪ জন দুস্থ অসহায় মানুষের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
মহাগ্রন্থ আল কোরআনের ভাঁজে ভাঁজে রয়েছে মানব কল্যাণের অনন্য সব উপায়-উপকরণ। প্রতিটি আয়াত মুমিনের হৃদয়ে জাগায় স্রষ্টা প্রেম, বাজে পূত প্রেমের ব্যঞ্জনা। আয়াতুল কুরসি তেমনই একটি।
প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল কারিমের মর্যাদাপূর্ণ আয়াত ‘আয়াতুল কুরসি’ পাঠ করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত এ আমল করতেন।
পবিত্র এ আয়াতটি পরকালীন সফলতার বাতিঘর। হজরত উমামা (রা.) থেকে বর্ণিত নবী করিম (সা.) বলেন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে পাবে জান্নাত- (সুনানে নাসায়ি : ৯৯১৮)।
যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ‘আয়াতুল কুরসি’ পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতোটুকু দূরত্ব থাকে যে, সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করেনি বলেই (কবরে) জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করতে পারছে না।
এ আয়াত পাঠে পার্থিব নিরাপত্তাও রয়েছে। সহিহ বুখারির ঘটনা, একবার কিছু ফিতরার খাদ্যসামগ্রী নবী (সা.)-এর হাতে এলো। তিনি এগুলোর পাহারায় নিযুক্ত করলেন আবু হুরায়রা (রা.)কে। সজাগ দৃষ্টিতে পাহারা দিচ্ছেলেন তিনি। সময়ের পরিবর্তনে দিন শেষে রাত এলো।
আবু হুরায়রা (রা.) দেখলেন ফিতরার খাদ্যসামগ্রী থেকে এক লোক চুরি করছে। তিনি দৌড়ে তাকে ধরলেন। বললেন, ‘অসহায়ের খাবারে হাত দেয়ার সাহস কোথায় পেলে? দাঁড়াও। সকাল হোক। তোমাকে নবীজির বিচারের মুখোমুখি করব।’
চোর ভয়ে কাতর হয়ে বলল, ‘আমি খুব অসহায়। স্ত্রী-সন্তানের মুখে দেয়ার মতো কিছুই নেই। অভাবে পড়ে ভুল করেছি। ক্ষমা চাই। ওয়াদা করছি, আর কখনও চুরি করব না।’ চোরের কথায় তার মনে দয়া হল। ছেড়ে দিলেন তাকে।
রাত শেষে সকাল এলো। নবী (সা.) বললেন, ‘আবু হুরায়রা! তোমার বন্দির খবর কী? তিনি নবীজিকে বিস্তারিত বললেন।
নবীজি বললেন, ‘সে আবার আসবে।’ ঠিকই চোর পরের রাতে এলো। দয়ালু আবু হুরায়রা তাকে আবারও ছেড়ে দিলেন। সকালে নবীজি (সা.) তার থেকে রাতের গল্প শুনে বললেন, সাবধান থেক আবু হুরায়রা! সে আবার আসবে।’
প্রিয় নবীর কথা তো মিথ্যা হওয়ার নয়। সে আবার এলো। আবু হুরায়রা (রা.) এবার কঠোর। বললেন, ‘তুমি ধোঁকাবাজ, মিথ্যুক। দুইবার ওয়াদা ভেঙেছ। তোমাকে আর ছাড়ছি না।’ অবস্থা বেগতিক দেখে চোর বলল, ‘আমাকে ছেড়ে দিলে তোমাকে কল্যাণকর কিছু শেখাব।’
তিনি বললেন, ‘তা কী?’ চোর বলল, ‘প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে ঘুমিও। সকাল পর্যন্ত তোমার নিরাপত্তায় আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দেবেন। রাত কাটাবে প্রভুর নিরাপত্তার চাদরে।’ আবু হুরায়রা (রা.) অনন্য এ জ্ঞানের বিনিময়ে তাকে ছেড়ে দিলেন।
সকাল হল। নবী (সা.) বন্দি সম্পর্কে জানতে চাইলে তিনি রাতের পুরো ঘটনা শোনালেন। সব শুনে নবীজি বললেন, তুমি জান সে কে? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তখন নবী (সা.) বললেন, সে ইবলিশ। সে মিথ্যুক হলেও তোমাকে যা বলেছে তা পুরোপুরি সত্য। (সহিহ বুখারি : ২৩১১)
একতার কণ্ঠঃ পুরুষ অভিভাবক ছাড়াই হজের জন্য নারীদের নিবন্ধনের অনুমতি দিয়েছে সৌদ আরব। অর্থাৎ মাহরাম (পুরুষ অভিভাবক) ছাড়াই নারীরা এখন থেকে হজ করতে পারবেন। খবর আরব নিউজের।
সম্প্রতি চলতি বছরে হাজিদের জন্য তিনটি প্যাকেজ অনুমোদন করেছে সৌদি সরকার। রোববার থেকে হজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
এ বছর হজ করতে পারবেন ৬০ হাজার মুসলিম নর-নারী। তবে তা সীমাবদ্ধ থাকবে শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানকার বাসিন্দাদের জন্য। রেজিস্ট্রেশন করা যাবে ২৩ জুন পর্যন্ত।
হজের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে একটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১৬,৫৬০.৫০ রিয়াল। অন্যটি ১৪,৩৮১.৯৫ রিয়াল এবং শেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১২,১১৩.৯৫ রিয়াল। এই তিনটি প্যাকেজের সঙ্গে যোগ হবে ভ্যাট।
আবেদনের জন্য গত ৫ বছরের মধ্যে হজ করেননি অবশ্যই এমন স্বীকারোক্তি দিতে হবে আবেদনকারীকে।
আবেদনকারী জটিল রোগে ভুগছেন না, এমনকি করোনায় আক্রান্ত নন দিতে হবে এমন স্বীকারোক্তিও।
এ ছাড়া স্বীকারোক্তি দিতে হবে, আবেদনকারী ছয় মাসের মধ্যে কোনো জটিল রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হননি বা কোনো ডায়ালাইসিস চিকিৎসা করানো হয়নি।
একতার কণ্ঠ ডেস্কঃ গোটা মানবজাতি বিশেষ করে মুসলিম জাতির ক্ষেত্রেও এটি বড় কঠিন ও পরীক্ষাসম একটি বিষয় যে, তারা মানবসুলভ আচরণের কারণে অভ্যাস ও ইবাদত উভয়টিকে একসঙ্গে সংমিশ্রণ করে ফেলে।
দুটির মাঝে পার্থক্য সাধন করতে পারে না। অনেক সময় এমন হয় ইবাদত অভ্যাসে পরিণত হয়ে যায়। এ কথা মস্তিষ্কে থাকে না যে, আমরা কেন ইবাদত করছি? কার জন্য করছি?
এমনকি নামাজগুলোও কখনও কখনও একেবারে অভ্যাসেরই রূপ ধারণ করে বসে। নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে। তাই সময় হলেই পড়তে গেলাম। কিন্তু এটা আমাদের মস্তিষ্কে থাকে না যে, মসজিদপানে গমনে প্রত্যেক কদমে কদমে কী পরিমাণ সাওয়াব পাওয়া হচ্ছে!
কতটুকু দূর অতিক্রম করছি! মসজিদে পৌঁছে দোয়া পড়ার সময় ধারণা এমন রাখা উচিত যে, আমি আল্লাহতায়ালার রহমতের চাদরে আবৃত হয়ে গেছি। রহমত ও বরকতের স্থানে এসে উপস্থিত হয়েছি। আমার জন্য রহমত ও বরকতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে।
কিন্তু এমনটি আমাদের জীবনে হয় না। মনে হয় এটি একটি রীতি মাত্র। যার ফলে ধর্মীয় জীবনযাপনকেও রীতি মনে হয়। সব কিছুই আপন আপন স্থানে ঠিক আছে। নির্ধিষ্ট সময় অনুযায়ী হচ্ছে । কিন্তু অনুভূতি হয় না।
সওয়াব প্রাপ্তির নিয়ত মনে থাকে না। ঠিক রোজার ক্ষেত্রেও প্রথমত কথা হলো— আমাদের মস্তিষ্কে এ কথা বদ্ধমূল করে নেওয়া যে, রোজা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে পালন করছি। লোক দেখানোর জন্য নয়, প্রথাগত কোনো অনুসরণে নয়।
লোকলজ্জার ভয়েও নয় যে, লোকে কী বলবে! রোজা রাখে না ! রোজার দিনে পানাহার করছে এই ভয়েও নয়! বরং এই নিয়ত রাখা যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখছি।
মস্তিষ্কে এ কথার উপস্থিতি থাকা যে, হাদিসে আছে— হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে, তার প্রতিশ্রুতিসমূহের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে, তার পক্ষ হতে প্রতিদান ও সাওয়াব প্রাপ্তির লোভে রোজা রাখবে তার পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। (সহিহ বুখারি, হাদিস নং ২০১৪)
সর্বদা মনে প্রাণে এই বিশ্বাস রাখা এবং মস্তিষ্ককে এ কথায় তরুতাজা রাখা যে, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা পালন করছি। এ জন্য পালন করছি যে, রোজা পালন আল্লাহর পক্ষ থেকে আমার ওপর ফরজ বিধান।
একতার কণ্ঠ ডেস্কঃ রোজা রাখার মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির গবেষকরা বলছেন, রোজা রাখার মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটায় না। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ।
করোনাকালে রোজা শুরু হওয়ায় আগে জারি করা এক নির্দেশিকায় এসব কথা জানান ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা।
ডব্লিউএইচও বলছে, রোজা রাখার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ নেই। তবে যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন তারাও রোজা রাখতে পারবেন। রোজা রাখা অবস্থায় তাদের উপসর্গ যদি গুরুতর আকার ধারণ করে, তাহলে তারা চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা ভাঙতে পারেন।
৭ এপ্রিল জারি করা ওই বিশেষ নির্দেশনায় বলা হয়, দুঃখের বিষয় যে, চলতি বছর করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা করোনায় অনেক মানুষকে হারিয়েছি। আরও অনেকে সংক্রমিত হচ্ছে। করোনা মহামারি এখন একটি বাস্তব হুমকি। তাই, এই রমজানে আমাদের আরও সচেতন থাকা জরুরি।
রোজায় টিকা নেওয়ার বিষয়ে ডব্লিউএইচও বলছে, শরিয়াহ অনুযায়ী রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে। এছাড়া বিভিন্ন দেশের ইসলামী কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার টিকা নেওয়া ‘ইন্ট্রামাসকুলার ইনজেকশন’। রোজা রেখে টিকা নেওয়াটা ধর্মের খেলাপ হবে না। অতএব টিকা নিলে সমস্যা নেই।
করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি শূন্য বলে কোনো কিছু নেই। যারা টিকা নেওয়ার যোগ্য, রমজানেও তাদের টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহী হওয়া উচিত। এতে তারা ও তাদের কমিউনিটির মানুষজন মহামারি এই ভাইরাসটির প্রকোপ থেকে নিরাপদ থাকবে।
একতার কণ্ঠ ডেস্কঃ আর মাত্র একদিন পরই শুরু হবে আত্মশুদ্ধি ও সিয়াম-সাধনার মাস রমজান। বছরের এই একটি মাসে আমরা আমলের মাধ্যমে সওয়াবকে ৭০ গুণ বাড়িয়ে নিতে পারি।
ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী বছরে একবারই আসে রমজান মাস। কিন্তু কেমন হবে যদি বছরে দুইটি রমজান মাস হয়? হ্যাঁ- আগামীতে এমনই একটি বছর আসবে যেটিতে রমজান মাস হবে বছরে দুইবার।
চন্দ্র বিশেষজ্ঞ মিনহাল খানের বরাতে “দ্য ইসলামিক ইনফরমেশন” এ খবর জানিয়েছে।
মিনহাল খান বলেন, প্রতি বছর চন্দ্র মাস ১০ থেকে ১১ দিন এগিয়ে যায়, সে ধারাবাহিকতায় আমরা ২০৩০ সালে পৌঁছানোর পর জানুয়ারীতে রমজান পাবো, তারপরে আমরা একই পবিত্র মাস ডিসেম্বরে পাবো, মানে এক বছরে দুটি রমজান পেতে যাচ্ছি আমরা।
মুসলিম উম্মাহ বছরে একটি রমজান এবং ঈদুল ফিতর পালন করে অভ্যস্ত, তবে এ গবেষণা মতে ২০৩০ সালে দুটি রমজান পাওয়া যাবে।
চন্দ্র বিশেষজ্ঞরা চন্দ্র ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন যে- ২০৩০ সালে দুটি রমজান হবে।
দুবাই অ্যাস্ট্রোনোমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার, হাসান আহমেদ আল হারিরি নিশ্চিত করেছেন যে- ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ হিসেবে তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী যে ক্যালেন্ডারটি অনুসরণ করি তা সৌরজগতের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং ইসলামি ক্যালেন্ডারের জন্য চাঁদ অনুসরণ করা হয়, তাই এই বিষয়টি নিশ্চিত যে ২০৩০ সালে ২টি রমজান হবে।
তিনি আরও বলেন যে, ২০৩০ সালের রমজান জানুয়ারির শুরুতে এবং আবার একই বছরের ডিসেম্বরের শেষে হবে।
সূত্রঃ যুগান্তর অনলাইন নিউজ পোর্টাল
একতার কণ্ঠ ডেস্কঃ রোজা রেখেও করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে
কিনা সে বিষয়ে মতামত জানিয়েছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোযা ভঙ্গ হবে না।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।