/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে  ভিমরুলের কামড়ে প্রাণ গেল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের - Ekotar Kantho

টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে প্রাণ গেল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে ভিমরুলের আক্রমণে নাজমুল হোসেন নামের (৩৭) এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউপি’র পূর্বপাড়া এলাকায় ভিমরুলের আক্রমণের শিকার হন তিনি। নাজমুল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।

নাজমুলের ভগ্নিপতি হারুনুর রশিদ জানায়, শুক্রবার বিকেল সারে ৫টার দিকে ভাগ্নির বিয়ের বাবুর্চিদের নৌকাযোগে পারাপার করতে যান নাজমুল। নৌকা নিয়ে ফেরার পথে মাথার উপর থাকা ভিমরুলের বাসায় নাজমুলের হাতে থাকা লগি’র আঘাত লেগে ভিমরুলের বাসা ভেঙ্গে যায়। এসময় ক্ষিপ্ত ভিমরুলের ঝাঁক নাজমুলের শরীরের হুল ফোটাতে শুরু করলে তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাজমুলের বোন নাসরিন আক্তার জানায়, সন্ধ্যায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন । অবস্থার কোন উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে আনুমানিক রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ্ আল আরিফ বলেন, ভিমরুলের শতাধিক হুল ফোটানোর কারণে তার অবস্থা অত্যাধিক খারাপ হয়ে যায় এবং এর বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।।

সর্বশেষ আপডেটঃ ০৫. সেপ্টেম্বর ২০২১ ০৩:১১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে অধিকাংশ নদীতে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা - Ekotar Kantho

টাঙ্গাইলে অধিকাংশ নদীতে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অভ্যন্তরীণ নদীগুলোতে পানি ক্রমাগত বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের কাঁচা-পাকা রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে পাহাড়িয়া এলাকায় আত্মীয়ের বাড়ি ও উঁচু সড়কের পাশে আশ্রয় নিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ এলাকায় পানীয় জল ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। বন্যার্তদের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় মাত্র ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে।

সরেজমিনে জানা যায়, জেলার ভূঞাপুর উপজেলার চারটি ইউনিয়ন, কালিহাতী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা, টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমাঞ্চলের ৭টি, নাগরপুর উপজেলার ৯টি, বাসাইল পৌরসভা সহ সবকটি(৬টি) ইউনিয়ন, মির্জাপুর ৪টি ও দেলদুয়ার উপজেলার ৫টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে খাল, বিল, নদী ও বাড়ির আঙিনা পানিতে থই থই করছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বন্যার পানি বাড়ার সাথে সাথে ২৭ কিলোমিটার দীর্ঘ টাঙ্গাইল শহর রক্ষা বাঁধের উত্তর-পূর্বাংশে ভাঙন দেখা দিয়েছে। পাছ বেথইর এলাকায় বাঁধের ১০০মিটারে ভাঙনের কবলে পড়ে ঝুঁকিতে রয়েছে। ওই এলাকা দিয়ে পানি প্রবেশ করলে টাঙ্গাইল শহরে পানি ঢুকে পড়বে। এছাড়া যমুনায় ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুর অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

বন্যার পানিতে টাঙ্গাইল-পটলবাজার, টাঙ্গাইল-কাকুয়া, এলেঙ্গা-মগড়া, ভূঞাপুরের গোবিন্দাসী বাজার থেকে ভালকুটিয়া পর্যন্ত পাকা সড়ক, বাসাইল পৌরসভার একটি ব্রিজ ও কাঞ্চনপুরের গ্রোথ সেণ্টার-কাজিরাপাড়া সড়কে কালভার্ট প্রবল স্রোতে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসব এলাকার কাঁচা-পাকা সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওইসব এলাকায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার ৮৯ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়। এরমধ্যে ৭৯০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী, ঝিনাই সহ অভ্যন্তরীণ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেণ্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৭৮ সেণ্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৯২ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুর এ চারটি উপজেলার বন্যা দুর্গতদের জন্য ৪০ মে.টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য প্রতিটি উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পেলে যথাস্থানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার জানান, চলতি বন্যার পানি এক সপ্তাহের মধ্যে নেমে গেলে ক্ষতিগ্রস্ত ৭৯০ হেক্টর জমির রোপাআমনের ৫০-৬০ ভাগ ধান রক্ষা পেতে পারে। তিনি জানান, পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত জমিতে নাভি জাতের আমন রোপনের জন্য তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনার পাশাপাশি আগাম রবিশস্য চাষে সহায়তা দিয়ে তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, বন্যায় পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে জেলার ৮০ কিলোমিটার নদী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা চালানো হচ্ছে। পানি কমে গেলে স্থায়ীভাবে নদী তীর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৫. সেপ্টেম্বর ২০২১ ০২:২৩:এএম ৫ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ জননী জাহানারা ইমামের ম্যুরাল উদ্বোধন - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ জননী জাহানারা ইমামের ম্যুরাল উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জননী জাহানারা ইমামের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।বুধবার(১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলের সামনে ম্যুরালের উদ্বোধন করেন, ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এআরএম সোলাইমান।

এ সময় শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোস্ট প্রফেসর ড. রোকেয়া বেগম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুল হক,

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. সৈয়দ মওদুদ-উল-হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নাজমুস সাদেকীন, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, হাউজ টিউটর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ম্যুরাল উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০২. সেপ্টেম্বর ২০২১ ০১:৫৩:এএম ৫ বছর আগে
বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন - Ekotar Kantho

বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে প্রায় ১০টি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার(১ে সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার- কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে এলজিইডির অধিনে নির্মিত হয় একটি কালভার্ট। কালভার্টটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিতে থাকায় এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরে বুধবার ভোরে কালভার্টটি পানির প্রবল স্রোতে ভেঙে যায়। ফলে প্রায় ১০টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে এসব এলাকার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
স্থানীয় আমিনুল ইসলাম বলেন, ‘আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি ভেঙে ১০-১৫টি গ্রামের মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে মানুষ চরম দুর্ভোগে নৌকাতে করে পারাপার হচ্ছেন।’

কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, কালভার্টটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়। কালভার্টটি ঝুঁকিতে থাকায় কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। পরে বুধবার  সকালে কালভার্টটি ভেঙে পড়েছে।’

উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, ‘কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। পরে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।’

সর্বশেষ আপডেটঃ ০২. সেপ্টেম্বর ২০২১ ০১:০৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ১১ কেজি গাঁজা সহ যুবক গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ১১ কেজি গাঁজা সহ যুবক গ্রেপ্তার

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার নগরজালফৈ এলাকার বিসিক শিল্প পার্কের সামনে বুধবার(১ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা সহ মো. ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. ইসমাইল হোসেন(৩০) রাঙামাটি জেলার চন্দ্রঘোনা উপজেলার ঘানিয়ামাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন- এর নেতৃত্বে একদল র‌্যাব বিসিক শিল্প পার্কের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়।অভিযানে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলায় রাখা ১১ কেজি গাঁজা সহ মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. ইসমাইল হোসেনের নামে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০২. সেপ্টেম্বর ২০২১ ১২:৫৭:এএম ৫ বছর আগে
কারা হেফাজতে টাঙ্গাইলের আ’লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি রাজার মৃত্যু - Ekotar Kantho

কারা হেফাজতে টাঙ্গাইলের আ’লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি রাজার মৃত্যু

একতার কণ্ঠঃটাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার অন্যতম আসামি আনিসুল ইসলাম রাজা(৪২) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার(৩১ আগস্ট) রাতে ঢাকার মিডফোর্ট হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার আমিনুল ইসলাম মোতালেবের ছেলে। টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বুধবার(১ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, আনিসুল ইসলাম রাজা চাঞ্চল্যকর ফারুক আহমদ হত্যা মামলায় গ্রেপ্তারের পর ২০১৪ সালের আগস্ট থেকে টাঙ্গাইল কারাগারে ছিলেন। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে হঠাৎই রাজার পেট ফুলে যায়। প্রথমে কারাগারের চিকিৎসক এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয়।

জেনারেল হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। পরে গত ১৮ আগস্ট তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই কারাগারের হেফাজতে তাকে মিডফোর্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

প্রকাশ, ২০১৪ সালের ১৪ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় রাজাকে গ্রেপ্তার করে। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তিনি ওই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তিতেই ওই হত্যার সঙ্গে তৎকালিন এমপি আমানুর রহমান খান ওরফে রানা এবং তার তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি বের হয়ে আসে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ০২. সেপ্টেম্বর ২০২১ ১২:১৬:এএম ৫ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

একতার কন্ঠঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার(৩০ আগস্ট) রাত ৮ টা ৩০ মিনিটে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত শিক্ষক সমাজের উদ্যোগে এক অনলাইন আলোচনা  অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানের সভাপতত্বি করেন, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী নজিবুল্লাহ হিরু, সংস্কৃতি ও নাগরিক অধিকার কর্মী মাহমুদ সেলিম, শিক্ষক, গবেষক ও নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুদার রহমান।

সর্বশেষ আপডেটঃ ০১. সেপ্টেম্বর ২০২১ ১২:২৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বাড়ীতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বাড়ীতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ীতে হামলা, ভাংচুরসহ আদিবাসী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জলছত্র বাজারে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে অরণখোলা ইউনিয়নবাসীর ব্যানারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক-মিচিক সোসাইটি, জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন, কোচ আদিবাসী সংগঠনসহ প্রায় ৩০টি সংগঠনের কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু, মধুপুর ইউপি চেয়ারম্যন সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, মধুপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আদিবাসী নেত্রী পিউ ফিলোমিনা ম্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেবদাস, জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মণ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আদিবাসী নেত্রী শান্তি সাংমা প্রমুখ। এ সময় সকলের উদ্দেশ্যে মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচার ও হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেড়িবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কয়েক হাজার নারী-পুরুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে এক কিলোমিটার রাস্তা জুড়ে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় জনৈক ফেসবুক সাংবাদিক পরিচয় দিয়ে সমাজের সম্মানীত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়ে মানুষকে হয়রানি করছে। সম্প্রতি অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর স্ট্যাটাস ও বাড়ীতে হামলা করে। তারা এ ফেসবুকারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

তারা আরো বলেন,  তার স্ট্যাটাসে আদিবাসীও স্থানীয়দের মধ্যে চরম বিভেদ সৃষ্টি হচ্ছে। তারা এ হীন কর্মের তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধম্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৩১. অগাস্ট ২০২১ ১১:১৬:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইল জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

একতার কন্ঠঃ  দীর্ঘ ৭ বছর পর টাঙ্গাইলে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার ও টাঙ্গাইল জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি ইব্রাহীম নেসার, সাধারণ সম্পাদক ওসমান গণি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা ও তারেক মাহমুদ পুলু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীপ লুনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেফারী টাইগার নজরুল ইসলাম।

সাধারন সভায় সর্বসন্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বেরের মধ্যে নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই কমিটি গঠন ও নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) কাজি নুসরাত এদিব লুনা। সদস্য হচ্ছেনঃ টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মাওলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আতিকুর রহমান জামিল ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আলী ইমান তপন,।

পরে মধ্যন্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৩১. অগাস্ট ২০২১ ১১:৫৬:পিএম ৫ বছর আগে
বাসাইলে ১৫ ও ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

বাসাইলে ১৫ ও ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার নাইকানীবাড়ি ঈশ্বরগঞ্জ বাজারে এ গণভোজ ও আলোচনা সভা করা হয়েছে।

বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম (সোহেল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি একে আজাদ খানশুর, সহ- সভাপতি সাত্তার জমাদার, রতন মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরি হবি, আওয়ামীলীগ নেতা ইয়াসিন খান,বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাজিদুর রহমান খান রোনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিবলু আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নুরুল ইসলাম সরকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি।

সর্বশেষ আপডেটঃ ৩১. অগাস্ট ২০২১ ০৩:৫৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো এক শিশুর - Ekotar Kantho

টাঙ্গাইলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো এক শিশুর

একতার কন্ঠঃ  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী বিলে সোমবার ( ৩০ আগস্ট) দুপুরে শাপলা তুলতে গিয়ে শিফাত(১২) নামে এক শিশুর বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সময় তানভীর (১২) নামে আরেক শিশু আহত হয়।  নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ওই শিশু ঘোনাবাড়ি গ্রামের মোঃ মোশারফের ছেলে শিফাত ও আহত তানভীর একই গ্রামের আবু তাহেরের ছেলে।

নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন জানান, শিফাত ও তানভীর দুপুরে বৃষ্টির মধ্যে ঘোনাবাড়ি বিলে শাপলা তুলতে যায়। ওই সময় তাদের পাশে বজ্রপাত হয়। এতে তারা আহত হলে স্থানীয়রা  উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিফাতকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার নির্দেশনা অনুযায়ী নিহত শিফাতের পরিবারকে ১০ হাজার ও আহত তানভীরের পরিবারকে ৫ হাজার টাকা নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. অগাস্ট ২০২১ ০২:১০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ডিসি লেকে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ডিসি লেকে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা সদরে অবস্থিত ডিসি লেকে ডুবে শাকিল মিয়া (১৫) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিহত শাকিল মিয়া টাঙ্গাইল জেলা সদর এলাকার মৃত. মতিয়ার রহমান তালুকদারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন।

তিনি জানান, নবম শ্রেণিতে পড়ুয়া শাকিল জেলা সদর মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় ডিসি লেকে গোসল করতে আসে। এ সময় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক   তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ৩১. অগাস্ট ২০২১ ০১:৩৪:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।