/ হোম / আমাদের
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে প্রবাসীর স্ত্রী ফারিয়া (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তার শশুর-শাশুড়ি তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারিয়া ওই এলাকার আব্দুর রশিদের ছেলে প্রবাসী ফরহাদের স্ত্রী। ফারিয়া বাঘেরহাট জেলার চিতলমারি উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল শেকের মেয়ে।

তার শশুর আব্দুর রশিদ বলেন, বুধবার সন্ধ্যার পরে দীর্ঘক্ষণ ফারিয়ার রুমের দরজা বন্ধ পেয়ে দরজায় ধাক্কা দিতে থাকি। কিন্তু রুমের ভিতর থেকে কোন আওয়াজ না আসায় দরজা বাহির থেকে খোলা হয়। এসময় আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখি। দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারিয়ার চাচী সখিনা বেগম বলেন, ফারিয়া ও ফরহাদের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক থাকার পর দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে সমস্যা হচ্ছিল। তার শাশুড়ি তাকে বিভিন্ন সময় গালমন্দ করেন। তিনি দাবি করেন,তারা তাদের মেয়েকে মেরে ফেলেছে। তিনি এর বিচার চান।

ফারিয়ার চাচাতো ভাই মো. ইমরুল শেখ বলেন, তাকে তার শাশুড়ি অনেক নির্যাতন করেছে, ওকে উনারা তাদের ছেলের বউ হিসেবে রাখতে চায় না। আমার বোন ওর স্বামীর সাথে একসাথে থাকতে চেয়েছে এবং আমার বোন দুপুরে কিংবা বিকেলের আগে আমার খালামনিকে ফোন দিয়ে জানিয়েছে ওরা আমাকে মেরে ফেলবে। তার পর সন্ধায় তার মৃত্যু হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান ফারুক জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ আত্মহত্যায় প্ররোচিত করেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে।

তিনি আরো জানান, মেয়ের ভাই রুমি রায়হান বাদি হয়ে আত্মহত্যা প্ররোচন ৩০৬ ধারায় মামলা দায়ের করেছে ।

সর্বশেষ আপডেটঃ ১৯. জানুয়ারী ২০২৪ ০১:৪৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পৌলি ও সল্লা এলাকায় পৃথক এই দূর্ঘটনা ঘটে৷

নিহত নারী চায়না আক্তার (২৫) সদর উপজেলার গালা ইউনিয়নের গালা এলাকার নূর নব্বীর মেয়ে ।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, উপজেলার পৌলি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে৷

তিনি জানান, অপরদিকে উপজেলার সল্লায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত এই ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ১৭. জানুয়ারী ২০২৪ ০২:১৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা - Ekotar Kantho

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মামুন-অর-রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু।

পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাহার আহমেদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১১. জানুয়ারী ২০২৪ ০২:১৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইল সদরে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ারের হ্যাটট্রিক জয় - Ekotar Kantho

টাঙ্গাইল সদরে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ারের হ্যাটট্রিক জয়

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর আসনে টানা তিনবার বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন। তিনি ঈগল প্রতীক নিয়ে ৭২ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মামুন-অর-রশিদ নৌকা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৬৭ ভোট। বিজয়ী ছানোয়ার হোসেন ৬ হাজার ৪’শত ৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ধনাঢ্য ব্যবসায়ী ছানোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। একজন সজ্জন মানুষ হিসেবে তিনি এলাকায় সুপরিচিত।

নির্বাচিত হয়ে ছানোয়ার হোসেন বলেন, আমি টাঙ্গাইলের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আমি বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার একজন কর্মী। মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দিলাম। টাঙ্গাইলের জনগণের সঙ্গে ছিলাম আছি থাকব।

সর্বশেষ আপডেটঃ ১০. জানুয়ারী ২০২৪ ০২:৫৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে লতিফ সিদ্দিকীর অবরোধ - Ekotar Kantho

টাঙ্গাইলে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে লতিফ সিদ্দিকীর অবরোধ

একতার কণ্ঠঃ নির্বাচন পরবর্তী হামলা ও ভাঙচুরের মামলায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সদ্য নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে জনগণের চরম ভোগান্তি হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে মহাসড়ক অবরোধ ও থানার সামনে অবস্থান নেন নেতাকর্মীরা।

পরে কাদের সিদ্দিকীর মধ্যস্থতায় পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কালিহাতী উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

লতিফ সিদ্দিকীর কর্মীরা হলেন, বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান হাসরত আলী, ঘুনী গ্রামের পিন্টু, কস্তুরিপাাড়ার খোকা, সাতুটিয়া গ্রামের হৃদয়, রতনগঞ্জ গ্রামের লাট মিয়া ও মনির সওদাগর। ৪ জন বাদে এজাহারভূক্ত লাট মিয়া ও মনির সওদাগরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনের দিন কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম বিপ্লবের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৮ জানুয়ারি) থানায় মামলা দায়ের করেন বিপ্লব। সোমবার রাতে এ মামলার এজাহারভুক্ত দু’জনসহ ছয়জনকে আটক করে পুলিশ। তাঁরা সবাই লতিফ সিদ্দিকীর কর্মী ও সমর্থক।

আটককৃত অনুসারীদের মুক্তির দাবিতে লতিফ সিদ্দিকী প্রায় হাজার কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কালিহাতী থানার সামনে আসেন। এ সময় তিনি আটককৃত কর্মীদের ছেড়ে দিতে বলেন। পুলিশ তাঁদের ছেড়ে না দেওয়ায় লতিফ সিদ্দিকী ও তার কমী সমর্থকরা থানার সামনে মহাসড়কে বসে অবরোধ শুরু করেন। এ সময় উপজেলার বিভিন্নস্থান থেকে তাঁর কর্মীসমর্থকরা এসে তাঁর সঙ্গে যোগ দেন।

লতিফ সিদ্দিকী ও তার কর্মী সমর্থকরা মহাসড়কে বসে প্রতিবাদ জানান এবং গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিহাতী থানা পুলিশ ও টাঙ্গাইল পুলিস লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিনসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা নবনির্বাচিত এমপি লতিফ সিদ্দিকীকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘যে পর্যন্ত আমার আটককৃত কর্মীদের মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এ অবরোধ চলবেই।’

নবনির্বাচিত এমপি লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘আমার কর্মীদের বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখানে থেকে যাবো না।’

লতিফ সিদ্দিকীর কালিহাতী থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। এরপর কাদের সিদ্দিকী থানার ভিতরে প্রবেশ করে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যাদের এই মামলার এজাহারে নাম না থাকা আটক ৪ জন কর্মীকে তাৎক্ষণিক মুক্তি এবং এজাহারে নাম থাকা দুইজন কর্মীকে দ্রুততম সময়ের মধ্যে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।’

এ সিদ্ধান্ত শুনে কাদের সিদ্দিকীর অনুরোধে লতিফ সিদ্দিকী তার কর্মী সমর্থকদের নিয়ে কালিহাতী থানা ও মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার তার নেতাকর্মীদের নিয়ে থানার দিকে যেতে থাকেন। সংঘর্ষ এড়াতে পুলিশ দুই পক্ষের মধ্যে অবস্থান নিয়ে তাদেরকে অন্যত্র সরিয়ে দেয়।

নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে জয়লাভের পর থেকেই লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকরা আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা-ভাঙচুর করছে ও হুমকি-ধামকি দিতেছে। বীরবাসিন্দায় মারধর ও কোকডহরায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেইসাথে পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আশা করি কালিহাতীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা যথাযথ ব্যবস্থা নিবেন। এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড চললে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ উপযুক্ত জবাব দিবে।’

লতিফ সিদ্দিকীর কর্মী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সোহরাব আলী জানান, নির্বাচনে জয়লাভ করার পর থেকে লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। হাট-বাজারে বের হলেই কর্মীদের মারপিট করা হচ্ছে। এসব কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নির্দেশে করা হলেও তিনি প্রকাশ্যে আসছেন না। তার কথা মতো কালিহাতীতে এসব হচ্ছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, ‘রবিবার নির্বাচনের দিন কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুমের বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য ৪ জনকে আটক করা হয়নি। আইন তার নিজস্ব গতিতেই চলবে।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী হিসেবে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।

সর্বশেষ আপডেটঃ ১০. জানুয়ারী ২০২৪ ০১:৪৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে দলীয় অফিস ‘দুধ দিয়ে ধুয়ে’ স্বতন্ত্র প্রার্থীর ছবি সাঁটালেন আ.লীগ নেতা - Ekotar Kantho

টাঙ্গাইলে দলীয় অফিস ‘দুধ দিয়ে ধুয়ে’ স্বতন্ত্র প্রার্থীর ছবি সাঁটালেন আ.লীগ নেতা

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়িতে আওয়ামী লীগের অফিস দুধ দিয়ে ধুয়ে নৌকার প্রার্থীর ব্যানার খুলে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার সাঁটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, পোড়াবাড়ি বাজারে আওয়ামী লীগের অফিসে নৌকার প্রার্থী এডভোকেট মামুন-অর-রশিদের ব্যানার খুলে ঈগলের প্রার্থী ছানোয়ার হোসেনের ব্যানার লাগিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা নৌকার কর্মী ও অনুসারীদের বাড়ি ঘরে হামলাসহ হুমকি দিচ্ছেন। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মামুন-অর-রশিদ।

সংবাদ সম্মেলনে মামুন-অর-রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সদর আসনে নৌকার মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন কালো টাকা ছড়িয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নৌকার নেতাকর্মীদের হুমকি ধামকি দিয়ে তার পক্ষে কাজ করিয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্তমানে বাড়িছাড়া। আমি এর প্রতিবাদ জানাই।

তিনি বলেন, পোড়াবাড়ি আওয়ামী লীগ কার্যালয় দুধ দিয়ে ধুয়ে আমার ব্যানারের পরিবর্তে সেখানে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার লাগিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। গালা ইউনিয়নের সূত্রধরপাড়ায় সাধন চন্দ্র, ঘারিন্দা ইউনিয়নে বড়রিয়া গ্রামের স্বাধীন, মগড়ার চৌরাকররা গ্রামের স্বাধীন, মাজেদুর, শামীমসহ নৌকার অসংখ্য নেতাকর্মীকে হুমকি ও মারধর করছেন এমপি ছানোয়ারের নেতাকর্মীরা। এসব ঘটনায় পৃথক পৃথকভাবে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তাদের শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমূখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক বলেন, জহিরুল স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করেছেন। তাতে কোনো আপত্তি নেই। আওয়ামী লীগের কার্যালয় তিনি দুধ দিয়ে ধুয়ে স্বতন্ত্র প্রার্থীর ছবি লাগানোর কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমি ঈগলের নির্বাচন করেছি। তবে অফিস দুধ দিয়ে পরিষ্কার করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন বলেন, আমার কোনো সন্ত্রাসী বাহিনী ও কালো টাকা নেই। কোনো প্রকার কালো টাকা ছড়াইনি। নৌকার প্রার্থী কালো টাকা ছড়ানোর কারণে আমি ভোট কম পেয়েছি। তা না হলে আমি আরও অনেক বেশি ভোট পেতাম।

সর্বশেষ আপডেটঃ ১০. জানুয়ারী ২০২৪ ০১:৪৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ব্যালট বক্সে আগুন; ৫ রাউন্ড গুলি, দু্ই আনসার সদস্য আহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ব্যালট বক্সে আগুন; ৫ রাউন্ড গুলি, দু্ই আনসার সদস্য আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ভোট বর্জন করেছেন।

কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা আতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার ভর্তি ব্যালট পেপার বাইরে নিয়ে তাৎক্ষনিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ভোটের পেপার ছিল। পরে সেখানে থাকা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করার পর কেন্দ্রের বাকি বালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়স্ত্রণে ৫ রাউন্ড গুলি করা হয়েছে। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার প্রার্থী সংসদস সদস্য তানভীর হাসান ছোট মনির। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগকারী গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। এ আসনের অন্য প্রার্থীরা হলেন গণফ্রন্টের গোলাম সরোয়ার (মাছ), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল করিম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির সাইফুল ইসলাম (আম) ও জাতীয় পার্টির হুমায়ুন কবীর তালুকদার (লাঙ্গল)।

সর্বশেষ আপডেটঃ ০৭. জানুয়ারী ২০২৪ ১১:৪৩:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী প্রবাস ফেরত যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের ঢাকা-সখীপুর আঞ্চলিক সড়কের নলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইদুল ইসলাম উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ পাড়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে।

জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে সাইদুল ইসলাম মোটরসাইকেল যোগে তার নিজ গ্রাম চতলবাইদ থেকে নলুয়া বাজারে আসার পথে বাজারের কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগামী মাহিন্দ্র ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুলকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , নিহতের পরিবার থেকে কোন বাদী না হওয়ায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে তার লাশ পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. জানুয়ারী ২০২৪ ০৩:১৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মু‌ক্তি‌যোদ্ধাসহ দুজন নিহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্লা এলাকায় সকা‌লে অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় বীর মু‌ক্তি‌যোদ্ধা সুলতান উদ্দিন এবং দুপু‌রে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের পাকু‌টিয়া এলাকায় বাস ও সিএন‌জির সংঘ‌র্ষে আতিক হাসান (৩০) নিহত হন।

মির্জাপুরের ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, বীর মু‌ক্তি‌যোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। হাটাহাটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গে‌লে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুপুরে ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রান্তিক প‌রিবহ‌নের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি চালক আতিক হাসানের। তার বাড়ি উপজেলার চৈথট্র গ্রামে। মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ০৫. জানুয়ারী ২০২৪ ০১:৫৮:এএম ২ বছর আগে
নৌকার বাইরে ট্রাক ছাতি ঈগল এগুলো কোন মার্কা না: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

নৌকার বাইরে ট্রাক ছাতি ঈগল এগুলো কোন মার্কা না: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, নৌকার বাইরে ট্রাক, ছাতি, ঈগল এগুলো কোন মার্কা না। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে নৌকা ছাড়া অন্য কোন মার্কার অস্তিৃত্ব নেই। ঐতিহ্যবাহী কালিহাতীর মানুষ সারা জীবন আওয়ামী লীগ, নৌকা ও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আসন্ন নির্বাচনেও তারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। জনসভায়প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় ভরে উঠে।

মন্ত্রী আরো বলেন, এই নৌকা মাওলানা ভাসানীর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা। কোন ষড়যন্ত্রের দিকে না তাকিয়ে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে দেখেছি, অনেক সূর্য ও নক্ষত্রের পতন হয়েছে। আমরা দেখেছি অনেক বড় বড় নেতা মশাল নিয়ে আলোকিত করতে চেয়েছে , কেউ কেউ নীতি আদর্শ বিসর্জন দিয়ে ধানের শীষ নিয়েও নির্বাচন করেছেন। কিন্তু তারা কেউই জনগণের মন জয় করতে পারে নাই। দেশের শান্তি ও উন্নয়ন চাইলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে শান্তিতে থাকতে হলে নৌকার কোন বিকল্প নাই। আবার যদি জামায়াত-শিবির তাদের ষড়যন্ত্রের মাধ্যমে নৌকাকে পরাজিত করতে পারে, তাহলে দেশের মানুষের ভাগ্যে আবার দুর্দশা নেমে আসবে।

ড. রাজ্জাক জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা হাত তুলে শপথ নিন নৌকা মার্কায় ভোট দিয়ে প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে এমপি নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি ও আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌর মেয়র নুরন্নবী সরকার, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামাণিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ০৫. জানুয়ারী ২০২৪ ০১:২৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মিলন সম্পাদক টুটুল - Ekotar Kantho

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মিলন সম্পাদক টুটুল

একতার কন্ঠঃ জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের নতুন কমিটির অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।

জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মাছুদুর রহমান মিলনকে সভাপতি ও স্থানীয় দৈনিক কালের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক তাইজুল ইসলাম টুটুলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পূনাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির
সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন।

এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল বাশার মজুমদার ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু (দৈনিক জনতার কথা),শহিদুল ইসলাম খান রুমি, মির্জা মাসুদ রুবেল (মাইটিভি), আলামিন শোভন (আনন্দ টিভি)।

যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান কবীর সৈকত (দৈনিক আমাদের নতুন সময়), রাইসুল ইসলাম লিটন (দৈনিক আমার সংবাদ), মাজহারুল ইসলাম শিপলু (দৈনিক আমাদের অর্থনীতি) সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন (দৈনিক একুশের বানী)।

যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম (দৈনিক ভোরের সময় ), জাহাঙ্গীর আলম (দৈনিক আমার বার্তা) সবুজ সরকার (দৈনিক আলোকিত প্রতিদিন), অর্থ সম্পাদক মোত্তালেব হোসেন (দৈনিক অপরাধ কন্ঠ), সহ অর্থ সম্পাদক রুহুল আমিন (দৈনিক বর্তমান কথা)।

দপ্তর সম্পাদক মাহমুদুল খান আরিফ (সাপ্তাহিক লোকধারা), সহ-দপ্তর সম্পাদক সাগর আহম্মেদ (সাপ্তাহিক মৌবাজার), প্রচার সম্পাদক বিভাষ কৃষ্ণ চৌধুরী (দৈনিক নওরোজ), সহ প্রচার সম্পাদক মুক্তার হোসেন (দৈনিক যুগধারা), ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন (সাপ্তাহিক মৌবাজার) সহ-ক্রীড়া সম্পাদক সাহান হাসান (একতার কণ্ঠ)।

সাহিত্য ও জনকল্যাণ সম্পাদক বোরহান তালুকদার (দৈনিক আজকের টেলিগ্রাম) শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন খান (সাপ্তাহিক গণ-বিপ্লব), তথ্য ও প্রয়ুক্তি সম্পাদক মোস্তফা কামাল (দৈনিক জনতার কথা), সহ তথ্য ও প্রয়ুক্তি সম্পাদক জাহিদ (ডেইলি অবজারভার), আইন বিষয়ক সম্পাদক মোঃ শামসুল আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, মানবাধিকার সম্পাদক মোঃ উজ্জল মিয়া, (দৈনিক স্বাধীন সংবাদ । ধর্ম বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম (মৌবাজার) সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোশাররফ হোসেন ঝিন্টু সিদ্দিকী (সাপ্তাহিক গণবিপ্লব),সেলিম তরফদার (সাপ্তাহিক পাপিয়া) রশিদ আহাম্মদ আব্বাসী (এশিয়ান টিভি ও বাংলাদেশ সময়) এনামুল হক দীনা (সাপ্তাহিক লোকধারা), সাজ্জাত হোসেন লিংকন (ডেইলি অবজারভার), আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা), খন্দকার খায়রুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজ) রেজাউল করিম (দৈনিক বাংলাভূমি), মাসুম ( দৈনিক দেশ বার্তা), বাবুল রানা (বাংলাদেশ সমাচার) আনোয়ার হোসেন ( দৈনিক আলোকিত প্রতিদিন), আতোয়ার রহমান খান (দৈনিক কালের বার্তা) কামরুজ্জামান (দৈনিক বর্তমান কথা), হাবিবুল্লাহ বাহার (দৈনিক কালের বার্তা), মোস্তাফিজুর রহমান মারুফ (একতার কণ্ঠ), মজনু মিয়া (দৈনিক যুগধারা), এম এ করিম (দৈনিক কালের বার্তা), নোমান (দৈনিক মজলুমের কন্ঠ) মাহদী মাসুদ (দৈনিক কালের বার্তা), নজরুল ইসলাম (মৌবাজার), মজিবর রহমান (দৈনিক কালের বার্তা), , মোঃ সজিব (দৈনিক কালের স্রোত)।

সর্বশেষ আপডেটঃ ০৪. জানুয়ারী ২০২৪ ০২:৩০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নেশার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে নেশার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় শফিকুল ইসলাম (৬০) নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হেলাল মিয়ার (২৬) বিরুদ্ধে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে অভিযুক্ত ছেলে মো. হেলাল মিয়াকে উপজেলার বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ১১ টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশার জন্য টাকা চান। টাকা না দেওয়ায় বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় তিনি। পরে বাবার চিৎকারে হেলালের বড় ভাই দুলাল মিয়া ঘর থেকে বের হয়ে এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে বাড়িতে নিয়ে আসতে বলে। এরপর শফিকুল ইসলাম বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১ জানুয়ারি) রাতে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে হেলাল মিয়াকে গ্রেপ্তার করে।

ঘাতক ছেলে হেলাল মিয়ার মা শেফালী বেগম বলেন, ‘আমার ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজ-কর্ম করতো না। নেশার টাকা জোগাতে না পেয়ে তার বাবার সাথে ঝগড়ার এক পর্যায়ে মাথায় আঘাত করে এবং গুরুতর আহত হয়। পরে সোমবার রাতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মায়া যায়। এ নিয়ে থানায় হেলালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, হেলাল মিয়ার মা শেফালী বেগমের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয় এবং তার বাবা শফিকুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া তার বাবাকে আঘাত করার দায় স্বীকার করেছেন।

সর্বশেষ আপডেটঃ ০৩. জানুয়ারী ২০২৪ ০২:০৪:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।