/ হোম / আমাদের
টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

একতার কণ্ঠঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ জুন) সকালে উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করছেন।

স্থানীয় ঈমান আব্দুর রহমান জানান, সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তিনি ঈদের নামাজ পড়ান। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।

লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, শশীনাড়া একটি ছোট গ্রাম।এই গ্রামে পাঁচ শতাধিক মানুষের বসবাস।এই গ্রামের একটি সমাজের শতাধিক মানুষ সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে।আমি শুনেছি ১০-১২ বছর ধরে এই গ্রামের ৫০-৬০ পরিবার ঈদ উদযাপন করে আসতেছে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুন ২০২৩ ০৪:১৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা লাকড়ির ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা লাকড়ির ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা- জামালপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একজন সহ দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) রাত ৯ টার দিকে ওই মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহত দুই গার্মেন্টস কর্মী হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২০) ও তার মা নাসিমা বেগম (৪৫)।

নিহত নাসিমার ছেলে বিপ্লব জানান, তাঁরা সবাই আশুলিয়া বেরিবাঁধ এলাকায় একটি গার্মেন্টসে কাজ করত। ঈদের ছুটিতে বাইপাইল থেকে একটি পিকআপ যোগে তিনি সহ তার মা, ভাই, ভাবী, খালা ও খালু মিলে বাড়ি ফিরতেছিল। পথিমধ্যে এলেঙ্গা-জামালপুর মহাসড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় পৌঁছলে সড়কের পাশে বাঁকাভাবে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এসময় সাথে সাথেই আমার ভাবী নিশি মারা যায়।

তিনি আরও জানান, ওই পিকআপে আমরা প্রায় ২০ জনের মতো যাত্রী ছিলাম। পরে এখানকার লোকজন আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আমার মা মারা যায়।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এলিন আরাফাত অনিক জানান, এই সড়ক দুর্ঘটনায় ১৫ জন রোগী আহতবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং নাসিমা নামের এক নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে মারা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।

এবিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব জানান, কালিহাতী উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে ঢাকা বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ দ্রুত এবং বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন ও কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মোট দুইজন পিকআপের যাত্রী নিহত হয়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, লাশ দুটি আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুন ২০২৩ ০২:৩৮:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম আহমেদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার(২৬ জুন) দুপুরে উপজেলার বোয়ালী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাঈম বোয়ালী কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টার দিকে বন্ধুর সাথে বোয়ালী পেট্রোল পাম্পে তেল আনতে যায়। টাঙ্গাইলগামী একটি সিএনজি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল চারটায় তার মৃত্যু হয়।

নাঈমের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২৩ ১১:৪৭:পিএম ৩ বছর আগে
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ টাকা টোল আদায় - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ টাকা টোল আদায়

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বৃদ্ধি পাচ্ছে। এতে করে মহাসড়কে কখনো যানজট, ধীরগতি ও স্বস্তি ভোগ করছে ঘরমুখো মানুষ।

এনিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা যায়, সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

তারমধ্যে সেতু পূর্ব টাঙ্গাইল অংশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। তার বিপরীতে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ যানবাহন বেশি পারাপার হয়। গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। যানজট এড়াতে উভয়পাড়ে অতিরিক্ত টোল বুথও বসানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২৩ ১১:১০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলের মির্জাপুরে সহযাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের - Ekotar Kantho

টাঙ্গাইলের মির্জাপুরে সহযাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইলের মির্জাপুরে আরেকজনকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে সজিব হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) রাতে মির্জাপুর স্টেশনের পূর্ব গেটের কাছে বাওয়ার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন নওগাঁ সদর উপজেলার রাইজুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আহত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন একই জেলার বদলগাছি উপজেলার ওলাবাজার গ্রামের এনামুল হকের ছেলে রেমন হোসেন (২৬)।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টার দিকে মির্জাপুর স্টেশনের পূর্ব গেটের কাছে বাওয়ার কুমারজানি নামক স্থানে পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর দিয়ে টানানো ডিস লাইনের তারে আটকে ট্রেনের ছাদ থেকে পড়ে যান যাত্রী সজিব ও রেমন হোসেন। সজিব ঘটনাস্থলে মারা যান। রেমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। ডিস লাইনের তারে আটকে আরও দুই যাত্রী আহত হলেও তারা নিচে পড়েননি। তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত রেমন হোসেন বলেন, গাজীপুর স্ট্যান্ডার্ড সিরামিক কারখানায় চাকরি করি। ট্রেনের ছাদে গাদাগাদি করে বসে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম। মির্জাপুর রেল স্টেশনের কাছে আসার পর একজন লোক পড়ে যাওয়ার সময় আমার পা টেনে ধরেন। তখন আমরা দুজনই নিচে পড়ে যাই। লোকটি ওখানে মারা গেলেও আমি আল্লাহর রহমতে বেঁচে আছি।

মির্জাপুর স্টেশনের গেটম্যান শান্ত ইসলাম বলেন, দিনগত রাত ১২টার দিকে আহত লোকটি আমার কাছে এসে দুর্ঘটনার খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আহত ব্যক্তিকে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ সকালে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে।

মির্জাপুর রেলস্টেশনের মাস্টার কামরুল হাসান বলেন, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশনে আসার আগেই দুর্ঘটনাটি ঘটে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২৩ ০৫:৫৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কলেজ ছাত্রের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে কলেজ ছাত্রের আত্মহত্যা

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের সখীপুরে বাবা-মার সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে মিনহাজ উদ্দিন নিরব (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার (২৪ জুন)রাত সাড়ে আটটার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব ওই গ্রামের আজিজুল হকের ছেলে ও বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয় নিরব। পরিবারের লোকজন টের পেয়ে রশি কেটে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বছির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রেজাউল করিম জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুন ২০২৩ ০২:৩৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ কর্মী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাইক আরোহী দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।

রোববার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)। তারা উপজেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, রিফাত ও অন্তর আলী মোটরসাইকেলে করে বাজিতপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে।

তিনি আরো জানান,এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুন ২০২৩ ১২:৩১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় হারুন দেওয়ান (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছে।

রোববার(২৫ জুন) ভোরে পৌর শহরের মুখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকসহ ট্রাকের চালক জাহিদ হাসানকে (৩০) আটক করে থানায় সোপর্দ করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।

নিহত অটোরিকশাচালক হারুন দেওয়ান বোয়ালী দক্ষিণপাড়া গ্রামের সোমেদ আলীর ছেলে।

ট্রাকচালক জাহিদ হাসান কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোরে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে নিজের সিএনজিচালিত অটোরিকশার কাছে চালক হারুন দেওয়ান দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সাগরদীঘিগামী দ্রুত গতির একটি ট্রাক হারুনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ট্রাক ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ০৯:২২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সিজারিয়ান ছাড়াই একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী।

বুধবার(২১ জুন) বিকেলে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তার কোলজুড়ে ফুটফুটে তিনটি কন্যা সন্তান জন্ম নেয়।

শিউলি আক্তার কালিহাতী পৌরসভার থানা পাড়া এলাকার সৌদি প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী। একসঙ্গে তিন তিনটি কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে খুব খুশি দেলোয়ার-শিউলি দম্পতি। এই দম্পত্তির আগের ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

গৃহবধু শিউলি আক্তারের ছোট বোন মুক্তি আক্তার শিল্পী জানান, শিউলি প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে বুধবার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঐদিন বিকেলেই সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে আরও দুইটি বাচ্চা পেটে থাকায় ডাক্তারের পরামর্শ ক্রমে শিউলিকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের পথে ইছাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সেই নরমাল ডেলিভারির মাধ্যমে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়।

তিনি আরও জানান, গৃহবধু শিউলি আক্তারসহ তিন নবজাতক মোটামুটি সুস্থ রয়েছেন।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাহেদুর রহমান জানান, মাসহ তিন নবজাতকের চিকিৎসা সংক্রান্ত কোন বিষয় প্রয়োজন হলে স্বাস্থ কমপ্লেক্সের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ০৪:৪২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মহিলা লীগের কর্মীদের এমপি ছানোয়ারের ঈদ উপহার - Ekotar Kantho

টাঙ্গাইলে মহিলা লীগের কর্মীদের এমপি ছানোয়ারের ঈদ উপহার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে তৃণমূল আওয়ামী মহিলা লীগের ২ হাজার কর্মীকে ঈদ উপহার দিয়েছেন সদর আসনের এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেন।

শনিবার(২৪ জুন) সকালে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের তৃণমূল ভবনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন বলেন, শনিবার ২ হাজার তৃণমূল মহিলা লীগের কর্মীদের মাঝে চাল,ডাল,তেল,চিনি,আলু,পিয়াজ,দুধ ও সেমাই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী মহিলালীগের তৃণমূলের সকল কর্মীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ ঈদ উপহার হিসেবে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুগ্ম সাধারন সম্পাদক হযরত আলী ও জেলা আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদক ফেরদোসী আক্তার রুনু প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ০২:০১:এএম ৩ বছর আগে
৪১ জনকে চাকরি দেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় - Ekotar Kantho

৪১ জনকে চাকরি দেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়

একতার কণ্ঠ: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন অফিসসমূহে ০২টি পদে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল

পদের বিবরণ: গাড়ীচালক (১২ টি), অফিস সহায়ক (২৯ টি)

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা)

বয়স: ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল; তারাও আবেদন করতে পারবেন।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা জেলা প্রশাসকের ওয়েবসাইট www.tangail.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেলা প্রশাসক, টাঙ্গাইল।

আবেদন ফি: ট্রেজারি চালানের মাধ্যমে ১ নং পদের জন্য ২০০ টাকা, ২ নং পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৩ তারিখ অফিস চলাকালীন সময় (সকাল ০৯টা-বিকেল ০৪টা) পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ১২:১৪:এএম ৩ বছর আগে
বিদেশিদের নয়, আমরা চাই দেশের জনগণের সমর্থন- কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিদেশিদের নয়, আমরা চাই দেশের জনগণের সমর্থন- কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে এ সরকারের প্রতি বিদেশিদের সমর্থন নেই, দেশের মানুষের সমর্থন নেই। বিদেশিদের সমর্থন দরকার নেই আমাদের। আমরা চাই দেশের জনগণের সমর্থন। জনগণ এদেশের মালিক। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কি না। সেটা নির্বাচনে প্রমাণ হবে।

শনিবার(২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার দেশটাকে উত্তাল করতে চায়। সংবিধানের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিদেশিদের কাছে হাত পাতছেন, তাদের কাছে ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে ভিক্ষা চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য। আমি তাদের উদ্দেশে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময়ও অনেক বিদেশি শক্তি আমাদের বিরুদ্ধে ছিল। সেই সময় দেশের জনগণ আমাদের পক্ষে ছিল। সরকার নির্বাচিত সরকার। এ সরকার জনগণের সরকার। জনগণের জানমাল, সম্পদ ও নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, ১৪ ও ১৫ সালের মতো আর তাণ্ডব চালাতে দেব না বিএনপিকে। মানুষকে জীবন্ত হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দেবেন তা হবে না এখন। বর্তমান সরকার এগুলোকে প্রতিহত করতে পারে।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আবার দেশটাকে উত্তাল করতে চাচ্ছে। তারা ১৪ সালে যে তাণ্ডব চালিয়েছে সে রকম আর তাণ্ডব চালাতে পারবে না। পুলিশকে হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দেবেন তা হবে না। বর্তমান সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠা করেছে, উন্নয়ন করেছে, জনগণ সরকারের সঙ্গে রয়েছে, জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করবো।

কৃষিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি সুশৃঙ্খল, অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে, অনেক বেশি সংগঠিত। তাদের দায়িত্ব বর্তমান সরকারকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা। আমার দৃঢ় বিশ্বাস, তারা সে সক্ষমতা রাখে। তারা কোনো রাজনৈতিক অশ্লীলতা সৃষ্টি করতে পারবে না।

এ সময় মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ,মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ১০:০৭:পিএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।