/ হোম / আমাদের
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে একটি হত্যচেষ্টা মামলায় সাবেক (অপসারণকৃত) ওয়ার্ড কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়পুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম খান মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগের কয়েকজনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোবায়েদ ইসলাম নিঝুম। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন শামীম খান।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃত শামীমকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সকল পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করলে শামীম কাউন্সিলরশীপ হারান।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২৫ ০৩:৫৪:এএম ৯ মাস আগে
উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা চুরির বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন মাজেদুর - Ekotar Kantho

উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা চুরির বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন মাজেদুর

আরমান কবীরঃ টাঙ্গাইলে বিগত তিন বছর যাবৎ জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন অটোরিকশা চুরির বিচার ও প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মো. মাজেদুর রহমান নামে এক অসহায় অটোচালক।

অটোরিকশা চোর চক্রটি তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় তিনি টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। বরং প্রতি পদে পদে তাকে সহ্য করতে হয়েছে অবজ্ঞা ও দুর্ব্যবহার। এখন মাজেদুর একটি মুদির দোকানে কাজ করেন। মুদির দোকানের অল্প আয়ে সে কোনরকমে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অটোরিকশা চালিয়ে তিনি তার বড় মেয়েকে বিয়ে দিতে পারলেও বর্তমানে তিনি মুদির দোকানের সল্প আয়ে দুই মেয়ে ও এক ছেলেকে পড়ালেখা করাতে হিমশিম খাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসের ২৪ তারিখ সকালে তিনি তার অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো জীবিকা নির্বাহের জন্য বের হন। সেদিন রাত ১০ টার সময় শহরের বড় কালিবাড়ী এলাকা থেকে একটি সাদা রংয়ের পাজেরো জিপ তাকে ফলো করে টাঙ্গাইল আলিয়া মাদ্রাসা সংলগ্ন সাব পোস্ট অফিসের সামনে তার অটোরিকশার গতি রোধ করে এবং অটোর চাবি ছিনিয়ে নেয়। তিনি তাতে বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে অটোরিকশা থেকে ফেলে দেয়। এসময় তার বুক পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে অটোটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার অটোরিকশাটি পৌরসভার লাইসেন্স ভুক্ত যার নাম্বার – ১৫৩৬। পরে মাজেদুর রহমান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকার মৃত মাখন মিয়ার ছেলে মো. মেহেদী (৪৫), মৃত কমল মিয়ার ছেলে তানজিল (৩০), লাল মিয়ার ছেলে সাজ্জাদ (৩০), আশিক (২৫) (পিতা অজ্ঞাত), মমিন মিয়া (৪০) (পিতা অজ্ঞাত)।

অভিযুক্তরা সবাই তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় তৎকালীন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ও তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন অভিযোগের ভিত্তিতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করেই উল্টো মাজেদুরকে বিভিন্ন ধরনের ঘুমকি-ধামকি দিতে থাকে। তাকে অভিযোগ প্রত্যাহারের জন্যও চাপ প্রয়োগ করে।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে মাজেদুর পুনরায় টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ তাকে কোন ধরনের অভিযোগ দায়েরের সুযোগ না দিয়ে বলেন, এটি অনেক পুরোনো ঘটনা ও আসামিরা সবাই পলাতক। ফলে পুনরায় আইনের ন্যায়বিচার থেকে বঞ্চিত হন অসহায় মাজেদুর।

মাজেদুর উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে বর্তমানে একটি মুদির দোকানে কাজ করে স্ত্রী সন্তান নিয়ে কোন রকমে দিন পার করছেন।

মাজেদুর জানান, তিনি দিনমজুর ও অসহায় হওয়ায় শহরের প্রাণকেন্দ্র থেকে প্রকাশ্যে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেলেও থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। গত তিন বছর যাবত তিনি থানাসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিকার পাওয়ার আশায় কিন্তু সবাই তাকে অবহেলা ও অবজ্ঞা করেছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আশা করেছিলেন হয়তোবা এবার সুবিচার পাবেন কিন্তু তিনি এবারো নিরাশ হয়েছেন। তিনি জানান, গরিবের জন্য শুধু আল্লাহ তায়ালাই রয়েছেন। আমি তার বিচারের আশায় রয়েছি।

সদ্য বদলিকৃত টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিন বছর আগের, এছাড়া অভিযোগের তদন্ত কর্মকর্তা ও তৎকালীন অফিসার ইনচার্জ বদলি হওয়াতে এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বিষয়টি মানবিক হলেও আইনগত প্রক্রিয়ার কারণে এগোনো সম্ভব হচ্ছে না।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২৫ ০২:৫৬:এএম ৯ মাস আগে
আহমেদ আযমের বিরুদ্ধে আ’লীগ পুনর্বাসনের অভিযোগে বিএনপি নেতাদের গণহারে পদত্যাগ - Ekotar Kantho

আহমেদ আযমের বিরুদ্ধে আ’লীগ পুনর্বাসনের অভিযোগে বিএনপি নেতাদের গণহারে পদত্যাগ

আরমান কবীরঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও বহিষ্কৃত সভাপতিসহ ছয় নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তাদের পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ এনে তারা পদত্যাগ করেন বলে জানা গেছে।

পদত্যাগকারীরা হলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপি’র বহিষ্কৃত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সাজু, সদস্য আশরাফুল ইসলাম বাদল, উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ ও বহুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া।

তারা ২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর মধ্যে বিভিন্ন সময় পদত্যাগ করেন বলে জানা গেছে। তাদের পদত্যাপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ছয়জনের পদত্যাগপত্রে একই ধরনের কথা উল্লেখ করা হয়েছে।

তারা পদত্যাগপত্রে লিখেছেন- ‘বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার অবৈধ সরকারের আমলে দলের সব রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছি। যে কারণে আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনী দ্বারা মিথ্যা মামলা-হামলায় একাধিকবার জেল-জুলুমসহ নানাবিধ অত্যাচার সহ্য করে দলীয় আদর্শ হৃদয়ে ধারণ করে দলের সব কর্মসূচি পালন করে আসছি। বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান দ্বারা আওয়ামী লীগের সর্বস্তরের দোসরদের দলীয় কার্যক্রমে সামনের সারিতে এনে পুনর্বাসন করার প্রতিবাদ করলে তিনি বিএনপি’র এই নেতাকর্মীদের সঙ্গে বিমাতাসুলভ অনাকাঙ্ক্ষিত অসদাচরণ করেন; যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি। তার মতো একজন জাতীয় নেতার এমন বিমাতাসুলভ অসাংগঠনিক আচরণের জন্য ক্ষুব্ধ হয়ে এই ছয় নেতা দলীয় সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

এই পদত্যাগপত্রের অনুলিপি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে দেওয়া হয়।

বাসাইল-সখীপুর আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে থেকেই তিনি নির্বাচনি গণসংযোগ, জনসভা, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে আসছেন; কিন্তু দীর্ঘদিন ধরেই বাসাইল ও সখীপুর উপজেলা বিএনপি’র শীর্ষপর্যায়ের একটি পক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কোন্দল সৃষ্টি হয়ে আছে। আহমেদ আযম খান মনোনয়ন পেলেও দুই উপজেলার বিএনপি’র শীর্ষপর্যায়ের একটি পক্ষ তার নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন না।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সখীপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সাজুকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। তার অব্যাহতিতে আহমেদ আযম খানের হাত রয়েছে বলে অভিযোগ উঠে। এ কারণে সখীপুর উপজেলা বিএনপি’র মধ্যে নতুন করে ভেতরে ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়। এই ছয় নেতার পদত্যাগের পর কোন্দল আরও প্রকাশ্যে এসেছে।

অপরদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডলকে আহমেদ আযম খানের হুমকি ও অশালীন ভাষায় কথা বলার একটি অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা। এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে নিয়েও সমালোচনা করা হয়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে আহমেদ আযম খান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। এসব বিষয় নিয়ে আহমেদ আযম খান বেশ সমালোচনার মুখে পড়েছেন।

সদ্য পদত্যাগ করা সখীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার বলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী আহমেদ আযম খান জিয়ার আদর্শের বাইরে গিয়ে কাজ করছেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে আমিসহ এ পর্যন্ত ২০ থেকে ৩০ জন পদত্যাগ করেছি। প্রায় ২শ নেতাকর্মী পর্যায়ক্রমে পদত্যাগ করবেন। আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।

সখীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার বলেন, তাদের পদত্যাগের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমরা এখনো কোনো পদত্যাগপত্র হাতে পাইনি। এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। ধানের শীষের প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেন, আমি অতীত ও বর্তমানে কোনো দিন আওয়ামী লীগকে কখনো পুনর্বাসন করিনি, ভবিষ্যতেও করব না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল অনৈতিকভাবে দুই-একজন বহিষ্কৃত নেতাদের মাধ্যমে কিছু নেতাকর্মীকে অনুরোধ করে আবার কিছু নেতাকর্মীকে জোর করে স্বাক্ষর করিয়েছে বলে আমি শুনেছি।

তিনি আরও বলেন, তবে অনেক নেতাকর্মী আমাকে জানিয়েছেন- তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হলেও তারা আমাদের নেতৃত্বে ধানের শীষের পক্ষেই থাকবেন। ধানের শীষের বিরুদ্ধে আচরণকারী, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে নেতাকর্মী তথা বাসাইল-সখীপুরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২৫ ০১:৪৩:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, দুই লাখ টাকা জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, দুই লাখ টাকা জরিমানা

আরমান কবীরঃ টাঙ্গাইলে বাসি-পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে জহিরুল ইসলাম নামে এক রান্নাঘর মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল।

সোমবার (২৪ নভেম্বর) সকালে পৌরসভার কান্দাপাড়া রোডে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওই রান্নাঘরে প্রস্তুত খাবার স্থানীয় কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি ও হানিফ বিরিয়ানিতে সরবরাহ করা হতো।

অভিযান‌ প্রসঙ্গে আসাদুজ্জামান রোমেল বলেন, রান্নাঘরজুড়ে নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বিরাজ করছিল, প্রতিদিনই আগের দিনের বাসি খাবার এখানে গরম করে পুনরায় কাচ্চি খাদক, হাজী বিরিয়ানি ও হানিফ বিরিয়ানিতে সরবরাহ করা হতো।
যা ভোক্তার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় ও রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ সদস্য ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২৫ ০১:৩৩:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ

আরমান কবীরঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিশাল মিছিল সহকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এরআগে এই কর্মসূচির সমর্থনে টাঙ্গাইল সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে খন্ড-খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়।

লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমি শতভাগ আশাবাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান আমাকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন দেবেন। টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে ইতিমধ্যেই ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অবিলম্বে টাঙ্গাইল-৫ (সদর) আসনে টাঙ্গাইল সদরের ছেলেকেই মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই শেষ পর্যন্ত কাজ করে যাব।

লিফলেট বিতরণ কর্মসূচী ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামিমুর রহমান খান, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন প্রমুখ।

এই লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. নভেম্বর ২০২৫ ১১:৩৯:পিএম ৯ মাস আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আরমান কবীরঃ টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশাল জেলার চর ফ্যাশন উপজেলার মো. রাকিব (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মরদেহ অরণখোলা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৪. নভেম্বর ২০২৫ ০৩:৫৩:এএম ৯ মাস আগে
শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে: প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা  - Ekotar Kantho

শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে: প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা 

আরমান কবীরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্তলালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ করা। এছাড়াও শিশুকে সুনাগরিক এবং সমাজে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা।

এই কাজটি আমরা করব পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষার গুনগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, শিক্ষার পরিবেশটা যেন আনন্দদায়ক হয়। সেটা শিশু পড়ে যেন আনন্দ পায়। একটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে স্বপ্ন শিখাতে হবে। সে যেন স্বপ্ন দেখতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানো টা খুবই গুরুত্বপূর্ণ। একটি শিশুকে সব সময়ই আমিও পারি এই সাহসটা জাগ্রত করতে হবে।

তিনি আরো বলেন অনুষ্ঠানে শিক্ষকদের প্রশ্ন পড়বে যেটা জানতে পারলাম এতে করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ সব কিছুরই সমস্যা চিহ্নিত করছি।আগামীতে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্তলালয়ের সচিব আবু তাহের মো:মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আজমুল হক এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্তলালয়ের মহাপরিচালক আবু নৃর মো,শামসুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ২৩. নভেম্বর ২০২৫ ০৯:৫৫:পিএম ৯ মাস আগে
টাঙ্গাইল পৌর সড়কে অবৈধভাবে তৈরি ব্যাটারিচালিত রিক্সায় সয়লাব, জনভোগান্তি চরমে  - Ekotar Kantho

টাঙ্গাইল পৌর সড়কে অবৈধভাবে তৈরি ব্যাটারিচালিত রিক্সায় সয়লাব, জনভোগান্তি চরমে 

আরমান কবীরঃ টাঙ্গাইলে অনুমোদনহীন ভাবে তৈরি হচ্ছে শত শত ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। ফলে পৌর এলাকার প্রায় প্রতিটি সড়কে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রিকশা ও অটোরিকশা চলাচলের কারণে শহরে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে অফিস টাইমে স্থবির হয়ে পড়ছে শহরের রাস্তাঘাট। ঘন্টার পর ঘণ্টা যান জটের কবলে আটকা পড়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে অফিস যাত্রী ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা

টাঙ্গাইল পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, বিগত মেয়র সিরাজুল হক আলমগীরের সময়ে টাঙ্গাইল পৌরসভা থেকে ৬ হাজার প্যাডেল রিকশার লাইসেন্স দেওয়া হয়। প্রতিটি লাইসেন্স বাবদ ফি নেওয়া হয় ১ হাজার টাকা। এই লাইসেন্স প্যাডেল চালিত রিকশার জন্য দেওয়া হলেও পৌরসভার এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে বর্তমানে লাইসেন্স গুলো ব্যবহৃত হচ্ছে ব্যাটারিচালিত রিকশায়। এটা পৌরসভার আইন অনুযায়ী নিয়ম বহির্ভূত। বিগত সময়ের মেয়র দায়িত্ব থাকাকালীন সময় থেকেই এভাবে চলছে বলে জানা যায়। কিছু কিছু রিকশার মালিকরা একই নামে দশের অধিক লাইসেন্স নিয়ে ব্যাটারিচালিত রিকশা ক্রয় করে চালকদের কাছে ভাড়া দিচ্ছেন।

পৌরসভার তালিকাভূক্ত ৬ হাজার রিকশা থাকলেও বাস্তবে শহরে এর ৩ থেকে ৪ গুন ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এই রিকশাগুলো টাঙ্গাইলের অননুমোদিত মা-মটরস, বিসমিল্লাহ মটরস, একতা মটরসসহ আরো নামে-বেনামে ৩০টির অধিক অবৈধ কারখানা থেকে তৈরি হচ্ছে।

এইসব কারখানার অধিকাংশ মিস্ত্রিদের কোন ধরনের কারিগরি ও শিক্ষাগত যোগ্যতা নেই। শুধুমাত্র অতীত অভিজ্ঞতা থেকেই তৈরি এইসব ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হচ্ছে। ফলে শহরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এছাড়া এইসব রিকশা গুলোর ব্যাটারি চার্জ করতে প্রচুর পরিমাণে বিদ্যুতের দরকার হচ্ছে।‌ এর ফলে দিনদিন শহরে লোডশেডিং বাড়ছে।

সরজমিনে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক সড়কের চিলাবাড়ি এলাকায় মা-মটরস কারখানায় গিয়ে দেখা যায়, তিনজন কারিগর ব্যাটারিচালিত রিকশার নতুন অনেক গুলো বডি তৈরি করছে। এদের দুইজনকে মালিক রংপুর ও ময়মনসিংহ থেকে ভাড়া করে এনেছে। এছাড়া একজন ১২ বছরের কিশোর কোনরকম নিরাপত্তা পোশাক না পড়েই ওয়েল্ডিংয়ের কাজ করছে। তারা জানায়, প্রতিটি বডি তৈরি করলে ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে ১ হাজার ২শত টাকা ও অটোরিকশা তৈরির ক্ষেত্রে ৩ হাজার টাকা করে মুজুরি পান। এছাড়া থাকা-খাওয়া মালিকের মধ্যে। চিলাবাড়িতেই রয়েছে মা-মটরসের বিক্রয়ের শোরুম। শো রুমের সমানেই সড়কের অপর পাশে ঢাকা থেকে কারিগর এনেছেন রিকশার সিট ও সৌন্দর্য বর্ধনের হুড তৈরির জন্য। এছাড়া রিকশার সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের নকশার কাজ করছেন স্থানীয় একজন কারিগর।

মা-মটরসের মালিক দুলাল মিয়া এক সময় রিকশার মেকার হিসেবে টাঙ্গাইল শহরে কাজ করতেন। বর্তমানে তিনি সেই অভিজ্ঞতা থেকেই ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা তৈরির কারখানা দিয়েছেন। তিনি জানান, এই ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা তৈরির কোন ধরনের বৈধ অনুমোদন পত্র তার নেই এবং কোন ধরনের কারিগরি জ্ঞানও নেই। তিনি দীর্ঘদিন রিকশা মেরামত অথাৎ মেকারের কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এই রিকশা তৈরির কারখানা করেছেন।

এমনকি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) টাঙ্গাইলের ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কাজ করার কোন অনুমোদন আছে কিনা তার কাছে জানতে চাইলে তিনি সে ব্যাপারেও না করেন। কোন ধরনের অনুমোদনের তোয়াক্কা করেন না বলেও তিনি জানান।

স্থানীয় ইউপি সদস্য সোরহাব হোসেন জানান, মা-মটরস নামের একটি ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা তৈরির কারখানা আমার ৬নং ওয়ার্ডে রয়েছে। তবে সরকারি ভাবে তাদের এই রিকশা ও অটোরিকশা তৈরির কোন কাগজপত্র আছে কিনা সেটা আমার জানা নেই। প্রয়োজনে বিষয়টি আমি খতিয়ে দেখবো।

এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান, জুয়েল রানা, সহকারী অধ্যাপক মো. শাহজাহান মিয়া, শিক্ষিকা সেলিনা হোসেন জানান, শহরের প্রয়োজনের অতিরিক্ত ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল করছে। এর সাথে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম্বার বিহীন ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। ফলে ব্যস্ততম সময়ে শহর এক প্রকার অচল হয়ে পড়ে। এছাড়া এই ধরনের রিকশা চলাকদের কোন ধরনের প্রশিক্ষণ না থাকায় যত্রতত্র রিকশা পার্কিং ও যাত্রী তোলার ফলে এই যানজট আরও প্রকট আকার ধারণ করে। এইসব অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা তৈরির কারখানা বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তাহলে শহরে কিছুটা হলেও যানজট কমবে।

টাঙ্গাইল সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শাহীন মিয়া জানান, আমি টাঙ্গাইলে নতুন দায়িত্ব নিয়েছি। ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা তৈরি আইনগতভাবে বৈধ নয়। তাই এই ধরনের কোন রিকশা তৈরির কারখানার সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. শিহাব রায়হান জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন করে কোন ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান করা হয়নি। আর টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষ অবৈধ ব্যাটারিচালিত রিকশা মুক্ত শহর করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও এই অবৈধ রিকশা গুলো আটক করে ডাম্পিং করা যায় কিনা সেই বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আলাপ আলোচনা চলছে। খুব দ্রুতই এইসব অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২৫ ০১:১৭:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল - Ekotar Kantho

টাঙ্গাইলে তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

আরমান কবীরঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল কোর্ট মসজিদে জেলা বিএনপি’র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেয়, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর রহমান সুমন প্রমুখ।

এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ, তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে।

সর্বশেষ আপডেটঃ ২০. নভেম্বর ২০২৫ ০৯:৪০:পিএম ৯ মাস আগে
টাঙ্গাইলে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা মৌজায় লায়ন ফেরদৌস আলম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে জোরপূর্বক ২২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজু আহম্মেদ ভুইয়া (পিতা: মৃত হাসান আলী ভুইয়া) ওয়ারিশ সূত্রে গান্ধিনা মৌজার এসএ খতিয়ান নং ৬৫০-এর দাগ নং ১২৪৭, ১২৪৮ ও ১২৪৯—এই তিনটি দাগে মোট ৬৬ শতক জমির মধ্যে ২২ শতাংশ জমির মালিক হন। অভিযোগকারী জানান, উক্ত জমির ২০২৫-২৬ অর্থবছরের খাজনাও তিনি পরিশোধ করেছেন।

রাজুর অভিযোগ, শিল্পপতি লায়ন ফেরদৌস আলম ফিরোজ প্রভাব খাটিয়ে তার মালিকানাধীন ২২ শতাংশ জমিতে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ করে দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। বিষয়টিকে তিনি সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক দাবি করেছেন। প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে তিনি এসিল্যান্ডের কাছে অভিযোগ করতে বাধ্য হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ফেরদৌস আলম ফিরোজ এলাকার একজন শিল্পপতি ও বিত্তশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও মাত্র ২২ শতাংশ জমি দখলের ঘটনাটি তাদের অবাক করেছে। তাদের মতে, দখলকৃত জমির প্রকৃত মূল্য পরিশোধ করে সমঝোতায় আসাই তার জন্য মঙ্গলজনক হবে।

অভিযোগকারী রাজু আহম্মেদ ভুইয়া বলেন, আমার ২২ শতাংশ পৈত্রিক সম্পত্তি তিনি জোর করে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। প্রতিকার চেয়ে এসিল্যান্ড মহোদয়ের কাছে অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে লায়ন ফেরদৌস আলম ফিরোজের সঙ্গে সরেজমিন ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নাগবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. কামরুজ্জামান জানান, এসিল্যান্ড অফিস থেকে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সরেজমিন তদন্ত করেছি। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন। বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নয়। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২০. নভেম্বর ২০২৫ ০২:৩৫:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সাহান হাসানঃ টাঙ্গাইলের সখীপুরে ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় মানসিক অশান্তিতে ভুগছিলেন। অন্যদিকে ২৬ বছর বয়সী মেয়ে সাজেদা ছিল অসুস্থ।
এরই জেরে মঙ্গলবার দিবাগত রাতে প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যার পরে নিজে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, শামসুল আলমের স্ত্রী শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অন্যদিকে তাদের ২৬ বছরের একটি প্রতিবন্ধী মেয়েও অনেক অসুস্থ ছিল। মানসিক ও অর্থনৈতিক চাপে তিনি এমন কাজ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, শাহনাজ বেগম প্রায় ২০ বছর ধরে শরীরে প্রচণ্ড ব্যথাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। অন্যদিকে প্রতিবন্ধী মেয়ে সাজেদার বয়স ২৬ থেকে ২৭ বছর হলেও উচ্চতা ছিল দুই বা সোয়া দুই ফুট। ছয় মাস ধরে মেয়েটা মুখে তেমন কিছু খেতে পারত না এবং ছয় মাস ধরে পায়খানা বন্ধ ছিল। তার পেট ফুলে গিয়েছিল। চলাফেরা করতে পারত না। একদিকে নিজে জটিল রোগে ভুগছিলেন অন্যদিকে প্রতিবন্ধী মেয়ে ছিল অসুস্থ। যে কারণে অতিষ্ঠ হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও বলেন, মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পিতা শামসুল হক ঘটনার রাতে (গরু রাখার ঘর) গোহাইল ঘরের ভেতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মা ও প্রতিবন্ধী মেয়ে দুজনের গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২০. নভেম্বর ২০২৫ ০১:৪১:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

সাহান হাসানঃ টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হুইলচেয়ার বিতরণ করেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

মাহমুদুল হক সানু বলেন, সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি গ্রামের প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের মাঝে দীর্ঘদিন ধরে এই হুইলচেয়ার বিতরণ করা হচ্ছে। এছাড়া দুস্থ ও অসহায়দের মাঝে নানা প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হচ্ছে। এসব কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান সোহান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২৫ ১১:৩২:পিএম ৯ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।