সাহান হাসানঃ টাঙ্গাইল শহরের মুসলিমপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংযুক্ত ইকরা নূরানী মক্তবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ১৬নং ওয়ার্ডের মুসলিমপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইকরা নূরানী মক্তবের আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
মক্তব কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও শিক্ষামূলক। অনুষ্ঠানে মক্তবের শিক্ষার্থীদের পাশাপাশি টাঙ্গাইলের দরিদ্র ও অসহায় শিশুরাও অংশগ্রহণ করেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজসেবা অফিসার আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের কিরাত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে সহায়তা করার পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অভিভাবকদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা, যাতে তারা সন্তানদের শিক্ষাজীবন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আয়োজকরা জানান, মক্তব প্রতিষ্ঠার পর থেকেই হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান ও নৈতিক গঠন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিম বলেন, “শিক্ষা ও নৈতিকতা শিশুদের ভবিষ্যৎ গঠনে মূল ভিত্তি। এমন মানবিক উদ্যোগ সমাজে আলোর দিশা প্রদর্শন করছে।”
উল্লেখ্য, ইকরা নূরানী মক্তব একটি মানবিক উদ্যোগ হিসেবে অসহায় শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে এবং টাঙ্গাইলের সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করছে।
আরমান কবীরঃ বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নির্বাচনী বিশাল গণমিছিল ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধায় বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে জড়ো হয়। পরে সেখান থেকে বিশাল গণমিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করা হয়েছে।
এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরমান কবীরঃ টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিলের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর)দুপুরে গণমিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, জেলা সদর রোড হয়ে পুনরায় কলেজ মোড় গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়।
এ ছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র লিফলেট বিতরণ করা হয়েছে।
হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে শহরের সড়কে আহমেদুল হক সাতিলের পক্ষে ও ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়।
এতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।
আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামের যুবক সোহাগ প্রেমের দায়ে ৪ মাস যাবত কারাভোগের শিকার।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নামদার কুমুল্লি বাজারে সোহাগের মুক্তির দাবিতে গ্রামবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানবন্ধন বক্তব্য রাখেন-গ্রামের হৈতষী মাতাব্বর হাফিজ উদ্দিন ভুইয়া,খলিলুর রহমান,আশরাফ আলী মিঞা, মজিবর রহমান মিঞা,আবুল কালাম আজাদ,মো. জাহিদ মিয়া ও ফরিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কুমিল্লি গ্রামের মো. লোমান মিয়ার মেয়ে নাফিজা আক্তার লুবনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের সোহাগের সাথে। সেই সুবাদে লুবনা প্রেমিক সোহাগদের বাড়িতে গত দুই বছরে চারবার উঠে পড়েন। পর্যায়ক্রমে স্থানীয় মাতাব্বরগন লুবনাকে বুঝিয়ে তার বাবার কাছে রেখে আসেন। সম্প্রতি ফের লুবনা সোহাগের কাছে চলে আসে। এতে ক্ষিপ্ত হয়ে লুবনার পিতা লোমান মিয়া সোহাগকে আসামী করে অপহরণের মামলা দায়ের করেন। যাহার নাম্বার নারী শিশু ১৫৭/২৫ । ওই মামলায় গত ৪ মাস যাবত সোহাগ টাঙ্গাইল জেল হাজতে আটক আছেন।
তারা আরও বলেন, মেয়ের বাবা ধনাঢ্য ব্যক্তি হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ও তৃতীয় পক্ষের যোগসাজসে প্রেম গঠিত বিষয় গোপন রেখে সোহাগের নামে অপহরণ মামলা দিয়েছে। সেই মামলায় সোহাগের মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে পুনরায় কঠোর কর্মসুচির দেওয়া হবে বলে মানববন্ধ থেকে বক্তারা জানায়।
মানববন্ধনে সোহাগের পিতা সহিদুল ইসলাম ও মাতা সুর্য ভানু কান্না বিজরিত কণ্ঠে ছেলের মুক্তির দাবি জানায়।
মানবন্ধন শেষে নামদার কুমুল্লি বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিন শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
আরমান কবীরঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি হিসেবে টাঙ্গাইল-৫ (সদর) আসনে টাঙ্গাইল পৌরসভার ১৮ টি ওয়ার্ডের সাবেক ও বর্তমান বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের জেলা সদর রোডে অবস্থিত টাঙ্গাইল ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য দলের সকল পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটাররা যাতে ধানের শীষ প্রতীকে ভোট দেয়, সে জন্য সকল শ্রেনী-পেশার মানুষের কাছে যেতে হবে এবং তাদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করতে হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক সানু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আজগর আলী, টাঙ্গাইল শহর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন, টাঙ্গাইল শহর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (ভিপি)।
আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের ২নং শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন শিক্ষক বুলবুল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের কাছে ডেকে প্রথমে তার হাত ধরেন এবং পরে স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীটি প্রথমে ভয় ও লজ্জার কারণে বিষয়টি গোপন রাখলেও বাড়ি ফিরে তার ফুফু ও চাচীর কাছে সব খুলে বলে।
ঘটনার পর গত ৯ অক্টোবর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ ১০৮ জন স্বাক্ষর করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য।
এঘটনায় স্কুল ছাত্রীর বাবা জানান, আমি প্রথমে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। তিনি যা সিদ্ধান্ত নেবেন, আমি তাতেই সন্তুষ্ট ছিলাম। তবে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। তিনি পরে ২২ অক্টোবর রাতে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ সময় বিনামূল্যে হেলমেটও বিতরণ করা হয়।
বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে শতাধিক হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।
তিনি আরও জানান, একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।
এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই উদ্ধার এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের বিখ্যাত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন।
অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরা ভাবে দধি বিক্রি করে থাকেন। ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে দেওয়া হবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত পচে যাওয়া দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া যে মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল হাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরীর কাজে ব্যাবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টাকরি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।
আরমান কবীরঃ রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে দলীয় নেতাকর্মী আর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে শেষ বারের মতো বিদায় জানানো হয় বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনকে।
এদিকে, হামিদুল হক মোহনের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে গভীর শ্রদ্ধা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এরপূর্বে মঙ্গলবার বাদ যোহর টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড-অফ-অনার প্রদান করা হয় টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে।
জানাজা নামাজে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা জামায়েত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতির অঙ্গনের প্রায় তিন সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় এক মত বিনিময় সভায় বক্তব্য শেষ করে টাঙ্গাইল ফেরার পথে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর হামিদুল হক মোহন বিএনপি’র জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল- ৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হয়ে গনসংযোগ চালাচ্ছিলেন।
হামিদুল হক মোহন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছাড়াও টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি ভাষা সৈনিক আব্দুল মতিনের বোন জামাই।
আরমান কবীরঃ বর্ষীয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল আলম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হামিদুল হক মোহনকে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আমরা দ্রুত তার ইসিজি করি। ইসিজি রিপোর্ট অনুযায়ী দেখা যায় তিনি পথিমধ্যেই মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হামিদুল হক মোহনের জ্যেষ্ঠ পুত্র নাজমুল হক মিল্টন জানান, সোমবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের দেউলি গ্রামে লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে বাদ মাগরিব টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার নিজ বাসভবনে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হামিদুল হক মোহন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ যোহর হামিদুল হক মোহনের নামাজে জানাজা টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বিএনপি’র এই প্রবীণ রাজনীতিবিদদের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, হামিদুল হক মোহন ৮ আগস্ট ১৯৫২ সালে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আইনউদ্দিন আহমেদ ছিলেন পাথরাইল ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। হামিদুল হক মোহনের শিক্ষাজীবন শুরু টাঙ্গাইল শহরে, পরে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (১৯৬৫), এইচএসসি (১৯৬৬) ও স্নাতক (১৯৬৮) সালে সম্পন্ন করেন সা’দত কলেজ থেকে। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। তিনি দীর্ঘদিন জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সাহান হাসানঃ টাঙ্গাইলের কালিহাতীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রয় ও পরিমাপে কম দেওয়ার অপরাধে ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনা সদস্য, পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কালিহাতীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রয় ও পরিমাপে কম দেওয়ার অপরাধে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার পিয়াসী হোটেলকে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রঙ ও কেমিকেল দিয়ে খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এসএস ফুড মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীতে সরকার ঘোষিত ‘মা ইলিশ সংরক্ষণে লক্ষ্যে অভিযান’ পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সদর উপজেলার কাকুয়া ও মাহমুদনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনা নদীতে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে। এসময় মৎস্য অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় ১৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা। অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসকের ফেসবুকে পেইজে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।