মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ি ওভারটেক করতে গিয়ে মো. বিল্লাল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ জুন) সকাল ৮ টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের সরাতৈল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ঢাকা জেলার ডেমরা থানার ২৩/১১ বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার মো. আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি পালসার মোটরসাইকেল দ্রুত বেগে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল এলাকায় মোটরসাইকেলটির উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে আরোহী মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলী জানান, মহাসড়কের সরাতৈল নামক স্থানে একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহী নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, রবিবার রাতে ঝড়-বৃষ্টি ও এই দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৮/১০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও কোথাও যানজট সৃষ্টি ও থেমে থেমে যানবাহন চলাচল করে। ফলে অনেকে ভোগান্তি এড়াতে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করেন পরিবহন চালকরা।

সর্বশেষ আপডেটঃ ১০. জুন ২০২৪ ০৬:৫৮:পিএম ২ বছর আগে
মওলানা ভাসানীর মাজারে মৌসুমী ফলের উৎসব অনুষ্ঠিত - Ekotar Kantho

মওলানা ভাসানীর মাজারে মৌসুমী ফলের উৎসব অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ প্রতি বছরের মতো এ বছরও টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গনে মৌসুমী ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) বাদ যোহর এ মৌসুমী ফলের উৎসবে মওলানা ভাসানীর অনুসারী, ভক্ত ও মুরিদানগণ অংশগ্রহণ করেন।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী তাঁর জীবদ্দশায় ভক্ত-মুরিদানদের নিয়ে প্রতি বছরই এ মৌসুমী ফল উৎসবের আয়োজন করতেন বলে জানা যায়।

এই ফল উৎসবে ন্যাপ ভাসানী খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানী, মওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সরকারি ই.বি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০. জুন ২০২৪ ০৫:৩৭:এএম ২ বছর আগে
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় সোয়া ২ কোটি টাকার টোল আদায় - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় সোয়া ২ কোটি টাকার টোল আদায়

একতার কণ্ঠঃ আর মাত্র ৮ দিন পরেই পবিত্র ঈদ উল আজহা। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

রবিবার (৯ জুন)দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৩ হাজার ২৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১১ হাজার ২৯৮টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬’শ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১১ হাজার ৯৭৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৪’শ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্য সময়ে চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

সর্বশেষ আপডেটঃ ১০. জুন ২০২৪ ০৩:৪৪:এএম ২ বছর আগে
ভূমি সেবায় দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবেঃ জেলা প্রশাসক - Ekotar Kantho

ভূমি সেবায় দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবেঃ জেলা প্রশাসক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মো.কায়ছারুল ইসলাম বলছেন, সরকারের সদিচ্ছা এবং নীচের দিকে আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি তাদের বাস্তবায়নে আগ্রহের কারনে ভূমি সেবা প্রত্যাশীদের হয়রানী অনেক কমে গেছে।তারপরও কিছু জটিলতা আছে যেগুলোর কারনে সাধারন মানুষ অনেক বেশী হয়রানীর শিকার হন, তার প্রত্যেকটি আমরা এড্রেস করবো। অনেক ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেগুলো আমরা কেস বাই কেস ধরে ধরে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারী অ্যাকশন নেবো।

৯ জুন (রবিবার) সকালে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সকালে সপ্তাহের প্রথম কার্যদিবসে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এরপর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রুহুল আমিন শরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির প্রমুখ।

এসময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সেবা প্রত্যাশিরা উপস্থিত ছিলেন ।

এই ভূমি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।

সর্বশেষ আপডেটঃ ১০. জুন ২০২৪ ০৩:০৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে আবু তালেব নামে এক লিচু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটছে।

রবিবার (৯ জুন)ভোরে উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা রেল ক্রসিংয়ে একতা এক্সপ্রেস ট্রেনের সাথে অটো রিক্সার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব উপজেলার পাইকড়া ইউনিয়নের ছাতীহাটি গ্রামের আসর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে অটো রিকশাযোগে ছাতীহাটি যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার মসিন্দা রেল ক্রসিংয়ে পৌঁছালে ভোর ৬টায় রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এতে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে আবু তালেবের মৃত্যু হয়। বাকি দুইজনকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান , নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে ।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুন ২০২৪ ০৮:৩১:পিএম ২ বছর আগে
বাসাইলে নিবার্চন পরবর্তী সহিংসতায় বৃদ্ধাসহ আহত ৫ - Ekotar Kantho

বাসাইলে নিবার্চন পরবর্তী সহিংসতায় বৃদ্ধাসহ আহত ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে নিবার্চন পরবর্তী সহিংসতায় একবৃদ্ধাসহ ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিম পূর্বপাড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।

সহিংসতায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সরকার, ননী গোপাল সরকার , মিনতি রানী সরকার,বাসন্তী রানী সরকার এবং আশি বছরের বৃদ্ধা সুর্য্যমনী রানী সরকার গুরুত্বর আহত হন। এ ঘটনায় ওই রাতেই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে বাসাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দোয়াত কলম প্রতীকের প্রার্থী কাজী শহীদুল ইসলামের সমর্থক কাশিল গ্রামের শমশের খানের ছেলে আলমগীর, মনির হোসেনের ছেলে ফরিদ হোসেন, শাহাদত মিয়ার ছেলে তুষার মিয়া, বিয়ালা গ্রামের জামাল ভূইয়ার ছেলে আরিফ ভূইয়া ও ফয়সাল ভূইয়াসহ ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে দিলীপ সরকারের বাড়িতে হামলা করে।

এসময় তারা আনারস প্রতীকের প্রার্থী কাজী অলিদ ইসলামের নিবার্চন করা এবং ভোট দেয়ায় তাদেরকে গালিগালাজ এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আতংকের সৃষ্টি করে । এ সময় শোবার ঘরে থাকা শোকেজের ড্রয়ার ভেঙে দুই ভরী স্বর্ণের গহনাসহ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনায় রাতেই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে আলমগীর, ফরিদ, তুষার, আরিফ, ফয়সালের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে বাসাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, আমার নিবার্চন করায় কাজী শহীদ মুন্সির ভাতিজা, ভাগিনাসহ কতিপয় লোক এই হামলা করেছে। প্রশাসনের সকলের সাথে বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। তারা এই ঘটনার কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্থ করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে বাসাইলের হিন্দু- মুসলমান সকলকে নিয়ে মানববন্ধনসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ বিষয়ে পরাজিত প্রার্থী কাজী শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। গ্রেফতারের অভিযান চলমান আছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুন ২০২৪ ০৮:২৭:পিএম ২ বছর আগে
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো- শিক্ষা প্রতিমন্ত্রী - Ekotar Kantho

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো- শিক্ষা প্রতিমন্ত্রী

একতার কণ্ঠঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছেন এ জন্য আমি চির কৃতজ্ঞ। এটা টাঙ্গাইলসহ ধনবাড়ী মধুপুরবাসীর জন্য উপহার। আমাকে তিনি যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যেন আমি নিষ্ঠারসাথে সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।

শনিবার(৮ জুন )বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে সংবর্ধিত অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, টাঙ্গাইলের মানুষ যেন শান্তিতে বসবাস করে, যেন মারামারি হানাহানি না করে, কারো জায়গা সম্পত্তি যেন দখল না করে, এটা আমার অনুরোধ। কারো সাথে কেউ লাগবেন না, তাহলেই দেখবেন সবাই ভালো আছে। আমার সাধ্যমত জনগণের স্বার্থে টাঙ্গাইলসহ সারাদেশের উন্নয়ন করব।

সামনে শিক্ষার নতুন একটা কারিকুলাম আসতেছে। আমরা সুশিক্ষিত হয়ে যেন সোনার বাংলা গঠন করতে পারি এ প্রত্যাশা করি।

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমেদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি বদিউজ্জামাল সোহাগ, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদু তালুকদার সবুজ, ভূঞাপুরের পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার সাবেক মেয়র মাসুদ পারভেজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের তুখোড় ছাত্রলীগ নেত্রী শামসুন নাহার চাঁপা বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি ধনবাড়ী উপজেলার মুসুদ্দিতে।সংবর্ধনা অনুষ্ঠানটি নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে অতিথি হিসেবে রাখা হয়নি। এনিয়ে পুরো উপজেলা জেলায় চলছে আলোচনা সমালোচনা।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুন ২০২৪ ০৫:১২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নানা আয়োজনে জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার(৬ জুন) সকালে জেলা ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন,টাঙ্গাইল প্রেসক্লাবের
সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন,যুগ্ম-সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, সাংবাদিক মির্জা শাকিল, টাঙ্গাইল জেলা শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি কণ্ঠশিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. জুন ২০২৪ ০২:৫৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে গ্যাস বিস্ফোরণে আওয়ামী লীগ অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি - Ekotar Kantho

টাঙ্গাইলে গ্যাস বিস্ফোরণে আওয়ামী লীগ অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে গ্যাস বিস্ফোরণ হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার(৫ জুন )দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

এতে আশেপাশের কয়েকটি দোকান ও ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়।

এবিষয়ে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, শহরের মেইন রোডে রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। ঠিকাদারের অসচেতনার কারনে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে যায়। এরপর প্রচন্ড বেগে গ্যাস আওয়ামী লীগের অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে। অফিসবদ্ধ থাকায় গ্যাসের চাপে ৫ টি এসি, ১৬টি ফ্যান, ২টি কম্পিউটার, চেয়ার-টেবিল ও আলমারিসহ অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম বলেন, রাস্তার উন্নয়ন কাজের সময় ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ ফেটে গ্যাস মেইন রোডে ছড়িয়ে যায়। বিভিন্ন ভবন ও আমাদের আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে। গ্যাসের কারনে অফিসের মালামাল নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, ব্যবহারের উপযোগী করতে অফিস সংস্কার করতে হবে। এর দায় ঠিকাদারকেই নিতে হবে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, গ্যাস বিস্ফোরনের ঘটনায় ঠিকাদারের ত্রুটি আছে কি না সেটা তদন্ত হবে। যদি ক্রটি পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী খোরশেদ আলম বলেন, গ্যাস লাইনের ত্রুটির কারনে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এবং আমাদের টীম গিয়ে লাইন বন্ধ করে দেয়। এবিষয়ে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৭. জুন ২০২৪ ০২:৫৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে চলন্ত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে চলন্ত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুন) রাত ১ টার দিকে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকার ৯নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৬ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউরা গ্রামের মুনছুর শেখের ছেলে ও পিকআপ চালক শিপন (৪০) এবং বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে ও পিকআপের হেলপার শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে পণ্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে ঢাকাগামী অপর আরেকটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় সামনে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক ও হেলপার মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৭. জুন ২০২৪ ০১:৫৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সেতু ভে‌ঙে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন - Ekotar Kantho

টাঙ্গাইলে সেতু ভে‌ঙে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

একতার কণ্ঠঃ টাঙ্গ‌াইলের গোপালপু‌রে ঝিনাই নদীর ওপর নি‌র্মিত সেতুর একাংশ ভে‌ঙে প‌ড়ে গে‌ছে। এতে যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে নগদাশিমলা ইউনিয়নের বনমালী-জাম‌তৈল সড়‌কে।

বুধবার (৫ জুন) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত সেতু‌টি ভে‌ঙে প‌ড়ে।

এদি‌কে সেত‌ু‌টি ভে‌ঙে পড়ার পর নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে ঝুঁকি নি‌য়ে স্থানীয়রা হেঁটে নদী পারাপার হ‌চ্ছেন।

জানা গে‌ছে, উপ‌জেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সা‌লে সেতু‌টি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ‌্য ৪০ মিটা‌র এবং প্রস্থ ৫ ফু‌ট। নদী‌তে পা‌নি বৃ‌দ্ধির কার‌ণে পানাগু‌লো এক‌ত্রিত হ‌য়ে সেত‌ুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলা‌রের নি‌চে মা‌টি না থাকায় নদী‌তে স্রোত ও পানার চা‌পে সেতুর মাঝ খা‌নের প্রায় ২০ মিটার অংশ ভে‌ঙে নদী‌তে প‌ড়ে যায়। বা‌কি অংশটুকুও ঝুঁকি‌তে র‌য়েছে।

নগদাশিমলা ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য আয়নাল হক ব‌লেন, নদী‌তে পা‌নি আসার আগেই সেতু‌টির নি‌চে জমে থাকা পানা পরিষ্কার ক‌রা হয়। ‌এভা‌বেই বিগত পাঁচ বছর ধ‌রে ক‌রে‌ছি। কিন্তু হঠাৎ ক‌রে বুধবার সেতুর মাঝখানে কিছু অংশ ভে‌ঙে প‌ড়ে‌ছে নদী‌তে।

তি‌নি আরও ব‌লেন, সেতু ভে‌ঙে যাওয়ার পর লোকজন নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে হেঁটে নদী পার হ‌চ্ছে।

উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি দীর্ঘদি‌নের পুরাতন। সেতুর প্রস্থ ছিল ৫ ফুট। স্থানীয়‌দের যাতায়া‌তের স্বা‌র্থে ঝিনাই নদীর ওপর সেতু‌টি নির্মাণ করা হ‌য়েছিল। পুরাতন সেতু হওয়ায় সে‌টি সংস্কা‌রের উপ‌যোগী ছিল না। সেখা‌নে নতুন ক‌রে সেতু নির্মা‌ণের জন‌্য প্রস্তাবনা পাঠা‌বো হ‌বে।

সর্বশেষ আপডেটঃ ০৬. জুন ২০২৪ ০৩:১৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে জাল ভোট দেওয়ার সময় ৩ যুবক আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে জাল ভোট দেওয়ার সময় ৩ যুবক আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ৩ যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) বিকাল পৌঁনে ৪ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের হাবলা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. আব্দুল্লাহ মিয়া (২২), মো. রিদওয়ান আলী (২১) ও সিয়াম মিয়া (২৩)।

পরে এ নিয়ে কেন্দ্রের সামনে পুলিশ ও প্রার্থীর সমর্থকদের হট্টগোলের সৃষ্টি হয়। আটককৃতরা আনারস প্রতীকের সমর্থক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.শফিকুল ইসলাম জানান, আটককৃতরা এর আগে সকালে ভোট দিয়েছিলো। ওরা ফের বিকাল সাড়ে ৩টার পর ভোট দিতে আসলে যাচাই বাছাই করে চ্যালেঞ্জ করলে ওই তিন যুবক জাল ভোট দিতে এসেছে বলে স্বীকার করে। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে।

তিনি আরও জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

প্রসঙ্গত, বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাসাইল উপজেলা পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০জন। এর মধ্যে নারী ভোটার ৭৬ হাজার ১৯৮ আর পুরুষ ভোটার ৭৫ হাজার ৬৩১ জন। ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত বাসাইল উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৮ টি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৭জন আর মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. জুন ২০২৪ ০৩:৪৩:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।