মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ায় যুবদল নেতার হুমকিতে দিশেহারা প্রবাসী - Ekotar Kantho

টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ায় যুবদল নেতার হুমকিতে দিশেহারা প্রবাসী

আরমান কবীরঃ টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ার জেরে এক যুবদল নেতার মিথ্যা মামলা ও ক্রমাগত হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে এক প্রবাসী ও তার পরিবার। প্রতিকারে মামলা দায়ের করেও সুফল না পেয়ে সংবাদ সম্মেলনে ওই যুবদল নেতার অত্যাচার থেকে রেহাই পাওয়ার আকুতি জানিয়েছেন সৌদী প্রবাসী মো. আশিকুর রহমান তালুকদার।

আশিকুর রহমান কালিহাতী উপজেলার বাসজানা মালতি গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে।

বুধবার (১৯ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. আশিকুর রহমান তালুকদার লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবের একটি ভিসা ব্যবসার কোম্পানিতে কাজ করছিলেন। ২০২২ সালে তিনি কোম্পানির ভিসা ব্যবসা পরিচালনার দায়িত্ব পান এবং সুনামের সঙ্গে ভিসা ব্যবসা পরিচালনা করতে থাকেন। একপর্যায়ে তার গ্রামের আমিনুর ইসলাম রুবেল বাংলাদেশে ভিসা ব্যবসা করার আগ্রহ প্রকাশ করে সহযোগিতা চান। ওই সময় কালিহাতী উপজেলা যুবদলের সদস্য সচিব ও এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামের হাসমত আলী রেজা তার পার্টনার বলে জানান। অত:পর যুবদল নেতা হাসমত আলী রেজা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। যোগাযোগের এক পর্যায়ে হাসমত আলী রেজা ১৩টি রিক্রুটিং লাইসেন্সের নাম্বর দিয়ে ভিসা পাঠানোর অনুরোধ করেন। পরে তিনি ওই ১৩টি লাইসেন্সের মাধ্যমে ৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১১৯টি ভিসা পাঠান। ভিসার বিপরীতে মোট টাকার মধ্যে ৫৮ লাখ টাকা হাসমত আলী রেজা তাকে পাঠান। বাকি টাকা না দিয়ে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। কোম্পানির মালিক বাকি টাকার জন্য চাপ দিলে তিনিও যুবদল নেতা হাসমত আলী রেজা ও আমিনুর ইসলাম রুবেলকে চাপ দেন। কিন্তু তারা পাওনা টাকা পরিশোধ করতে গড়িমসি করতে থাকেন।

তিনি বলেন, কোম্পানির পাওনা টাকার চাপে তিনি বাংলাদেশে গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। দেশে এসে আমিনুর ইসলাম রুবেল ও হাসমত আলী রেজার কাছে পাওনা টাকা চাইতে গেলে তাকে ঢাকার অফিসে যেতে বলেন। তাদের কথা মতো ঢাকার অফিসে গেলে তারা কোন টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে টাকা দাবি করলে তাদের পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে নাজেহাল করে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এর কিছুদিন পর যুবদল নেতা হাসমত আলী রেজা মিথ্যা ও বানোয়াট অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন পান। পরে পাওনা টাকার দাবিতে তিনিও আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরওয়ানা জারি হলে হাসমত আলী ও রুবেল স্থানীয় নেতাদের মাধ্যমে আপোষ-মীমাংসার কথা বলে আদালত থেকে জামিন পান। এরপরও বাকি টাকা পরিশোধ না করে বা আপোষ-মীমাংসায় না বসে তাদের পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে কালিহাতী উপজেলার এলেঙ্গায় আটক করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দেয়। এসবের পরেও মামলা তুলে না নেওয়ায় হাসমত আলী রেজা আবার তার নামে সাজানো অভিযোগে একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, ন্যায্য পাওনা টাকা দাবি করায় এহেন হয়রানি ও অত্যাচার-নির্যাতন এবং ক্রমাগত হুমকিতে পরিবার নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তিনি প্রশাসনের সুদৃষ্টি ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে প্রবাসীর পরিবারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২০. মার্চ ২০২৫ ০২:১৯:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, অব. আনসার সদস্য জেলহাজতে - Ekotar Kantho

টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, অব. আনসার সদস্য জেলহাজতে

আরমান কবীরঃ  র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে আসা অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান (৪৫) ওরফে সোহেল রানার নামে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। মো. আমিনুর সিকদার নামের এক ব্যক্তি মির্জাপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামি হলেন, উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. বিল্লাল হোসেন।

এর আগে রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খানকে মির্জাপুর থানা পুলিশ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বক্তার খানের ছেলে। সোমবার (১৭ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান রবিবার বিকেলে একটি গুম ও হত্যা মামলার তদন্তের নাম করে উপজেলার তরফপুর চকবাজার এলাকায় যান। একপর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির কাছে চাঁদা দাবি করেন। এ সময় তিনি ২ লাখ টাকায় হত্যা মামলা নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দেন। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে আটক করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজনের উপস্থিতি বেড়ে যায়। এক পর্যায়ে তার আরো অপকর্ম প্রকাশ পেতে থাকে।

সে ইতিপূর্বে নিজেকে র‌্যাব সদস্য, পিবিআই, সেনাসদস্য পরিচয় দিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করেছে। পুলিশের চাকরি দেওয়া, মামলার তদন্ত রিপোর্ট পক্ষে-বিপক্ষে দেওয়া, পাওনা টাকা তুলে দেওয়াসহ বিভিন্ন কাজের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকার লোকজন পুলিশকে জানিয়েছেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে তরফপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন, কয়েকদিন পূর্বে প্রতারক অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান র‌্যাব পরিচয় দিয়ে মোবাইলফোনে স্থানীয় কয়েকজনের কাছে টাকা দাবি করেন। রবিবার টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাকে এলাকায় আনা হয়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মামলার অন্য আসামি বিল্লাল হোসেন বলেন, ৫ থেকে ৬ বছর আগে পরকীয়া করে টাকিয়া কদমা উত্তরপাড়া গ্রামের ইনছ আলীর স্ত্রী রওশন আরা বেগম গর্ভবতী হন। তারপর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রওশন আরা আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে এ বিষয়টি তখন আলোচনায় ছিল। এছাড়া উত্তরকদমা তেতুলা বিলে দুলালের স্ত্রীর বস্তাবন্দি কঙ্কাল পাওয়া যায়। ঘটনা দুটি অমীমাংসিত থাকায় হানিফ খান র‌্যাব সদস্য পরিচয় দেওয়ায় তাকে ঘটনা দুটি তদন্তের জন্য ইনফরমেশন দিয়েছেন বলে তিনি জানান।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র‌্যাবের সদস্য পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২৫ ০২:৩৯:এএম ১ বছর আগে
টাঙ্গাইল সদর আসনের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে - Ekotar Kantho

টাঙ্গাইল সদর আসনের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

আরমান কবীরঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে সোমবার (১৭ মার্চ) দুপুরে চার মামলায় মোট ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

টাঙ্গাইল সদর আমলী আদালত একটি হত্যাসহ তিনটি মামলায় ১৪ দিন এবং মির্জাপুর আমলী আদালত একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেনকে গত ১৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগরীর ভাটারা থানার পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

সোমবার দুপুরে তাকে প্রথমে টাঙ্গাইল সদর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় টাঙ্গাইল সদর থানায় স্কুল ছাত্র মারুফ হত্যা মামলা এবং আরও দুইটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ সময় মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খাঁন মারুফ হত্যা মামলায় ও দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলায় ৫ দিন করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে তাকে মির্জাপুর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র মারুফ হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক মোছা: রুমি খাতুন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর মো: লুৎফর রহমান ১৯ দিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মদ জানান, সোমবার থেকেই ছানোয়ার হোসেনকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।

উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২৫ ০১:০৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে বিদেশ পাঠানোর কথা বলে কোটি টাকা আত্মসাৎ: ভুক্তভোগীদের মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে বিদেশ পাঠানোর কথা বলে কোটি টাকা আত্মসাৎ: ভুক্তভোগীদের মানববন্ধন

আরমান কবীরঃ টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের স্বত্বাধিকারী সোনিয়া আক্তারের বিরুদ্ধে অস্ট্রেলিয়া লোক পাঠানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দুই ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারি এমএম আলী কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট আজীম উদ্দিন বিপ্লব, ভাসানী পরিষদের খোদা-ই-খেদমতগারের হাসরত খান ভাসানী, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার, জোবায়ের হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের স্বত্বাধিকারী সোনিয়া আক্তার আস্ট্রেলিয়ায় ভালো বেতনে চাকুরি দেওয়ার কথা বলে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন যাবত অস্ট্রেলিয়া নিতে না পারায় ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে নানা তালবাহানা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি সোনিয়া টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকার সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করিয়েছেন। অবিলম্বে সাজুর মুক্তির দাবি জানান তারা। বক্তারা অনতিবিলম্বে সোানিয়াকে বিচারের আওতায় আনার দাবিও জানান মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের নিরালা মোড় হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ১৭. মার্চ ২০২৫ ০৫:০২:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ইলিয়াস আলী নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ ভ্যানের চালক জামাল, কনস্টেবল হারুন-অর রশিদ ও রাশেদ, শ্রমিক ইলিয়াস আলী, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।

জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের উপজেলার বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অ(ওসি) মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাস্তা সচল করতে রাত ৩টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করছিলেন শ্রমিকরা।

এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন দুই আলু ব্যবসায়ী এবং ওসিসহ পুলিশ সদস্যরা। এরমধ্যে ঢাকাগামী দ্রুতগতির অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য, দুই আলু ব্যবসায়ী ও এক শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে ভর্তি করা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইলিয়াস আলীর মৃত্যু হয়।

নিহত ইলিয়াস আলী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর থেকে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পরে শনিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. মার্চ ২০২৫ ০৩:৪৮:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন - Ekotar Kantho

টাঙ্গাইলে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

আরমান কবীরঃ টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে।শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছেলে রাজিবকে শুক্রবার রাতেই একই ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ পুলিশ।

নিহতের নাম রেজিয়া খাতুন (৫০)। সে ওই এলাকার খায়রুল পাগলের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গ্রেপ্তারকৃত রাজিবের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শালিকা পাগুর মোড়ের পূর্ব পাশে খাইরুল পাগলের ছেলে রাজিব ইফতারের পর তার মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে আনারস বাগানে নিয়ে পুতে রাখার সময় তার স্ত্রী বাধা দেয়। এসময় রাজিব তার বউকে কুপিয়ে আহত করে। পরে তাকে বাধা দিতে গেলে আরো দুইজন আহত হয়। এরপর স্থানীয়রা রাজিবের স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. মার্চ ২০২৫ ০২:২৫:এএম ১ বছর আগে
বিএনপি’র বাধায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলীয় ইফতার মাহফিল স্থগিত - Ekotar Kantho

বিএনপি’র বাধায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলীয় ইফতার মাহফিল স্থগিত

আরমান কবীরঃ টাঙ্গাইলের সখিপুরে বিএনপি’র বাধায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (১২ মার্চ) উপজেলার গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল। কিন্তু বিএনপি’র নেতাকর্মীদের বাধার মুখে সেটি স্থগিত করা হয় বলে জানান উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, রবিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বাজারে ও সোমবার কালিয়া ইউনিয়নের কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু বিএনপি ও ছাত্রদলের কর্মী সমর্থকদের বাধায় ওই দুটি স্থানে আমাদের ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, পরে রবিবার গড়বাড়ী এলাকা থেকে তিন কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে ও সোমবার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় থেকে তিন কিলোমিটার উত্তরে ঘোনারচালা বাজারে গিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতে হয়েছে। দুটি মাহফিলেই কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সর্বশেষ বুধবার গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল। এখানেও বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার কারণে আমরা ইফতার মাহফিলটি স্থগিত করতে বাধ্য হয়েছি। আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হলে আবার ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করবো।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান বলেন, আমাদের দলে নেতা-কর্মীর অভাব নেই। আমরাও ইচ্ছা করলে বিএনপি’র সঙ্গে ঝগড়া করতে পারি। কিন্তু আমরা তা করবো না। আমরা রাজনৈতিকভাবেই বিএনপিকে মোকাবিলা করবো।

এদিকে উপজেলা বিএনপি’র সভাপতি শাজাহান সাজু কৃষক শ্রমিক জনতা লীগের অভিযোগ অস্বীকার করে বলেন, দুটি ইউনিয়নে তাদের ইফতার মাহফিলে আমরা কোনো বাধা দেইনি।

তিনি আরও বলেন, তবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা নামের একটি সংগঠন তাদের বাধা দিয়েছে বলে শুনেছি।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার পক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ একাব্বর হোসেন বলেন, কাদের সিদ্দিকী ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা। কিন্তু ২০২৪ সালে তিনি একজন রাজাকার ও ফ্যাসিস্টদের দোসর। তিনি যেখানেই যাবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৪. মার্চ ২০২৫ ০৩:২৮:এএম ১ বছর আগে
এ দেশে নামাজ পড়ার অধিকারটুকুও ছিল না: আব্দুস সালাম পিন্টু - Ekotar Kantho

এ দেশে নামাজ পড়ার অধিকারটুকুও ছিল না: আব্দুস সালাম পিন্টু

আরমান কবীরঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, শেখ হাসিনার সময় এ দেশে কথা বলার অধিকার ছিল না, নামাজ পড়ারও অধিকার অনেকের ছিল না। মানুষের বিপদের কথাটাও মানুষের কাছে বলতে দিতো না। একটা ভয়াবহ অস্থিরতার মধ্যে দেশ চলছিল।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মাটিকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপমন্ত্রী বলেন, এই দেশকে হাসিনার হাত মুক্ত করেছে পরম করুণাময় আল্লাহ তাআলা। তবুও ষড়যন্ত্র থেমে থাকে না। দ্বিতীয় স্বাধীন হওয়ার পরদিন থেকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি একটা মৃত মানুষ, জীবিত অবস্থায় ফিরে এসেছি। আমার জীবন তো শেষ হয়ে যেতো। এখন শেখ হাসিনা থাকলে আমি আর কথা বলতে পারতাম না। কারাগারে রিমান্ডের নামে অত্যাচার, জুলম, নির্যাতন যেভাবে আমি ভোগ করেছি সেইভাবে আপনারাও বাইরে থেকে অনেকে ভোগ করেছেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, দীর্ঘ ১৭ টি বছর এ দেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে যার কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সম্পদ দিয়ে পার্শ্ববর্তী দেশকে সাহায্য সহযোগিতা করা হয়েছে।

তিনি বলেন, আমরা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের জালে লিপ্ত হয়নি। বর্তমানে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে শুধু ছাত্ররা জীবন দেয়নি, রিকশাওয়ালা, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে। যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

নিকরাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ১২. মার্চ ২০২৫ ০১:২৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন - Ekotar Kantho

টাঙ্গাইলে ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আরমান কবীরঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্যে হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ কারণে অবিলম্বে ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন বাদী বিএনপি নেত্রী জাহানারা আক্তার।

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জাহানারা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার নাগরপুর উপজেলা সদরের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা তাকে ও তার ছোট ছেলে জাহিদ হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে নাগরপুর থানায় মামলা (নং-২, তাং-১/০৩/২০২৫) দায়ের করেন। এদিন তিনি ও তার বড় ছেলে সিরাজ আল মাসুদ ছোট ছেলে জাহিদ হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে বাড়ি থেকে বের হলেই ৫ থেকে ৬ জনের একদল লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় তার বড় ছেলে সিরাজ আল মাসুদ হামলা প্রতিহত করতে গেলে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় রনক (১৯) নামে একজনকে আটকে ফেলেন। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জাহানারা আক্তার বলেন, রনককে পুলিশে সোপর্দ করার পর থেকে ডাকাতরা নানা পরিচয়ে নানাভাবে (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল) হুমকী-ধমকি দিতে থাকে। ইতোমধ্যে থানা পুলিশ উপজেলার সহবতপুর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামের কিরন মিয়ার ছেলে ফাহাতকে (২০) গ্রেপ্তার করে। এতে ডাকাতরা আরও ক্ষিপ্ত হয়ে হুমকী-ধমকি দিয়ে অতিষ্ঠ করে ফেলেছে। থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলেও তারা কার্যত বাস্তব কোন পদক্ষেপ নেয়নি।

তিনি জানান, মামলার প্রধান আসামি এসএম মহিউদ্দিন মাহমুদ ওরফে মোহন (তিনটি মামলার আসামি) প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় তিনি নিজে এবং অন্যদের সহযোগিতায় গুলি করে মেরে লাশ গুম করাসহ নানা হুমকী-ধমকি দিচ্ছেন। তাদের ক্রমাগত হুমকীতে ভীত হয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে পুলিশের অধিক কর্মতৎপরতার পাশাপাশি প্রধান আসামিসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, দেলদুয়ার উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা পারভিনসহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি সাহাবউদ্দিন মানিক, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০. মার্চ ২০২৫ ০৩:৫২:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ধর্ষনের সর্বোচ্চ বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে ধর্ষনের সর্বোচ্চ বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

আরমান কবীরঃ টাঙ্গাইলে ধর্ষনের সর্বোচ্চ বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোনালিসা মুন্নি, সমাজকর্মী নাহার চাকলাদার, সাংবাদিক রতন সিদ্দিকী ও আলমগীর হোসেন, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা, সম্পাদক আবদুল্লাহ আল মুনঈম, সদস্য শিশির প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঠিক তার উলটো পথে হাঁটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল খান দান আর ঘুমান আর মধ্য রাতে তামাশার প্রেস বিজ্ঞপ্তি করেন। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং আছিয়াসহ সকল ধর্ষণের বিচার চাই।

তারা আরও বলেন, ২৪-এর ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরেও বাংলাদেশে প্রতিনিয়ত নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্ষণের শিকার হচ্ছেন। আমরা মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষিতা হতে দেখলাম। আমরা মির্জাপুরের ১০ বছরের শিশুকে ধর্ষিতা হতে দেখলাম।

সর্বশেষ আপডেটঃ ১০. মার্চ ২০২৫ ০২:৩২:এএম ১ বছর আগে
ক্ষমা চেয়ে মুচলেকায় ছাড়া পেলেন আলোচিত সেই ছাত্র প্রতিনিধি ‘মিষ্টি’ - Ekotar Kantho

ক্ষমা চেয়ে মুচলেকায় ছাড়া পেলেন আলোচিত সেই ছাত্র প্রতিনিধি ‘মিষ্টি’

আরমান কবীরঃ ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ৬ তলা বিশিষ্ট একটি ভবন দখল করে ১৭ জন মানসিক ভারসাম্যহীন রোগীকে আবাসনের চেষ্টা করেছেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। এ ঘটনায় শনিবার (৮ মার্চ) রাতে মুচলেকার মাধ্যমে ক্ষমা চেয়ে ছাড়া পান তিনি।

রবিবার (৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৮ মার্চ) রাতে বাড়ি দখলের খবর পেয়ে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে কয়েক ঘণ্টার মধ্যে বাসাটি দখলমুক্ত করতে সক্ষম হন।

মুচলেকায় মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বলেন, আমি আইনি অধিকার ব্যতিরেকে অন্যের ব্যক্তিগত বাড়িতে মানসিক ভারসাম্যহীন ১৭ জন নারী-পুরুষকে আবাসনের চেষ্টা করে অপরাধ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পোস্টের কারণে ক্ষেত্র বিশেষে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তার দায় আমার ওপর বর্তায়। আমি আমার নেতিবাচক ও বে-আইনি কৃতকর্মের জন্য মানবিক বিবেচনায় ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন ফেসবুক পোস্ট করা এবং ব্যক্তিগত বা সরকারি সম্পদ দখল বা ভাঙচুর করাসহ অন্য কোনো প্রকার অপরাধে লিপ্ত হব না। আমি প্রদত্ত মুচলেকা ভঙ্গ করলে প্রচলিত আইনে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে তার বিপরীতে আমার কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক নারী সাবেক সংসদ সদস্যের বাসাটি অবৈধভাবে দখল করে মানসিক ভারসাম্যহীন ১৭ জন নারী-পুরুষকে আবাসনের চেষ্টা করে। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। বাড়িটি কয়েক ঘন্টার মধ্যে অবৈধ দখলমুক্ত করা হয় এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের উদ্ধার করা হয়। তাদেরকে সরকারের ব্যবস্থাপনায় স্থায়ীভাবে পুনর্বাসনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত নারী এ ধরণের কর্মকাণ্ড করে অপরাধ করেছেন মর্মে মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবেন না মর্মে প্রত্যয়ন দেন। মুচলেকায় তার স্বামীসহ মোট ৫ জন সাক্ষী স্বাক্ষর করেন। বিশ্ব নারী দিবস ও আত্মশুদ্ধির মাস রমজান বিবেচনায় ভুল শুধরে নেওয়ার একটি সুযোগ দিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরূপ পোস্ট করলে এবং সরকারি বা বেসরকারি সম্পদ ভাঙচুর বা দখলসহ অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে আইনগভাবে অধিকতর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, জেলার বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন। তারা মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে বিবৃতি প্রদান করে। পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ দখলের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

এদিকে, ঘটনাস্থল শহরের ছোট কালিবাড়ীর এলাকাবাসী জবরদখলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরণের কর্মকাণ্ড ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১০. মার্চ ২০২৫ ০১:৪৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন

সাহান হাসানঃ ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০৯. মার্চ ২০২৫ ০৩:৫১:এএম ১ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।