/ হোম / প্রযুক্তি
শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনে করোনা রোগীদের চিকিৎসা শুরু - Ekotar Kantho

শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনে করোনা রোগীদের চিকিৎসা শুরু

একতার কণ্ঠঃ  টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ১৫তলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার(২ আগস্ট) সকালে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌরসভার মেয়র এসএম. সিরাজুল হক আলমগীর এবং টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মকর্তা ও চিকিৎসকরা স্বাস্থবিধি মেনে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি জানান, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৫ তলা বিশিষ্ট ভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। হাসপাতাল ভবন উদ্বোধনের আগেই দেশে করোনা দুর্যোগ শুরু হওয়ায় ওই হাসপাতাল ভবনের প্রথম ও দ্বিতীয় তলা করোনা রোগীদের চিকিৎসা কাজে সাময়িকভাবে ব্যবহার করা হবে।
অপরদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান জানান, টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন। জেলায় ৯৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৪ দশমিক ৯৭ ভাগ।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ১৭৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৭৭৮ জন। এ পর্যন্ত জেলায় ২১৫ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 

 

সর্বশেষ আপডেটঃ ০৩. অগাস্ট ২০২১ ০৪:৪৮:এএম ৫ বছর আগে
ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বুঝবেন তিনটি লক্ষণ থাকলে - Ekotar Kantho

ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বুঝবেন তিনটি লক্ষণ থাকলে

একতার কণ্ঠঃ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন সরকার। এরই মধ্যেকরোনার এ ধরনটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসটি দ্রুত বিস্তার লাভ করছে। ফলে সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে যাদের কোভিড হচ্ছে তাদের ভেতর তিনটি নতুন লক্ষণ দেখা দিচ্ছে। এগুলো হলো-

১. ঠাণ্ডা সর্দি
২. মাথা ব্যাথা এবং
৩. গলা ব্যাথা বা সোর থ্রোট

এর সঙ্গে হাল্কা জ্বরও থাকতে পারে। যুক্তরাজ্যে এখন কারো ভেতর এই তিনটি লক্ষণ দেখা দিলেই তাদেরকে কোভিড টেস্ট করাতে বলা হচ্ছে। সম্প্রতি কিংস কলেজ অব লন্ডন পরিচালিত জো সিম্পটম স্টাডি নামের অ্যাপস ভিত্তিক একটি গবেষণায় বেশিরভাগ কোভিড রোগীদের ভেতরে এই নতুন লক্ষণগুলে পরিলক্ষিত হয়েছে।

এর আগে কোভিডের প্রধাণ লক্ষণগুলো ছিল-

১. উচ্চ তাপমাত্রার জ্বর
২. ক্রমাগত শুস্ক কাশি
৩. স্বাদ এবং ঘ্রাণশক্তির পরিবর্তন।

বাংলাদেশে এখন যেহেতু ৮০ শতাংশের ওপরে ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে কোভিড হচ্ছে, তাই যাদের ভেতর ওপরের তিনটি নতুন লক্ষণ দেখা দিবে, তাদের কোভিড টেস্ট করানো উচিত। এতে করে দ্রুত রোগ শনাক্ত করা যাবে। এর ফলে ত্বরিত আইসোলেশন এবং চিকিৎসার মাধ্যমে দেশে করোনার বিস্তার এবং এর থেকে মৃত্যু, দুটোই কমানো যাবে।

কনটেন্ট ক্রেডিট: মেডিভয়েস

সর্বশেষ আপডেটঃ ০৪. জুলাই ২০২১ ০৩:৫৮:এএম ৫ বছর আগে
১৩৩ বছর পর টাঙ্গাইলের মধুপুর গড়ে দেখা মিলল ‘প্রজাপতি বাদুড়’ - Ekotar Kantho

১৩৩ বছর পর টাঙ্গাইলের মধুপুর গড়ে দেখা মিলল ‘প্রজাপতি বাদুড়’

একতার কণ্ঠঃ একশ ত্রিশ বছরের বেশি সময় পর দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘প্রজাপতি বাদুডের’।দক্ষিণ ও দক্ষিন পূর্ব এশিয়ার এই বাদুড়টি দেখা গেছে টাঙ্গাইলের মধুপুর গড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনিরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, ১৩৩ বছর পর দেখা মিলেছে ‘পেইন্টেড ব্যাট’ বা ‘প্রজাপতি বাদুড়’ নামে প্রানিটির। গত ৭ জুন টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের একটি কলাগাছের পাতায় এটিকে দেখা যায়।

অধ্যাপক মনিরুল বলেন, ‘তার গবেষণা সহকারী লজেশ মৃরের সূত্রে খোঁজ পান এই বিরল প্রজাতির বাদুড়ের।এরপর মধুপুরে এ বাদুড়ের সন্ধান পাই এবং ছবি তুলতে সক্ষম হই।’

তিনি আরো জানান,২০১৫ সালে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এবং বাংলাদেশ সরকারের বন বিভাগ প্রস্তুতকৃত বিপন্ন প্রানিদের ‘রেড লিস্ট’ প্রকাশিত হয়। সেখানে এ বাদুড় সম্পর্কে কোনো তথ্য নেই।

এদিকে ১৮৮৮ সালে যুক্তরাজ্যের প্রানিবিজ্ঞানী ডব্লিউ টি বেনফোর্ড এর লেখা ‘ফনা ইন ব্রিটিশ ইন্ডিয়া’ নামে প্রানিবিষয়ক একটি গ্রন্থ প্রকাশিত হয়। যেখানে ব-দ্বীপের ঢাকা অঞ্চলে ‘প্রজাপতি বাদুড’ দেখা যায় বলে উল্লেখ করা হয়। কিন্তু এরপর শেষ কবে এ অঞ্চলে এই প্রজাতি বাদুড় দেখা গিয়েছিল সে সর্ম্পকে নিশ্চিত কোন তথ্য নেই। সে হিসাবে ধরে নেওয়া যায়, ১৩৩ বছরের বেশি সময় পর দেখা মিলল প্রজাপতি বাদুড়ের।

অধ্যাপক হাসান খান বলেন, ‘বড় সুসংবাদ যে, এই বাদুড় আমাদের দেশে এখনো টিকে আছে। যেহেতু মধুপুর গড় এলাকায় এর সন্ধান পেয়েছি, সেহেতু দেশের অন্য বনেও থাকতে পারে। ফলে এটি দেখলে যাতে কেউ একে ধরা বা মারার চেষ্টা না করে। কারণ বাদুড় এমনিতেই একটি উপকারী প্রানি। এই প্রজাতির বাদুড় ক্ষতিকর অনেক পোকা খেয়ে মানুষের উপকার করে।’

সর্বশেষ আপডেটঃ ০২. জুলাই ২০২১ ১০:৩৮:পিএম ৫ বছর আগে
পরীক্ষা চালুর দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন - Ekotar Kantho

পরীক্ষা চালুর দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

একতার কণ্ঠঃ  অবিলম্বে সব পরীক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানবন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, ব্যবসায় প্রশাসন বিভাগের মনির আহমেদ ও রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজসহ  বিভিন্ন বিভাগের  বেশ কয়েকজন  শিক্ষার্থী।

বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোনো কার্যক্রম নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোনো চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সব পরীক্ষা কার্যক্রম চালু করার জোড় দাবি জানাই।

সর্বশেষ আপডেটঃ ২৯. জুন ২০২১ ১০:০৬:পিএম ৫ বছর আগে
বিদেশ থেকে কেনা, উপহারের মোবাইল যেভাবে নিবন্ধন করবেন - Ekotar Kantho

বিদেশ থেকে কেনা, উপহারের মোবাইল যেভাবে নিবন্ধন করবেন

একতার কণ্ঠঃ অবৈধ পথে হ্যান্ডসেট আমদানি বন্ধে আগামী পহেলা জুলাই ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সার্ভার চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি। এই প্রক্রিয়ায় আগামী ৩০ জুনের মধ্যে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা হবে।

১ জুলাই থেকে নতুন ক্রয় করা কিংবা দেশে প্রবেশ করা হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ওইদিন থেকে যেসব হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে তার মধ্যে কোনোটি অবৈধ হয়ে থাকলে গ্রাহককে জানিয়ে তিন মাস সময় বেঁধে দেওয়া হবে।

ওই তিন মাসের মধ্যে গ্রাহক তার মোবাইল ফোনটি বৈধ করে নিলে স্বয়ংক্রিয়ভাবে সেটি নিবন্ধিত হয়ে যাবে। তিন মাস পর অবৈধ হ্যান্ডসেটে কোনো সিমই কাজ করবে না। এ নিয়ে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদেশ থেকে বৈধভাবে কিনে আনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট দেশে চালু করার পর স্বয়ংক্রিয়ভাবেই নেটওয়ার্কে সচল হবে। এ ধরনের গ্রাহককে দশ দিনের মধ্যে অনলাইনে তথ্য বা দলিল দিয়ে নিবন্ধন করার জন্য এসএমএস পাঠানো হবে। দশ দিনের মধ্যে নিবন্ধন হয়ে গেলে ওই হ্যান্ডসেট ‘বৈধ’ বিবেচিত হবে। আর তা না হলে হ্যান্ডসেটটি অবৈধ বিবেচনা করে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। তাদের ক্ষেত্রেও পরীক্ষাকালীন ওই তিন মাস হ্যান্ডসেট নেটওয়ার্কে চালু রেখে পরে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট নিবন্ধনের জন্য neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে গ্রাহককে অ্যাকাউন্ট খুলতে হবে। তার পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের ছবি/স্ক্যান কপি (যেমন পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশনের তথ্য, ক্রয় রসিদ ইত্যাদি) আপলোড করে Submit করতে হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএস-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে যুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় পার হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বিটিআরসি। মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এ সেবা নেওয়া যাবে।

বর্তমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে বিনা শুল্কে সর্বোচ্চ দুটি এবং শুল্ক দিয়ে আরও ছয়টি হ্যান্ডসেট সঙ্গে আনতে পারেন।

হাতে থাকা মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই

যে কেউ চাইলে তার হাতে থাকা মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জেনে নিতে পারেন। এ ক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেটে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। স্ক্রিনে অপশন এলে Status Check সিলেক্ট করতে হবে। তখন একটি অটোমেটিক বক্স আসবে, সেখানে মোবাইল হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে পাঠাতে হবে। গ্রাহকের মোবাইলে তখন হ্যাঁ/না অপশন সংবলিত একটি অটোমেটিক বক্স আসবে। তাতে হ্যাঁ Select করে নিশ্চিত করতে হবে। ফিরতি মেসেজে ব্যবহৃত মোবাইল ফোনের বা হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে। এছাড়া neir.btrc.gov.bd ওয়েব লিংকে গিয়ে বিদ্যমান সিটিজেন পোর্টাল এবং মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারেও এ সেবা মিলবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২১ ০৯:২২:পিএম ৫ বছর আগে
এখন থেকে হেলমেট বুঝবে মনের কথা ! - Ekotar Kantho

এখন থেকে হেলমেট বুঝবে মনের কথা !

একতার কণ্ঠঃ রাস্তায় চলার সময় বিশেষ করে বাইক রাইডে নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার চোখে পড়ে। কিন্তু কেমন হবে যদি মানুষের মন বুঝতে পারে এমন একটি হেলমেট? হ্যাঁ, এমনই এক হেলমেট তৈরি করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান কর্নেল। শিগ্গির এটি বাজারে আনা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

উদ্ভাবিত হেলমেটের ওজন দুই পাউন্ডের মতো। এটি ৫০ হাজার ডলারেই কেনা যাবে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন ও ইলেক্ট্রনিক্স ইমপালসের ভিত্তিতে এটি কাজ করবে। কর্নেলের প্রধান নির্বাহী ব্রায়ান জনসন বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যেই আমরা হেলমেটটি বাজারে আনব। এটি সহজেই মানুষের মনের ভাষা শনাক্ত করতে পারবে। তাছাড়া এটি মস্তিষ্কের বয়স বেড়ে যাওয়া, মানসিক রোগ বা এর পেছনের কারণ এবং বিভিন্ন মেটাফিজিক্যাল ডিসঅর্ডার শনাক্ত করার কাজ করতে সক্ষম।’

ব্রায়ান জনসন আরও বলেন, হেলমেটটি তৈরি করতে পাঁচ বছরেরও বেশি সময় লেগেছে। ‘এর মাধ্যমে আপনি উচ্চ রক্তচাপ ও কোলেস্টরল স্বাভাবিক আছে কী না সেটি পরীক্ষা করতে পারবেন।’ জনসন বলেন, ‘মানুষের মস্তিষ্ক নিয়ে বিভিন্ন পরীক্ষা করেই এটি তৈরি করা হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে হেলমেটটি স্মার্টফোন রেঞ্জের ভেতর আনতে চাই।’

মনোবিজ্ঞানী ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিয়ে জনসন ক্যালিফোর্নিয়ায় স্টার্ট-আপ প্রতিষ্ঠান কর্নেল প্রতিষ্ঠা করেন। কারণ তখন তার মাথায় ঘুরছে এমন একটি হেলমেট বানানোর উচ্চাকাক্সক্ষা যা মানুষের মনের কথা বুঝতে পারবে। এর মাধ্যমে মস্তিষ্কের বয়স বৃদ্ধি, বিভিন্ন মানসিক রোগ কিংবা এর পেছনের কারণসহ আরও নানা কাজ করা সম্ভব।

সর্বশেষ আপডেটঃ ২২. জুন ২০২১ ০৮:৫৬:পিএম ৫ বছর আগে
উড়ন্ত ট্যাক্সি আনতে চলেছে ভার্জিন আটলান্টিক - Ekotar Kantho

উড়ন্ত ট্যাক্সি আনতে চলেছে ভার্জিন আটলান্টিক

একতার কণ্ঠঃ উড়ুক্কুযান নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকেই কাজ করছেন। এবার সেই তালিকায় নাম লেখানোর চিন্তা করছে ভার্জিন আটলান্টিক। জানা গেছে, এয়ারলাইন প্রতিষ্ঠান ভার্জিন আটলান্টিক উড়ন্ত ট্যাক্সি সেবা চালুর চিন্তা করছে।

প্রথমেই শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এয়ারপোর্টে যাত্রী পরিবহণে ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং ভেইকলস’ বা ইভিটিওএল ধরনের যান ব্যবহার করতে যাচ্ছে তারা। ব্রিস্টলভিত্তিক ভার্টিক্যাল অ্যারোস্পেসের সঙ্গে ট্যাক্সি সেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে স্যার রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠানটি। আর এ বছরই নিজেদের যানের পরীক্ষামূলক ফ্লাইট চালু করার কথা ভাবছে ভার্টিক্যাল অ্যারোস্পেস।

ভার্জিন আটলান্টিকের পরিকল্পনা অনুযায়ী, ইভিটিওএল যান ব্যবহার করে কোনো শহর, যেমন কেমব্রিজ থেকে লোকজনকে তুলে কাছাকাছি লন্ডনের হিথরোর মতো কোনো বড় এয়ারপোর্টে নিয়ে যাবে। ভার্টিক্যাল অ্যারোস্পেস বলছে, তাদের VA-X4 ক্র্যাফট চারজন যাত্রী এবং একজন পাইলটকে ১৬০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিয়ে যাতে পারবে। পাশাপাশি এগুলো হবে দূষণমুক্ত।

যান চলার সময় প্রচলিত হেলিকপ্টারের চেয়ে এর শব্দ শুধু কমই হয় না বলতে গেলে প্রায় শব্দহীন। এরই মধ্যে আমেরিকান এয়ারলাইন্স এবং এভালন নামে একটি বিমান ভাড়া দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভার্টিক্যাল অ্যারোস্পেস।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুন ২০২১ ০৮:৪৯:পিএম ৫ বছর আগে
গুগল ও অ্যামাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান - Ekotar Kantho

গুগল ও অ্যামাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান

একতার কণ্ঠঃ বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল ও অ্যামাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, শুধু গুগল, আমাজন নয়; শিগগিরই ফেসবুক ও নেটফ্লেক্সও ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে।

গত ২৩ মে গুগল এবং ২৭ মে অ্যামাজন এ ভ্যাট নিবন্ধন পেয়েছে। এখন থেকে এ দুটি প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে ভ্যাটের টাকা পরিশোধ করবে।

অবশ্য এতদিনও প্রতিষ্ঠান দুটি ভ্যাটের টাকা পরিশোধ করত। বাংলাদেশ থেকে যে ব্যাংকের মাধ্যমে তাদের টাকা পরিশোধ হত, সেই ব্যাংকই ভ্যাট কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিত।

জানা গেছে, গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। ব্যবসার ধরন হিসেবে বলা হয়েছে সেবা। আর সিঙ্গাপুরের আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে অ্যামাজন নিবন্ধিত হয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে। এই প্রতিষ্ঠান সেবাধর্মী ব্যবসা করবে বলে জানিয়েছে। অ্যামাজন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা ব্যবহার করেছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২১ ০৯:৩১:পিএম ৫ বছর আগে
মোবাইল অ্যাপে দেখা যাবে লাইভ বিটিভি - Ekotar Kantho

মোবাইল অ্যাপে দেখা যাবে লাইভ বিটিভি

এখন অ্যাপের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান দেখা যাবে। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সরকারি সম্প্রচার মাধ্যম বিটিভির অ্যাপের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ টেলিভিশন (Bangladesh television) নামের অ্যাপটি গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস ফোনে ডাউনলোড করা যাবে।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এখন বিটিভি দেখা যাবে। মানুষের এখন ব্যস্ততা বেড়ে গেছে। এখন সময় করে আর প্রতিদিন টিভির সামনে সবাই বসতে পারেন না। তিনি বলেন, সবার হাতেই এখন মোবাইল ফোন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিটিভি অ্যাপ চালু করেছে, এটি প্রশংসার দাবি রাখে।

ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে বর্তমানে বিটিভির সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, আরও ছয়টি বিভাগীয় শহরে আগামী দুই বছরের মধ্যে বিটিভির আরো কয়েকটি কেন্দ্র স্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, বিটিভিকে আরো বেশি মানুষের কাছে নিতে এই অ্যাপ তৈরি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. মে ২০২১ ০৮:০৫:পিএম ৫ বছর আগে
বিটিসিএলের ‘আলাপ’ অ্যাপ -এর উদ্বোধন - Ekotar Kantho

বিটিসিএলের ‘আলাপ’ অ্যাপ -এর উদ্বোধন

একতার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কলিং সেবা অ্যাপ ‘আলাপ’ -এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গত রোববার ঢাকায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন এবং আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

‘আলাপ’ অ্যাপটি ইনস্টল করলে একজন গ্রাহক নিজের বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন। আলাপ থেকে আলাপে কথা বলা এবং চ্যাট করা যাবে বিনামূল্যে। তবে তার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

আলাপ থেকে যে কোনো মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হয় ৩০ পয়সা। এতে রয়েছে প্রতি সেকেন্ড পালস সুবিধা (১৫ শতাংশ ভ্যাট যুক্ত)। আবার যে কোনো মোবাইল বা ল্যান্ডফোন নম্বর থেকেও আলাপে কল করা যায়।

গত ২৬ মার্চ থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপস্টোরে ‘আলাপ’ অ্যাপটি উন্মুক্ত করা হয়। ৭ এপ্রিল পর্যন্ত অ্যাপটি চার লাখের বেশি সাইনআপ করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর অনলাইন নিউজ পোর্টাল

সর্বশেষ আপডেটঃ ০৯. এপ্রিল ২০২১ ০৪:২১:এএম ৫ বছর আগে
সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠান - Ekotar Kantho

সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠান

একতার কণ্ঠ ডেস্কঃ আবারো সাইবার হামলার শিকার বাংলাদেশ। এবার কেন্দ্রীয় ব্যাংকসহ দুইশ’র বেশি প্রতিষ্ঠানে হানা দিয়েছে প্রযুক্তি সন্ত্রাসীরা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে সরকারি প্রতিষ্ঠান বিডি সার্ট। প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে স্পর্শকাতর এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করেছে হাফনাম হ্যাকারস গ্রুপ। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, মাইক্রোসফটের এই সেবাটি নিরাপত্তার দিক থেকে খুবই দুর্বল হওয়ায় সুযোগ নিয়েছে হ্যাকাররা।

মাত্র এক মাস আগেই, বাংলাদেশ ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলো সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-সিআইআরটি। সংস্থাটির নজরে এসেছিলো, ক্যাসাব্লাংকা নামের একটি হ্যাকার গ্রুপের অপতৎপরতা।

মাস না পেরেতেই এবার সত্যিই হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ। তবে ক্যাসাব্লাংকা নয় দুইশ’ প্রতিষ্ঠানের প্রযুক্তিকেন্দ্রিক নিরাপত্তার জাল ছিন্ন করেছে হংকং-ভিত্তিক হাফনাম হ্যাকারস গ্রুপ। এতে অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে চিঠিও দিয়েছে প্রযুক্তি-কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ প্রকল্প বিডি সার্ট। যদিও এটিকে পুরোপুরি সাইবার হামলা বলছেন না প্রযুক্তিবিদরা।

প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম বলেন, বিষয়ে তথ্যপ্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম বলেন, প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠান মাইক্রোসফট এক্সেল সার্ভারে সাইবার হামলার শিকার হয়েছে। মাইক্রোসফটল এক্সেল সার্ভার হচ্ছে একটি উইন্ডোস বেজড ইমেইল সিস্টেম। ইমেইলের তথ্য আদান প্রদানের জন্যে এটি ব্যবহার হয়। এটাকে আসলে পরিপূর্ণ সাইবার হামলা বলা যায় না।

প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা -বিটিআরসি, বাংলাদেশ আর্মি, এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংকসহ তথ্য ঝুঁকিতে পড়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। যাদের সবাই মাইক্রোসফটের ইমেইল সেবা এক্সেল ব্যবহার করেন, যা কিনা নিরাপত্তার দিক দিয়ে খুবই দুর্বল।

প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম বলেন, এটি আসলে ইমেইল সিস্টেমের ওপর হামলা হয়েছে। বাংলাদেশে আরো অনেক ধরনের ইমেইল সিস্টেম ব্যবহার হয়। নিরাপত্তার দিক থেকে এই মাইক্রোসফট ইএমেইল সিস্টেম একটু দুর্বল প্রকৃতির। যদিও এটা একটা বড় ধরনের হামলা তাই এটাকে অবহেলার কিছু নেই। তবে আমি মনে করি এটা দ্রুত রিকোভার করা সম্ভব।

গত বছরের আগস্টে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে এমন সতর্কতায় অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করার সঙ্গে সঙ্গে প্রায় সব ব্যাংকই রাতে বন্ধ রেখেছিলো এটিএম সেবা

সর্বশেষ আপডেটঃ ০৩. এপ্রিল ২০২১ ০৭:২০:পিএম ৫ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপিত

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের  সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(২৬ মার্চ) সকাল ৮ টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বেলুন উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজার এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য প্রত্যয়’ ৭১ এর পাদদেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া প্রত্যয়’ ৭১ এ অন্যান্য সংগঠনের মধ্যে পুস্পস্তবক অর্পণ করেন অফিসার্স এসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাঁধন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন সংগঠন। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ১০ টায় কেক কাটা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯.০১ মিনিটে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ১ মিনিট বিদ্যুৎসহ সব ধরনের বাতি বন্ধ রেখে ‘ব্লাক-আউট’ করা হয়। পরে প্রত্যয়’ ৭১ এর পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এছাড়া বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২১ ০১:১৩:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।