/ হোম / আমাদের
মাওলানা ভাসানীর আদর্শেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম - Ekotar Kantho

মাওলানা ভাসানীর আদর্শেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

আরমান কবীরঃ মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মাওলানা ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।’

সোমবার (২৮ জুলাই) রাতে জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে এসে সন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একইসঙ্গে পিণ্ডি ও দিল্লীর আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’

মাওলানা ভাসানী ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের কারিগর ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাওলানা ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।’

এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদযাত্রাকে সফল করতে এরমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতারা। মাজার জিয়ারত শেষে তারা রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

সর্বশেষ আপডেটঃ ৩০. জুলাই ২০২৫ ০১:৩৯:এএম ১ বছর আগে
মাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা - Ekotar Kantho

মাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

আরমান কবীরঃ ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রা ও মির্জাপুরের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরে বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার হতেয়া কেরানিপাড়া এলাকায় হুমায়রার কবরে বিমানবাহিনীর প্রধানের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান বীর উত্তম সুলতান মাহমুদ বিমানঘাটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এ সময় হুমায়রার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সদস্যরা সখীপুরের বীর উত্তম সুলতান মাহমুদ বিমানবাহিনীর ঘাঁটিটি হুমায়রার নামে করার দাবি জানান।

এরপর মির্জাপুরের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরে বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বিমানবাহিনী সব সময় দেশ ও জনগণের পাশে রয়েছে। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, আহতদের সব ধরনের সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

হুমায়রার পরিবারের পক্ষে দেলোয়ার হোসেন বলেন, ‘হুমায়রা অনেক মেধাবী ছিল। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে দুঃস্বপ্নে পরিণত হলো। সখীপুরের বিমান ঘাটিটি হুমায়রার নামে করার দাবি করছি।’

সর্বশেষ আপডেটঃ ২৯. জুলাই ২০২৫ ০২:১০:এএম ১ বছর আগে
যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি - Ekotar Kantho

যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি

আরমান কবীরঃ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি বলেছেন,যিনি প্রধানমন্ত্রী হোন তার কাছে সব ক্ষমতা, আর সেই ক্ষমতা খাঁটিয়ে জনগণের প্রতি স্টিম রুলার চালিয়েছে।জনগণের সব অধিকার কেঁড়ে নিয়েছিলো।এছাড়া ভোটের অধিকারও কেঁড়ে নিয়েছিলো শেখ হাসিনা,এ জন্য ২০০৮ সালে তত্ববায়ধক সরকার গঠন করেছিলো কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে ২০১১ সালে বাতিল করে দেন।

রবিবার (২৭ জুলাই) বিকালে টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে জুলাই শহীদদের স্বরণে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,যদি আমরা একদম ফ্যাসিবাদ দূর করতে না পারি তাহলে এদেশ ঠিক হবেনা,গত ১৮ বছর যাবত দেশের মানুষ লড়াই করছে,বিগত সময়ে বিরোধীদলীয় নেতাদের উপর অত্যাচার নিপিড়ন,গুম হত্যা সহ বিভিন্ন ভাবে হয়রানি করেছে যার বর্ণনা দেওয়া যাবেনা। ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো,জনগণ তখনো বুঝে উঠেনি কিন্তু এবার ২৪শে মানুষের স্ফুলিঙ্গ ফুটে উঠেছিলো। যার ফলে আন্দোলন সফল হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা গণসংহতি আন্দোলনের সভাপতি মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বিথি,গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল পৌর কমিটির সদস্য সচিব ফারজানা জেসমিন,জুলাই আন্দোলনে নিহত শহীদ মারুফের মা মোর্শেদা বেগম প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৫ ০৩:৪৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে মাইলস্টোনের নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা - Ekotar Kantho

টাঙ্গাইলে মাইলস্টোনের নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা

আরমান কবীরঃ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (২৭ জুলাই) সকালে জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রামের হুমায়রের বাড়িতে গিয়ে তারা সমবেদনা জানান। পরে নিহতদের কবর জিয়ারত করা হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু তানভীর এবং হুমাইয়ার বাবা-মাকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন।

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৫ ০২:৪৩:এএম ১ বছর আগে
মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকা - Ekotar Kantho

মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকা

আরমান কবীরঃ আবহাওয়া অনুকূল আর যথাযথ পরিচর্যার কারণে টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। আনারসের রাজ্যে ৩ জাতের আনারস আবাদ হলেও চলতি মৌসুমে ক্যালেন্ডার জাতের আনারসে বাজার সয়লাব হয়ে গেছে।
মধুপুরের বাজারগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার আনারস বিক্রি হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য মতে, জলছত্র কৃষি মার্কেট, গারোবাজার, মোটেরবাজারসহ অন্যান্য বাজার থেকে প্রতিদিন অন্তত তিন কোটি টাকার আনারস দেশের বিভিন্ন প্রন্তে নিয়ে যাচ্ছে কৃষক-ব্যবসায়িরা।

মধুপুরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মধুপুরে ৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এর মধ্যে ক্যালেন্ডার জাতের ৪ হাজার ২২০ হেক্টর, জলডুগি বা হানিকুইন ২ হাজার ৩৯২ হেক্টর এবং এমডি-টু ২৬ হেক্টরে আনারস আবাদ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সংযোগস্থলে আনারসের জন্ম হলেও ১৫৪৮ সালে ভারত উপমহাদেশে আনারসের আগমন ঘটে। ১৯৪২ সালে বাংলাদেশের মধুপুরের ইদিলপুর গ্রামের মিজি দয়াময়ী সাংমা মেঘালয় থেকে ৭৫০টি চারা এনে প্রথমে আনারস আবাদ শুরু করেন। বর্তমানে ৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে প্রায় ১৭ কোটি আনারস চারা পাহাড়ী অঞ্চলে শোভা পাচ্ছে। শুধুমাত্র ক্যালেন্ডার জাতের প্রায় ১১ কোটি আনারস বাজারজাতের উপযোগি হয়েছে। যার বাজার মূল্য ৫শ কোটি টাকার উপরে।

সূত্র জানায়, মধুপুরের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৮টি ইউনিয়নে আনারস আবাদ হয়। পাহাড়ী ওই ইউনিয়নের বাসিন্দারা ছাড়াও বিভিন্ন এলাকার ধনাঢ্য ব্যবসায়িরা আনারস আবাদ করে থাকেন। এদিকে প্রান্তিক চাষিরা ব্যয়বহুল আনারস আবাদ করতে না পেরে তাদের জমি লিজ দিয়ে থাকেন। ধনাঢ্যরা বিঘাপ্রতি ২০ হাজার টাকার বিনিময়ে দুই বছরের জন্য লিজ নিয়ে চাষাবাদ করেন।

কৃষক ছানোয়ার হোসেন জানান, লিজ মানি, জমি প্রস্তুত করণ, সার-কীটনাশক, পিজিআর প্রয়োগ, রোপন ও সংগ্রহ করে বাজারজাত পর্যন্ত প্রতিটি আনারসে ব্যয় হয় ১৫-১৮ টাকা। যাদের নিজস্ব জমি এবং নিজে শ্রম দেন তাদে ব্যয় হয় ১০-১১ টাকা। বর্তমানে এই আনারস ছোটগুলো ১৩-১৭ টাকা, মাঝারি আনারস ২৫-৩৫ টাকা আর বড় আনারস ৩৫-৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্রমাস পর্যন্ত এই আনারস সংগ্রহ ও বিপনণ চলবে।

উপজেলার পঁচিশ মাইল এলাকার ফারুক আহমেদ জানান, কৃষকরা প্রতিদিন ভোরেই ব্যাটারি চালিত অটোরিক্সা, ভ্যান ও সাইকেলসহ বিভিন্ন বাহনে জলছত্র, মোটেরবাজার, গারোবাজার, আশ্রাসহ বিভিন্ন বাজারে আনারস নিয়ে আসেন। এছাড়া বড় কৃষক বা আনারস ব্যবসায়িরা খেত থেকেই ট্রাকযোগে বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন।

এলাকা ঘুরে দেখা যায়, গ্রামীণ সড়ক বেয়ে কৃষকরা সাইকেল, অটোরিক্সা, সিএনজি ও ভ্যান রিক্সা দিয়ে বাজারে আনারস নিয়ে আসছেন। অনেকেই রাস্তার পাশে সাড়িবদ্ধভাবে আনারস নিয়ে দাড়িয়ে আছেন। অনেকেই আনারস কেনাবেচায় ব্যস্ত। কেউ কেউ আনারস কিনে স্তুপ করছেন। কেউবা উঠাচ্ছেন ট্রাকে। বিশাল কর্মযজ্ঞে কথা বলার সুযোগও তাদের কম।

কৃষকরা জানান, চলতি মৌসুমে আনারস ভালো দামে বিক্রি হচ্ছে। গোপিনাথপুরের লিটন সরকার ২৫ টাকা দরে, বেরীবাইদ গ্রামের রবিউল ৩৫ টাকা দরে, আশ্রা গ্রামের আশরাফ ৪০ টাকা দরে প্রতিটি আনারস বিক্রি করেছেন। এবার লাভের মুখ দেখায় তাদের মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠেছে।
খুলনার ব্যবসায়ি আব্দুল বারেক জানান, তিনি ৪০ টাকা দরে আনারস কিনেছেন। খুলনায় এই আনারসের ব্যাপক চাহিদা। তারমতো প্রায় সত্তুরের অধিক বেপারি মধুপুরের আনারস দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকেন।
হবিগঞ্জের আনারস ব্যবসায়ী আব্দুল মালেক জানান, মধুপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ঢাকা, কুষ্টিয়া, বগুড়া, সিলেট, নাটোর, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, দিনাজপুরসহ সারা দেশেই আনারস সরবরাহ হয়। মধুপুরের আনারসের চাহিদা ও লাভ দুই বেশি।

জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুন্সি জানান, জলছত্র কৃষি বাজারসহ গারোবাজার, আউশনারা, মহিষমারা, আশ্রা, মোটেরবাজার, শোলাকুড়ী, দোখলাসহ উপজেলার বিভিন্ন স্পটে আনারস ক্রয় বিক্রয় হচ্ছে। বড় কৃষক বা বেপারিরা খেতের পাশেই ট্রাক ভর্তি করে আনারস দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকেন।

কৃষক ছানোয়ার হোসেন জানান, মধুপুরের অর্থকরী ফসল আনারসের ঐতিহ্য ধরে রেখে উৎপাদন বাড়ানো গেলে অনেক সম্ভাবনার দাড় উম্মোচন হবে। আনারস বিদেশে রপ্তানি করে বৈদেশিক মূদ্র অর্জনের পাশাপাশির জেম, জেলি, জুস উৎপাদন করে দেশের অর্থনীতি চাঙ্গা করার সুযোগ রয়েছে।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, চলতি মৌসুমে আনারসের বাম্পার ফলন হয়েছে। এবার আনারসের আকার বড় হওয়ায় কৃষকরা দাম ভালো পাচ্ছে। প্রতিদিন বাজারগুলোতে প্রায় ৩ কোটি টাকার আনারস বিক্রি হচ্ছে। এই মৌসুমে মধুপুরে প্রায় ৭শ কোটি টাকার আনারস বিক্রির সম্ভাবনা রয়েছে। আনারস বিদেশে রপ্তানি করা এবং আনারস দিয়ে জেম, জেলিসহ নানা উপকরণ তৈরি করে বিপণনের মাধ্যমে বৈদেশিক মূদ্র অর্জন সম্ভব। এ নিয়ে কৃষি বিভাগ ইতোমধেই কাজ শুরু করছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুলাই ২০২৫ ০২:৫৯:এএম ১ বছর আগে
টাঙ্গাইল রেলস্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ - Ekotar Kantho

টাঙ্গাইল রেলস্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনের পাশে এক যুবতীকে (২২) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই ) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) ও মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)। গ্রেপ্তারকৃতরা সবাই পেশায় সিএনজি চালক।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) রাতে ওই যুবতি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়ে। এসময় তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে অন্যযাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে তারা টাঙ্গাইলের কথা বলেন। পরে ওই যুবতী রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন। এসময় ওই নারী স্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করেন। জিআরপি পুলিশের এক সদস্য সিএনজি চালক দুলালকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলে।

এ সময় ওই তরুণীকে ফুসলিয়ে প্রথমে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে দুলাল ধর্ষণ করে। পরে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়া গ্রামে অভিযুক্ত রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু মিয়া ও সজিব খান ধর্ষণ করে।

এ ঘটনার পর ওই যুবতি শনিবার ভোরের দিকে রেলস্টেশনে গিয়ে রেল পুলিশকে ধর্ষণের বিষয়টি জানালে তারা থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে সকালে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ওই নারী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আসামীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুলাই ২০২৫ ০১:৪০:এএম ১ বছর আগে
মাইলস্টোনের ছাত্রী টাঙ্গাইলের হুমায়রার মৃত্যু - Ekotar Kantho

মাইলস্টোনের ছাত্রী টাঙ্গাইলের হুমায়রার মৃত্যু

সাহান হাসানঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মেহেনাজ আক্তার হুমায়রা মৃত্যুবরণ করেছে।

হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকার দেলোয়ার হোসেন রানার একমাত্র মেয়ে। হুমায়রার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় দেলোয়ার হোসেন প্রাণে বেঁচে গেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নিহত হুমায়রার চাচাতো ভাই কাউসার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হুমায়রার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হতেয়া গ্রামের আব্দুল বাছেদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। শিক্ষাজীবন শেষ করে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।

প্রায় ১০ বছর আগে বিয়ে করে স্ত্রীকে নিয়ে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে থাকতেন। কলেজে শিক্ষকতার সুবাদে তাঁদের একমাত্র মেয়ে মেহেনাজ আক্তার হুমায়রা মাইলস্টোন স্কুলেই পড়ত। এবার সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সুজন বলেন, ছুটি পেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে দেলোয়ার হোসেন গ্রামের বাড়িতে আসতেন। হুমায়রার মৃত্যুর খবর শুনে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করছেন।

নিহত হুমায়রার চাচাতো ভাই কাউসার আহমেদ বলেন, অনেকেই ঢাকা গেছেন। লাশ বুঝে পেলে পারিবারিক কবরস্থানে (গ্রামের বাড়ি) হুমায়রাকে দাফন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২২. জুলাই ২০২৫ ১১:৩০:পিএম ১ বছর আগে
টাঙ্গাইলে এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

সাহান হাসানঃ টাঙ্গাইলে এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের ক্লাব রোডে অবস্থিত মহিলা সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাক্তার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক মো. আশরাফ সিদ্দিকী।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মো: মোস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইলের যুব-উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক রনজিৎ কুমার সূত্রধর, ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক সানজিদা আক্তার, মেহেদী আব্দুল্লাহ ও রাসেল মিয়া।

পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২০. জুলাই ২০২৫ ০২:৫৭:এএম ১ বছর আগে
জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho

জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীরঃ জামায়াতে ইসলামীর অনেক দায় বিএনপি নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কথা বলে কিন্তু লাভ হবে না। বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন, আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল- তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে?

শনিবার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জেলা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এ মানববন্ধনে টুকু বলেন, গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এ ভূখণ্ডে যারা অবস্থান করি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের। যারাই আন্দোলনে অংশ নিয়েছে ও সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে।

এ সময় তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারেক রহমানের নেতৃত্বে এ দেশের ছাত্র-জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও এ রকমই হবে। বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ে সবসময় সক্ষম হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২০. জুলাই ২০২৫ ০২:১১:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

আরমান কবীরঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেলের (৩৮) পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টা ৪০ মিনিটে আটককৃত রুবেলকে পুলিশ হেফাজতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞার দাবি অতিরিক্ত মদ্যপানের কারণে রুবেলের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, নিহত রুবেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে, জাতীয় জুরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে সখীপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে স্থানীয় সোনালী ব্যাংকের সামনে থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে প্রথমে থানায় নিয়ে যায়। সেখানে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে পুলিশ রুবেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

সখীপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মোশারফ হোসেন জানান, সখীপুর থানার এসআই লিবাস নাইট ডিউটি করার সময় বেপরোয়া আচরণের কারণে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার প্রেসার বাড়ার কারণে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা বেগতিক হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের মা বলেন, আমার সুস্থ ছেলে বাসা থেকে বের হয়ে গেলো। হঠাৎ শুনি পুলিশ তাঁকে ধরে নিয়ে গেছে। পুলিশ তাঁকে টাঙ্গাইল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শুনি আমার ছেলে মারা গেছে! মা হিসেবে এই রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই।

এদিকে রুবেলের চাচা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক তালুকদার জানান, আমরা প্রথমে রুবেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়েছিলাম। এখন পুলিশ যদিও রুবেলকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে থাকে, তবে বিষয়টি আমাদের জানানো উচিত ছিল। না জানিয়ে কেনো তারা থানায় নিয়ে গেল? পুলিশের কথা যদি মিথ্যা হয়ে থাকে তবে আমরা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে হার্ট অ্যাটাকে রুবেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে পুলিশের কোনো গাফিলতি দেখছি না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মে লাশ চেয়েছিল। কিন্তু আমরা লাশটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি আরও স্পষ্ট হবে।

এদিকে বিএনপি নেতা রুবেলের মৃত্যুর খবর শুনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার বিকেলে রুবেলের বাসায় গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুলাই ২০২৫ ০৩:২৬:এএম ১ বছর আগে
টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি শামীম, সম্পাদক রফিক - Ekotar Kantho

টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি শামীম, সম্পাদক রফিক

আরমান কবীরঃ টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শামীমুর রহমান খান শামীম সভাপতি এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের ভিক্টোরিয়া ফুড জোন পার্টি সেন্টারে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু।

সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা আরফান আলী খান, মীর মহব্বত হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মহব্বত হোসেন, সাইমন তালুকদার রাজিব, আহসান খান আছু, মাহফুজুর রহমান মামুন, দুলাল চন্দ্র সাহা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সভার দ্বিতীয় পর্বে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী তিন বছরের জন্য শামীমুর রহমান খান শামীম সভাপতি ও মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

সভায় পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তও গৃহীত হয়।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুলাই ২০২৫ ০২:৫৭:এএম ১ বছর আগে
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে এনসিপির বিক্ষোভ মিছিল - Ekotar Kantho

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে এনসিপির বিক্ষোভ মিছিল

আরমান কবীরঃ গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন, সদস্য ইসরাত জাহান রুমি, ধনবাড়ীর মুখ্য সমন্বয়কারী সাইফুল ইসলাম আপন, মধুপুরের মুখ্য সমন্বয়কারী সবুজ মিয়া, ঘাটাইলের মুখ্য সমন্বয়কারী সাইফুল ইসলাম রাজন, মির্জাপুরের মুখ্য সমন্বয়কারী মাসুদ পারভেজ প্রমুখ।

বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের বিচার ও শহিদদের হত্যার বিচারের দাবির পাশাপাশি গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা।

এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুলাই ২০২৫ ০২:২০:এএম ১ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।